Tax VAT Point

আয়কর আইন ২০২৩

ধারা ১৬৩ - অগ্রিম কর, চূড়ান্ত কর এবং টার্নওভার ট্যাক্স

১[(১) এই আইনের অংশ ৭ এর বিধানসমূহের আলোকে করদাতার কর্তিত বা সংগৃহীত বা পরিশোধিত কর, করদাতার নিরূপিত করের তুলনায় যে পরিমাণ অতিরিক্ত কর্তন বা সংগ্রহ বা পরিশোধ করা হইয়াছে, সেই পরিমাণ কর, করদাতার অনুকূলে প্রত্যর্পণযোগ্য (Refundable) হইবে।

(২) করদাতা, উপ-ধারা (১) এর অধীন প্রত্যর্পণযোগ্য আয়কর ফেরত পাওয়ার জন্য আবেদন করিতে পারিবেন অথবা পূর্ববর্তী করদাবির সাথে সমন্বয় অথবা পরবর্তী করবৎসরের করদাবির সহিত সমন্বয়ের উদ্দেশ্যে জের টানিতে (Carry Forward) পারিবেন।

(৩) ধারা ১৩৮ ও ১৩৯ এর অধীন কর্তিত বা সংগৃহীত কর, যে সকল এক বা একাধিক উৎসসমূহের জন্য কর্তন বা সংগ্রহ করা হইয়াছে, সেই সকল উৎসসমূহের আয়ের জন্য চূড়ান্ত করদায় হিসাবে গণ্য হইবে।

(8) ধারা ১৬৬ এর উপ-ধারা (২) অনুযায়ী রিটার্ন দাখিল হইতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে, অংশ ৭ এর অন্তর্ভুক্ত সকল ধারার অধীন কর্তনকৃত বা সংগৃহীত উৎসে অগ্রিম আয়কর, চূড়ান্ত করদায় হিসাবে গণ্য হইবে।

(৫) উপ-ধারা (৩) এর অধীন চূড়ান্ত করদায় প্রযোজ্য এইরূপ কোনো উৎসের প্রদর্শিত আয়ের উপর প্রযোজ্য হারে কর পরিগণনা করিতে হইবে, যদি উক্তরূপ পরিগণনাকৃত কর উপ-ধারা (৩) এর অধীন চূড়ান্ত করদায়  অপেক্ষা অধিক হয়, তাহা হইলে উক্ত অধিকতর কর প্রদেয় হইবে।

(৬) উপ-ধারা (৩) এর বিধানাবলি অক্ষুণ্ণ রাখিয়া, যেকোনো ব্যক্তির ব্যবসা বা পেশা হইতে আয়ের উপর প্রদেয় কর, নিম্নবর্ণিত সারণিতে উল্লিখিত টার্নওভার কর (turnover tax) অপেক্ষা কম হইলে, মুনাফা বা লোকসান নির্বিশেষে, ব্যবসা বা পেশার গ্রস প্রাপ্তির উপর, নিম্নবর্ণিত সারণিতে উল্লিখিত হারে টার্নওভার কর (turnover tax) প্রযোজ্য হইবে, যথা:–

সারণী

ক্রমিক নংকরদাতার শ্রেণিটার্নওভার কর
(১)(২)(৩)
১।সিগারেট, বিড়ি, চিবাইয়া খাওয়ার তামাক, ধোঁয়াবিহীন তামাক, গুল বা অন্য কোনো তামাকজাত দ্রব্য প্রস্তুতকারকগ্রস প্রাপ্তির ৩% (তিন শতাংশ)
২।কার্বোনেটেড বেভারেজ (carbonated beverage), মিষ্টি পানীয় (sweetened beverage) প্রস্তুতকারকগ্রস প্রাপ্তির ২.৫% (দুই দশমিক পাঁচ শতাংশ)
৩।মোবাইল ফোন অপারেটর, এনটিটিএনগ্রস প্রাপ্তির ১.৫% (এক দশমিক পাঁচ শতাংশ)
৪।২[অন্যান্য ক্ষেত্রেগ্রস প্রাপ্তি ২ (দুই) কোটি টাকা পর্যন্তগ্রস প্রাপ্তির ০% (শূন্য শতাংশ)
গ্রস প্রাপ্তি ২ (দুই) কোটি টাকার অধিক তবে ৪(চার) কোটি টাকার অধিক নহেগ্রস প্রাপ্তির ০.৫০% (শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ)
গ্রস প্রাপ্তি ৪(চার) কোটি টাকার অধিকগ্রস প্রাপ্তির ১% (এক শতাংশ)]

     তবে শর্ত থাকে যে, নিম্নবর্ণিত ব্যবসা বা পেশা হইতে আয় রহিয়াছে এইরূপ যেকোনো ব্যক্তির ক্ষেত্রে তাহার ব্যবসা বা পেশার গ্রস প্রাপ্তির (Turnover) উপর টার্নওভার ট্যাক্স প্রযোজ্য হইবে না, যথা:–

(অ) কোনো সরকারি সংস্থা অথবা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বা কর্পোরেশন কর্তৃক সার, বীজ অথবা নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি, বিতরণ বা খোলা বাজারে বিক্রয়;

(আ) কমিশন ব্যবসা;

(ই) ডিও (delivery order) ব্যবসা;

(ঈ) মানি এক্সচেঞ্জ ব্যবসা;

(উ) স্বর্ণ, রৌপ্য, স্বর্ণালংকার, রৌপ্যালংকার, রত্ন-হীরক বা প্লাটিনাম ক্রয়-বিক্রয় ব্যবসা :

        আরও শর্ত থাকে যে, উক্ত সারণির ক্রমিক নং ৪ প্রযোজ্য হয়, এইরূপ উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ইহার বাণিজ্যিক উৎপাদন শুরুর প্রথম ৩ (তিন) বৎসরের জন্য, উক্ত হার হইবে এইরূপ প্রাপ্তির ০.২% (শূন্য দশমিক দুই শতাংশ):

       আরও শর্ত থাকে যে, কোনো করবর্ষে প্রদেয় করের তুলনায় টার্নওভার কর অধিক হইবার ফলে, যে পরিমাণ অধিক কর প্রদান করা হইয়াছে, সেই পরিমাণ অধিক কর পরবর্তী করবৎসরে জের টানা যাইবে এবং প্রদেয় করের সাথে সমন্বয় করা যাইবে;

       আরও শর্ত থাকে যে, যেইক্ষেত্রে করদাতার এইরূপ কোনো আয়ের উৎস থাকে যাহা কর অব্যাহতিপ্রাপ্ত, সেইক্ষেত্রে কর অব্যাহতি বা হ্রাসকৃত করহার প্রাপ্ত উৎস হইতে অর্জিত প্রাপ্তির জন্য, অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত কর হারের আনুপাতিক হারে উপ-ধারা (৬) এর সারণিতে উল্লিখিত টার্নওভার করহার হ্রাস করত হিসাব করিতে হইবে।

(৭) যেক্ষেত্রে কোনো সারচার্জ, অতিরিক্ত অন্য কোনো সুদ, অতিরিক্ত কোনো অর্থ, ইত্যাদি এই আইনের বিধানাবলির অধীন পরিশোধযোগ্য হয়, সেইক্ষেত্রে তাহা টার্নওভার কর ও চূড়ান্ত করের অতিরিক্ত হিসাবে পরিশোধযোগ্য হইবে।

ব্যাখ্যা।—এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, “গ্রস প্রাপ্তি (Turnover)” অর্থ—

(অ) পণ্য বিক্রয় বা সেবা প্রদানের মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক ব্যতীত অর্জিত সকল প্রাপ্তি; বা

(আ) কমিশন ও ডিসকাউন্টসহ সেবা বা সুবিধা প্রদানের জন্য প্রাপ্ত সকল কমিশন, ডিসকাউন্ট, ফি বা চার্জ বা যেকোনো সুবিধা। ]

১  অর্থ আইন, ২০২৬ এর ৯১ ধারাবলে নিম্নরূপ ধারা ১৬৩ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ ধারা ১৬৩ – ন্যূনতম কর

(১) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, করদাতা কর্তৃক, এই ধারার বিধানাবলি সাপেক্ষে, ন্যূনতম কর পরিশোধযোগ্য হইবে।

(২) ধারা৮৮, ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৪, ৯৫, ১০০, ১০১, ১০২, ১০৫, ১০৬, ১০৮, ১১০, ১১১, ১১৪, ১১৫, ১১৬, ১১৭, ১১৮, ১২০, ১২১, ১২২, ১২৩, ১২৪, ১২৫, ১২৬, ১২৭, ১২৮, ১২৯, ১৩২, ১৩৩, ১৩৪, ১৩৫, ১৩৬, ১৩৭, ১৩৮   এবং ১৩৯ এর অধীন কর্তন বা সংগৃহীত কর যেই সকল এক বা একাধিক উৎসসমূহের জন্য কর্তন বা সংগ্রহ করা হইয়াছে, সেই সকল উৎসসমূহের আয়ের উপর ন্যূনতম কর হিসাবে গণ্য হইবে:

    তবে শর্ত থাকে যে, সিমেন্ট, লৌহ বা লৌহজাত পণ্য, ফেরো অ্যালয় পণ্য, কার্বোনেটেড বেভারেজ, গুঁড়ো দুধ, অ্যালুমিনিয়াম পণ্য, সিরামিক পণ্য এবং কীটনাশক উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প উদ্যোক্তা ব্যতীত অন্য কোনো শিল্প উদ্যোক্তা কর্তৃক তাহার নিজস্ব কাঁচামাল হিসাবে ব্যবহারের জন্য আমদানিকৃত পণ্য হইতে ধারা ১২০ এর অধীন সংগৃহীত কর ন্যূনতম কর হিসাবে গণ্য হইবে না।

(৩) উপ-ধারা (২) এর উদ্দেশ্যপূরণকল্পে নিম্নরূপ বিধানাবলি প্রযোজ্য হইবে, যথা:–

(ক) ন্যূনতম কর প্রযোজ্য এইরূপ আয়ের উৎস বা উৎসসমূহের জন্য ধারা ৭২ এর বিধানাবলি অনুসারে নিয়মিতভাবে হিসাব বহি সংরক্ষণ করিতে হইবে;

(খ) উপ-ধারা (২) এর অধীন ন্যূনতম কর প্রযোজ্য এইরূপ কোনো উৎসের আয় নিয়মিত পদ্ধতিতে নির্ধারণ করিতে হইবে এবং উক্ত আয়ের উপর প্রযোজ্য হারে কর পরিগণনা করিতে হইবে; যদি উক্তরূপে পরিগণনাকৃত কর উপ- ধারা (২) এর অধীন ন্যূনতম কর অপেক্ষা অধিক হয়, তাহা হইলে উক্ত আয়ের উপর উক্ত অধিকতর কর প্রদেয় হইবে;

(গ) দফা (খ) অনুসারে পরিগণিত আয় বা ক্ষতি যথাক্রমে কোনো নিয়মিত উৎসের জন্য পরিগণনাকৃত আয় বা ক্ষতির সহিত সমন্বয় করা যাইবে না।

(৪) যেইক্ষেত্রে কোনো করদাতা উপ-ধারা (২) এর অধীন ন্যূনতম কর প্রযোজ্য এইরূপ এক বা একাধিক উৎসের আয় ছাড়াও নিয়মিত উৎস হইতে আয় করিয়া থাকেন, সেইক্ষেত্রে-

(ক) নিয়মিত উৎস হইতে আয়ের উপর নিয়মিত কর পরিগণনা করা হইবে;

(খ) উক্ত করদাতার করদায় হইবে উপ-ধারা (৩) এর দফা (খ) এর অধীন নির্ধারণকৃত কর এবং এই উপ-ধারার দফা (ক) এর অধীন নিয়মিত করের সমষ্টি।

(৫) উপ-ধারা (৬) এর বিধানাবলি সাপেক্ষে, মুনাফা বা ক্ষতি নির্বিশেষে কোনো ব্যক্তি তাহার গ্রস প্রাপ্তির উপর দফা (ক) ও (খ) এর বিধান অনুযায়ী ন্যূনতম কর পরিশোধের জন্য দায়ী থাকিবেন, যথা:

(ক) যেকোনো কোম্পানি, যেকোনো ট্রাস্ট, অন্যূন ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকার গ্রস প্রাপ্তি রহিয়াছে এইরূপ কোনো ফার্ম বা ব্যক্তিসংঘ, অন্যূন ৪ (চার) কোটি টাকার গ্রস প্রাপ্তি রহিয়াছে এইরূপ কোনো স্বাভাবিক ব্যক্তি কোনো করবর্ষে তাহার গ্রস প্রাপ্তির উপর নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে ন্যূনতম কর পরিশোধের জন্য দায়ী থাকিবেন, যথা:—

সারণী

ক্রমিক নংকরদাতার শ্রেণিন্যূনতম করহার
(১)(২)(৩)
১।সিগারেট, বিড়ি, চিবাইয়া খাওয়ার তামাক, ধোঁয়াবিহীন তামাক, গুল বা অন্য কোনো তামাকজাত দ্রব্য প্রস্তুতকারকগ্রস প্রাপ্তির ৩% (তিন শতাংশ)
২।কার্বোনেটেড বেভারেজ (carbonated beverage), মিষ্টি পানীয় (sweetened beverage) প্রস্তুতকারকগ্রস প্রাপ্তির ৩% (তিন শতাংশ)
৩।মোবাইল ফোন অপারেটর

গ্রস প্রাপ্তির ১.৫% (এক দশমিক পাঁচ শতাংশ)

৪।সিগারেট, বিড়ি, চিবাইয়া খাওয়ার তামাক, ধোঁয়াবিহীন তামাক, গুল বা অন্য কোনো তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক ব্যতীত অন্য কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা

গ্রস প্রাপ্তির ১% (এক শতাংশ)

৫।অন্যান্য ক্ষেত্রে

গ্রস প্রাপ্তির ১% (এক শতাংশ)

      তবে শর্ত থাকে যে, উক্ত সারণীর ক্রমিক নং ৫ প্রযোজ্য হয় এইরূপ ক্ষেত্রে পণ্য উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইহার বাণিজ্যিক উৎপাদন শুরুর প্রথম ৩ (তিন) বৎসরের জন্য উক্ত হার হইবে এইরূপ প্রাপ্তির ০.১% (শূন্য দশমিক এক শতাংশ);

(খ) যেইক্ষেত্রে করদাতার এইরূপ কোনো আয়ের উৎস থাকে যাহা কর অব্যাহতিপ্রাপ্ত, সেইক্ষেত্রে উক্ত এক বা একাধিক উৎস হইতে অর্জিত মোট প্রাপ্তি পৃথকভাবে প্রদর্শন করিতে হইবে, এবং এই উপ-ধারার অধীন ন্যূনতম কর নিম্নবর্ণিতভাবে পরিগণনা করিতে হইবে, যথা:—

(অ) নিয়মিত হারে কর প্রদান করিতে হইবে এইরূপ উৎস হইতে অর্জিত প্রাপ্তির ক্ষেত্রে দফা (ক) এ উল্লিখিত হার প্রয়োগ করিয়া ন্যূনতম কর হিসাব করিতে হইবে;

(আ) কর অব্যাহতি বা হ্রাসকৃত করহার প্রাপ্ত উৎস হইতে অর্জিত প্রাপ্তির ক্ষেত্রে, অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত কর হারের আনুপাতিক হারে দফা (ক) এ উল্লিখিত হার হ্রাস করত ন্যূনতম কর হিসাব করিতে হইবে; (ই) এই উপ-ধারার অধীন ন্যূনতম কর হইবে উপ-দফা (অ) ও (আ) এর অধীন হিসাবকৃত ন্যূনতম করের সমষ্টি।

(৬) কোনো করদাতার ক্ষেত্রে উপ-ধারা (৪) ও উপ-ধারা (৫) উভয়ের বিধান প্রযোজ্য হইলে, উক্ত করদাতা কর্তৃক পরিশোধযোগ্য ন্যূনতম কর হইবে—

(ক) উপ-ধারা (৪) এর অধীন ন্যূনতম কর; বা

(খ) উপ-ধারা (৫) এর অধীন ন্যূনতম কর, এই দুইয়ের মধ্যে যাহা অধিক।

(৭) এই ধারার অধীন পরিগণিত ন্যূনতম করের সমন্বয়যোগ্যতা নিম্নরূপে নির্ধারিত হইবে, যথা:–

(ক) উপ-ধারা (২) এর অধীন কর্তিত বা সংগৃহীত ন্যূনতম কর প্রত্যর্পণযোগ্য হইবে না;

(খ) উপ-ধারা (৬) এর অধীন কর পরিগণনাকালে উপ-ধারা (২) এর অধীন কর্তিত বা সংগৃহীত ন্যূনতম করের অতিরিক্ত করদায় সৃষ্টি হইলে উক্তরূপ অতিরিক্ত অংকের সহিত পূর্ববর্তী করবর্ষসমূহের সৃষ্ট প্রত্যর্পণ সমন্বয়যোগ্য হইবে।

(৮) যেইক্ষেত্রে কোনো করবর্ষে পরিগণনাকৃত নিয়মিত কর এই ধারার অধীন ন্যূনতম করের পরিমাণ হইতে অধিক হয়, সেইক্ষেত্রে উক্ত করবর্ষে নিয়মিত কর পরিশোধযোগ্য হইবে :

    তবে শর্ত থাকে যে, কোনো করবর্ষে নিয়মিত করের তুলনায় ন্যূনতম কর অধিক হইবার কারণে যেই পরিমাণ অধিক কর প্রদান করা হইয়াছে, সেই পরিমাণ অধিক কর, পরবর্তী যেই করবর্ষে করদাতার নিয়মিত করের পরিমাণ ন্যূনতম করের পরিমাণ হইতে অধিক হয়, সেই করবর্ষের জন্য প্রদেয় ন্যূনতম করের অধিক নিয়মিত করের সাথে সমন্বয় করা যাইবে।

(৯) কোনো করবর্ষে নিয়মিত করের তুলনায় ন্যূনতম কর যেই পরিমাণ অধিক প্রদান করা হইয়াছে তাহা যদি পরবর্তী কোনো করবর্ষের উপ-ধারা (৮) এর অধীন সম্পূর্ণ সমন্বয় করা না যায় তাহা হইলে যেই পরিমাণ ন্যূনতম কর অসমন্বিত থাকিবে তাহা পরবর্তী করবর্ষসমূহের প্রদেয় ন্যূনতম করের অধিক নিয়মিত করের সহিত সমন্বয়ের জন্য জের টানা যাইবে।

(১০) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, –

(ক) “নিয়মিত উৎস” অর্থ এইরূপ কোনো উৎস যাহার ক্ষেত্রে, উপ-ধারা (২) এর অধীন ন্যূনতম কর প্রযোজ্য নহে;

(খ) “নিয়মিত কর” অর্থ নিয়মিত পদ্ধতি ব্যবহার করিয়া নিয়মিত আয়ের উপর পরিগণনাকৃত কর;

(গ) “নিয়মিত করহার” অর্থ এইরূপ করের হার যাহা কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত করহার অনুমোদিত না হইলে প্রযোজ্য হইবে;

(ঘ) “গ্রস প্রাপ্তি” অর্থ—

(অ) পণ্য বিক্রয়ের মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাদে অর্জিত সকল প্রাপ্তি;

(আ) কমিশন ও ডিসকাউন্টসহ সেবা বা সুবিধা প্রদানের জন্য প্রাপ্ত সকল ফি বা চার্জ;

(ই) আয়ের যেকোনো খাত হইতে অর্জিত সকল প্রাপ্তি ।

(১১) এই ধারার অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত সারণীর কলাম (২)-এ উল্লিখিত উৎস হইতে অর্জিত আয়/উৎসে কর সংগ্রহের খাত এর বিপরীতে কলাম (৩)-এ উল্লিখিত ধারার অধীন উৎসে কর্তিত বা সংগৃহীত করের পরিমাণকে কলাম (৪)-এ উল্লিখিত ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট করবর্ষে উক্ত আয়ের জন্য চূড়ান্ত করদায় হিসাবে গণ্য করা হইবে, যথা:–

সারণী

ক্রমিক নংআয়ের উৎস/ উৎসে কর সংগ্রহের খাতযে ধারার অধীন উৎসে কর কর্তন/ সংগ্রহযোগ্যযে সকল ব্যক্তির জন্য প্রযোজ্য
(১)(২)(৩)(৪)
১।এই আইনের ধারা ৩০ এ উল্লিখিত আয়ের খাতসমূহএই আইনের অংশ-৭ এর অন্তর্ভুক্ত সকল ধারাএই আইনের ধারা ১৬৬ এর উপ-ধারা (২) অনুযায়ী রিটার্ন দাখিল হইতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিগণ
২।সঞ্চয়পত্র হইতে অর্জিত মুনাফা১০৫যেকোনো স্বাভাবিক ব্যক্তি
৩।সম্পত্তির অধিগ্রহণ এর ক্ষতিপূরণ হইতে অর্জিত মূলধনি আয়১১১যেকোনো স্বাভাবিক ব্যক্তি
৪।রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ ভর্তুকি১১২যেকোনো ব্যক্তি
৫।সম্পত্তি হস্তান্তর হইতে অর্জিত মূলধনি আয়১২৫যেকোনো স্বাভাবিক ব্যক্তি
৬।বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান হইতে অগ্রিম কর সংগ্রহ১৩৮যেকোনো ব্যক্তি

      তবে শর্ত থাকে যে, উল্লিখিত সারণীর ক্রমিক নং (৬) এ বর্ণিত বিধান বাণিজ্যিকভাবে মোটরযান পরিচালনা হইতে আয়প্রাপ্ত হন শুধুমাত্র এইরূপ করদাতার ক্ষেত্রে প্রযোজ্য হইবে এবং এইরূপ উৎসে সংগৃহীত অগ্রিম করের উপর ভিত্তি করিয়া উক্ত করদাতার সংশ্লিষ্ট উৎসের আয় পরিগণনা করিতে হইবে:

     আরো শর্ত থাকে যে, এইরূপে পরিগণিত আয়ের অধিক আয় প্রদর্শিত হইলে উক্ত অধিক প্রদর্শিত আয়ের উপর নিয়মিত হারে কর পরিশোধ করিতে হইবে । ]

(১২) যেইক্ষেত্রে কোনো সারচার্জ, অতিরিক্ত অন্য কোনো সুদ, অতিরিক্ত কোনো অর্থ, ইত্যাদি এই আইনের বিধানাবলির অধীন পরিশোধযোগ্য হয়, সেইক্ষেত্রে তাহা ন্যূনতম কর ও চূড়ান্ত করের অতিরিক্ত হিসাবে পরিশোধযোগ্য হইবে। ]

 

২  এস. আর. ও নং ৩২৪-আইন/আয়কর-০৫/২০২৬, তারিখঃ ৩১ আগস্ট, ২০২৬ দ্বারা উপ-ধারা (৬) এর সারণির ক্রমিক নং ৪ এর বিপরীতে কলাম (২) এ উল্লিখিত করদাতার শ্রেণির জন্য প্রযোজ্য টার্নওভার করের হার “গ্রস প্রাপ্তির ১% (এক শতাংশ)” এর পরিবর্তে পুনর্নির্ধারিত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top