আয়কর আইন ২০২৩
ধারা ১০২ - সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত, ইত্যাদি হইতে কর কর্তন
১[ (১) এই আইন বা বাংলাদেশে বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, বাংলাদেশের কোনো আইনের অধীন কোনো প্রকার ব্যাংকিং, ইনস্যুরেন্স, লিজিং, ফাইন্যান্সিং, ডাক ও ব্যাংকিং, সমবায় বা মোবাইল ফাইন্যন্সিয়াল সার্ভিসেস কার্যক্রম পরিচালনাকারী কোনো ব্যক্তি, অথবা কোনো প্রকারের আমানত (deposit) এর বিপরীতে সুদ বা মুনাফা পরিশোধকারী কোনো ব্যক্তি, অন্য কোনো নিবাসী ব্যক্তিকে কোনো প্রকারের সুদ বা মুনাফা পরিশোধ করিলে, সুদ বা মুনাফা পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সুদ বা মুনাফা কোনো ব্যক্তির হিসাবে ক্রেডিটের সময় অথবা সুদ বা মুনাফা পরিশোধের সময়, যাহা পূর্বে ঘটে, নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে উৎসে কর কর্তন করিয়া সরকারি কোষাগারে জমা প্রদান করিবেন, যথা:—
২[ সারণী
| ক্রমিক নং | প্রাপকের ধরন | কর কর্তনের হার |
| (১) | (২) | (৩) |
| ১। | ট্রাস্ট, ব্যক্তিসংঘ ও কোম্পানির ক্ষেত্রে | ২০% (বিশ শতাংশ) |
| ২। | অন্যান্য ক্ষেত্রে | ১০% (দশ শতাংশ) ] ] |
৩[ (২) যেইক্ষেত্রে কোনো আয়বর্ষে এই ধারার অধীন উৎসে কর কর্তনযোগ্য প্রাপক বা প্রাপকের আয় করমুক্ত বা হ্রাসকৃত হারে করারোপযোগ্য, সেইক্ষেত্রে উক্ত প্রাপকের আবেদনের ভিত্তিতে বোর্ড যাচাই সাপেক্ষে, ক্ষেত্রমত, এই মর্মে সনদ প্রদান করিবে যে উক্ত ব্যক্তিকে প্রদেয় কোনো অর্থ যাহা হইতে এই ধারার অধীন কর কর্তন করিতে হইবে উহা কোনো কর কর্তন ব্যতিরেকে বা হ্রাসকৃত হারে কর্তনযোগ্য। ]
(৩) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, নাবালকের আইনানুগ অভিভাবকের রিটার্ন দাখিলের প্রমাণ নাবালকের রিটার্ন দাখিলের প্রমাণ হিসাবে গণ্য হইবে।
১ অর্থ আইন, ২০২৪ এর ৪০ ধারাবলে নিম্নরূপ উপ-ধারা (১) এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ (১) এই আইন বা বাংলাদেশে বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো নিবাসী ব্যক্তিকে কোনো ব্যাংক, কো-অপারেটিভ ব্যাংক, ইসলামী নীতি মোতাবেক পরিচালিত কোনো ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, কোনো লিজিং কোম্পানি অথবা কোনো হাউজিং ফাইন্যান্স কোম্পানি কোনো সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত, মেয়াদী আমানত বা অন্য কোনো প্রকার আমানতের বিপরীতে কোনো সুদ বা মুনাফা পরিশোধ করিলে, সুদ বা মুনাফা পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সুদ বা মুনাফা কোনো ব্যক্তির হিসাবে ক্রেডিটের সময় অথবা সুদ বা মুনাফা পরিশোধের সময়, যাহা পূর্বে ঘটে, নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে উৎসে কর কর্তন করিয়া সরকারি কোষাগারে জমা করিবেন-
সারণী
| ক্রমিক নং | প্রাপকের ধরণ | কর কর্তনের হার |
| (১) | (২) | (৩) |
| ১। | কোম্পানির ক্ষেত্রে | ২০% (বিশ শতাংশ) |
| ২। | কোম্পানি ব্যতীত অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে | ১০% (দশ শতাংশ) |
| ৩। | সরকারি বিশ্ববিদ্যালয়, মান্থলি পে অর্ডারভূক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান, চাটার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট এ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা চাটার্ড সেক্রেটারীজ ইনস্টিটিউটের ক্ষেত্রে | ১০% (দশ শতাংশ) |
| ৪। | স্বীকৃত ভবিষ্য তহবিল, অনুমোদিত আনুতোষিক তহবিল, অনুমোদিত বার্ধক্য তহবিল ও পেনশন তহবিলের ক্ষেত্রে | ৫% (পাঁচ শতাংশ) ] |
২ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৬৬(ক) ধারাবলে উপ-ধারা (১) এ উল্লিখিত নিম্নরূপ সারণী এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ সারণী
| ক্রমিক নং | প্রাপকের ধরণ | কর কর্তনের হার |
| (১) | (২) | (৩) |
| ১। | ট্রাস্ট, ব্যক্তিসংঘ ও কোম্পানির ক্ষেত্রে | ২০% (বিশ শতাংশ) |
| ২। | প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড সেক্রেটারীজ ইনস্টিটিউটের ক্ষেত্রে | ১০% (দশ শতাংশ) |
| ৩। | ক্রমিক নং ১ ও ২ এ উল্লিখিত হয় নাই এইরূপ অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে | ১০% (দশ শতাংশ) ] |
৩ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৬৬(খ) ধারাবলে নিম্নরূপ উপ-ধারা (২) এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ (২) এই ধারার কোনো কিছুই নিম্নবর্ণিত ক্ষেত্রে প্রযোজ্য হইবে না, যথা:-
(ক) সরকার বা সরকারের পূর্বানুমোদনক্রমে তফসিলভুক্ত কোনো ব্যাংক কর্তৃক স্পন্সরকৃত কোনো ডিপোজিট পেনশন স্কিম হইতে উদ্ভূত কোনো সুদ বা মুনাফা; বা
(খ) বোর্ড কর্তৃক, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, অন্য কোনোভাবে কর অব্যাহতিপ্রাপ্ত কোনো নির্দিষ্ট প্রাপক বা প্রাপক শ্রেণি। ]
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।