আয়কর আইন ২০২৩
ধারা ১২৫ - সম্পত্তি হস্তান্তর, ইত্যাদি হইতে কর সংগ্রহ
১[(১) Registration Act, 1908 (Act No. XVI of 1908) এর section 17 এর sub-section (1) এর clauses (b), (c) বা (e) এর অধীন দলিল দস্তাবেজ নিবন্ধনের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো নিবন্ধন কর্মকর্তা কোনো দলিল দস্তাবেজ নিবন্ধন করিবেন না, যদি না সম্পত্তি হস্তান্তরকারী নির্ধারিত হারে ২[প্রতিটি দলিলের বিপরীতে এ-চালানের মাধ্যমে] কর পরিশোধ করেন। ]
(২) এই ধারার অধীন কর সংগ্রহের ক্ষেত্রে, করের হার-
(ক) জমির ক্ষেত্রে ৩[শতাংশ প্রতি ১২ (বারো)] লক্ষ টাকা;
(খ) কোনো স্থাপনা, ভবন, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট বা ফ্লোর স্পেস এর ক্ষেত্রে প্রতি বর্গমিটার ১ (এক) হাজার টাকা; অথবা
(গ) দলিলে উল্লিখিত মূল্যের উপর ১০% (দশ শতাংশ),
যাহা অধিক হয়, তাহা অতিক্রম করিবে না।
৪[(২ক) সম্পত্তি হস্তান্তর দলিল নিবন্ধনের ক্ষেত্রে নিবন্ধনকারী কর্মকর্তা দানকর আইন, ১৯৯০ এর প্রযোজ্যতা সাপেক্ষে প্রযোজ্য হারে দানকর এ-চালানের মাধ্যমে সংগ্রহ করিবেন। ]
(৩) এই ধারার কোনো কিছুই নিম্নরূপ কোনো দলিলের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না, যথা:-
(ক) বন্ধকী সম্পত্তি বিক্রয়ের ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যাংক বা ৫[ফাইন্যান্স কোম্পানি] কর্তৃক বিক্রয়;
(খ) ঋণের বিপরীতে কোনো ব্যাংক বা ৬[ফাইন্যান্স কোম্পানির] নিকট প্রদত্ত বন্ধকী সম্পদ;
(গ) সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা সরকার কর্তৃক অনুমোদিত সুকুক ইস্যুর নিমিত্ত গঠিত কোনো ট্রাস্ট বা স্পেশাল পারপাজ ভেহিকল হইতে অথবা কোনো ট্রাস্ট বা স্পেশাল পারপাজ ভেহিকল বরাবর কোনো সম্পত্তি হস্তান্তর ৭[;
তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে বন্ধকী সম্পত্তির মালিকের নিকট আয়কর পাওনা রহিয়াছে সেইক্ষেত্রে সংশ্লিষ্ট কর কমিশনার কর্তৃক অনুমোদিত বন্ধকী সম্পত্তির মালিকের প্রদেয় কর ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি পরিশোধ করিবে মর্মে অঙ্গীকারনামা দাখিল করা সাপেক্ষে নিবন্ধন কর্মকর্তা উক্ত বন্ধকী সম্পত্তির হস্তান্তর সম্পাদন করিবেন।
ব্যাখ্যা।— এই উপ-ধারার উদ্দেশ্যপূরণকল্পে, “স্পেশাল পারপাজ ভেহিকল (Special Purpose Vehicle, SPV)” অর্থ সরকার বা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত সুকুক বা অনুরূপ অর্থায়ন ব্যবস্থার উদ্দেশ্যে গঠিত কোনো কোম্পানি, ট্রাস্ট, ফান্ড বা অন্য কোনো পৃথক আইনগত সত্তা, যাহা সংশ্লিষ্ট সম্পদ ধারণ, ব্যবস্থাপনা, হস্তান্তর, অর্থ সংগ্রহ বা বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় এবং যাহার কার্যক্রম উক্ত উদ্দেশ্যে সীমাবদ্ধ থাকে। ]
১ অর্থ আইন, ২০২৪ এর ৪৫ ধারাবলে নিম্নরূপ উপ-ধারা (১) এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ (১) Registration Act, 1908 (Act No. XVI of 1908) এর section 17 এর sub-section (1) এর clauses (b), (c) বা (d) এর অধীন দলিল দস্তাবেজ নিবন্ধনের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো নিবন্ধন কর্মকর্তা, নির্ধারিত হারে কর পরিশোধ ব্যতীত, কোনো দলিল দস্তাবেজ নিবন্ধন করিবেন না। ]
২ অর্থ আইন, ২০২৬ এর ৭৬(ক) ধারাবলে উপ-ধারা (১) এ উল্লিখিত “নির্ধারিত হারে” শব্দগুলির পর “প্রতিটি দলিলের বিপরীতে এ-চালানের মাধ্যমে” শব্দগুলি সন্নিবেশিত।
৩ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৭৬ ধারাবলে উপ-ধারা (২) এর দফা (ক) এ উল্লিখিত “কাঠা প্রতি ১.৬৫ (এক দশমিক পয়ষট্টি শতাংশ) ২০ (বিশ)” শব্দগুলি, সংখ্যাগুলি, চিহ্ন ও বন্ধনীগুলির পরিবর্তে “শতাংশ প্রতি ১২ (বারো)” শব্দগুলি, সংখ্যা ও বন্ধনী প্রতিস্থাপিত।
৪ অর্থ আইন, ২০২৬ এর ৭৬(খ) ধারাবলে উপ-ধারা (২) এর পর নূতন উপ-ধারা (২ক) সন্নিবেশিত।
৫ অর্থ আইন, ২০২৪ এর ১৪(ক) ধারাবলে “আর্থিক প্রতিষ্ঠান” শব্দগুলির পরিবর্তে “ফাইন্যান্স কোম্পানি” শব্দগুলি প্রতিস্থাপিত।
৬ অর্থ আইন, ২০২৪ এর ১৪(ক) ধারাবলে “আর্থিক প্রতিষ্ঠানের” শব্দগুলির পরিবর্তে “ফাইন্যান্স কোম্পানির” শব্দগুলি প্রতিস্থাপিত।
৭ অর্থ আইন, ২০২৬ এর ৭৬(গ) ধারাবলে উপ-ধারা (৩) এর প্রান্তস্থিত “।” দাঁড়ি চিহ্নের পরিবর্তে “:” কোলন চিহ্ন প্রতিস্থাপিত, এবং অতঃপর নূতন শর্তাংশ ও ব্যাখ্যা সংযোজিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।