Tax VAT Point

আয়কর আইন ২০২৩​​

ধারা ১২৪ - কোনো সেবা, রেভিনিউ শেয়ারিং, ইত্যাদি বাবদ বিদেশ হইতে প্রেরিত আয় হইতে কর কর্তন

ফি, সেবা চার্জ বা পারিশ্রমিক [বা প্রাপ্তি], তাহা যে নামেই অভিহিত হউক না কেন, বা যেকোনো নামে বা প্রকৃতির রেভিনিউ শেয়ারিং এর মাধ্যমে নিম্নবর্ণিত কাজের বিনিময়ে বিদেশ হইতে প্রেরিত অর্থ কোনো ব্যক্তির হিসাবে পরিশোধ বা জমা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রাপকের হিসাবে অর্থ পরিশোধ বা জমা প্রদানকালে উক্ত পরিশোধিত বা জমাকৃত অর্থের উপর [৫% (পাঁচ শতাংশ)] হারে কর কর্তন করিবেন, যথা:-

(ক) বাংলাদেশে প্রদত্ত কোনো সেবার জন্য;

(খ) কোনো নিবাসী ব্যক্তি কর্তৃক কোনো বিদেশি ব্যক্তিকে পরিষেবা প্রদান [, কোনো সম্পত্তি ভাড়া প্রদান] বা কোনো কাজের জন্য;

(গ) বিজ্ঞাপন বা অন্য কোনো উদ্দেশ্যে কোনো অনলাইন প্লাটফর্ম ব্যবহারের অনুমতি প্রদানের জন্য:

তবে শর্ত থাকে যে,-

[(১) ফ্রেইট ফরওয়ার্ড এজেন্ট বা শিপিং এজেন্ট কর্তৃক প্রাপ্ত গ্রস বিলের ১% (এক শতাংশ) অথবা উক্ত এজেন্টের কমিশন সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকিলে উক্ত কমিশনের ১০% (দশ শতাংশ), যাহা বেশি, সেই হারে কর সংগ্রহ করিতে হইবে; ]

[(২) বিদেশ হইতে প্রেরিত নিম্নবর্ণিত অর্থের বিপরীতে কোনো কর্তন করা যাইবে না, যথা:-

(অ) ষষ্ঠ তফসিলের অংশ ১ এর দফা (১২), (১৭), (২১) ও (৩৩) দ্বারা মোট আয় বহির্ভূত অর্থ;

(আ) কোনো শিক্ষা বা গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত কোনো দান বা অনুদান হয়। ]

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৭৫(ক) ধারাবলে “বা পারিশ্রমিক” শব্দগুলির পর “বা প্রাপ্তি” শব্দগুলি সন্নিবেশিত

  অর্থ আইন, ২০২৪ এর ৪৪(ক) ধারাবলে “১০% (দশ শতাংশ)” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “৭.৫% (সাত দশমিক পাঁচ শতাংশ)” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত। পরবর্তীতে অর্থ আইন, ২০২৬ এর ৭৫(ক) ধারাবলে “৭.৫% (সাত দশমিক পাঁচ শতাংশ)” সংখ্যা, চিহ্ন, শব্দগুলি ও বন্ধনীর পরিবর্তে “৫% (পাঁচ শতাংশ)” সংখ্যা, চিহ্ন, শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত।

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৭৫(খ) ধারাবলে দফা (খ) এ উল্লিখিত “প্রদান” শব্দের পর “, কোনো সম্পত্তি ভাড়া প্রদান” চিহ্ন ও শব্দগুলি সন্নিবেশিত

  অর্থ আইন, ২০২৬ এর ৭৫(খ) ধারাবলে নিম্নরূপ শর্তাংশ (১) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ (১) ফ্রেইট ফরওয়ার্ড এজেন্ট কর্তৃক গৃহীত গ্রস বিল বা কমিশনসহ গ্ৰস বিল বিলের উপর ১.৫% (এক দশমিক পাঁচ শতাংশ) হারে কর সংগ্রহ করিতে হইবে; ]

  অর্থ আইন, ২০২৪ এর ৪৪(গ) ধারাবলে নিম্নরূপ শর্তাংশ (২) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ (২) বিদেশ হইতে প্রেরিত নিম্নবর্ণিত অর্থের বিপরীতে কোনো কর্তন করা যাইবে না, যথা:-

(অ) ষষ্ঠ তফসিলের অংশ ১ এর দফা ১৭ ও ৩৩ দ্বারা মোট আয় বহির্ভূত অর্থ;

(আ) কোনো নিবাসীর সফটওয়্যার বা সেবার বিক্রয়লব্ধ অর্থ, যদি উক্ত বিক্রয় বা সেবা হইতে প্রাপ্ত আয় ষষ্ঠ তফসিলের অংশ ১ এর দফা ২১ এর মোট আয় বহির্ভূত অর্থ হয়। ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top