Table of Contents
Toggleউৎসে ভ্যাট কর্তনের তালিকা ২০২৫ - ভ্যাট কর্তনের হার ২০২৫-২৬
উৎসে ভ্যাট কর্তনের তালিকা ২০২৫ – পণ্য বা সেবা ক্রয়ের সময় সরবরাহকারীরকে পরিশোধিত অর্থের একটি অংশ থেকে যখন মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ কেটে রাখা হয়, তখন সেটিকে “উৎসে মূসক কর্তন (VDS)” বলা হয়। এটি আজকাল যেকোনো কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান বা সত্তার জন্য একটি নিয়মিত ও গুরুত্বপূর্ণ কমপ্লায়েন্স প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়, যা সঠিকভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরি।
কখন উৎসে মূসক কর্তন করতে হবে?
সাধারণভাবে, যখন কোনো প্রতিষ্ঠান পণ্যের মূল্য বা সেবার মূল্য পরিশোধ করে, তখনই উৎসে মূসক কর্তনের বিষয়টি সামনে আসে। নিবন্ধিত বা অনিবন্ধিত—সব ধরনের প্রতিষ্ঠান, এমনকি সরকারি সংস্থা ও কিছু এনজিওর ক্ষেত্রেও নির্দিষ্ট পরিস্থিতিতে এই কর্তন বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। অর্থাৎ, সেবাগ্রহণ বা পণ্য ক্রয়ের সাথে সাথে উৎসে ভ্যাট কর্তন এখন একটি অপরিহার্য দায়িত্ব।
কে উৎসে মূসক কর্তন করবে?
যেসব সত্তা বা প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী উৎসে মূসক কর্তন করে থাকে, তাদেরকে “উৎসে মূসক কর্তনকারী সত্তা” হিসেবে সংজ্ঞায়িত করা হয়। উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২৫ এর বিধি ২ অনুযায়ী নিচে উল্লেখিত সত্তা গুলোকে উৎসে কর্তনকারী সত্তা বলা হয়।
- কোনো সরকার বা উহার কোনো মন্ত্রণালয়, বিভাগ, বা দপ্তর;
- আধা-সরকারি বা স্বায়ত্বশাসিত কোনো সংস্থা;
- রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান;
- স্থানীয় কর্তৃপক্ষ, পরিষদ বা অনুরূপ কোনো সংস্থা;
- এনজিও বিষয়ক ব্যুরো বা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান;
- কোনো ব্যাংক, বীমা কোম্পানি বা অনুরূপ আর্থিক প্রতিষ্ঠান;
- মাধ্যমিক বা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান;
- কোনো লিমিটেড কোম্পানি; এবং
- দশ কোটি টাকার অধিক বার্ষিক টার্নভারযুক্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান
অর্থাৎ, উপরে উল্লেখিত সত্তা গুলো যখন কোন পণ্যমূল্য বা সেবামূল্য পরিশোধ করবে তখন তাদেরকে উৎসে মূসক কর্তন করতে হবে। অতএব, উপরোক্ত সত্তাগুলো যখন কোনো পণ্য বা সেবার মূল্য প্রদান করবে, তখন তাদের জন্য উৎসে ভ্যাট কর্তন করা বাধ্যতামূলক হয়ে যাবে।
উৎসে মূসক কর্তনের জন্য আইনি রেফারেন্স
উৎসে মূসক কর্তন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (NBR) একটি পৃথক বিধিমালা প্রণয়ন করেছে, যা “উৎসে মূসক কর্তন ও আদায় বিধিমালা (VDS Rules)” নামে পরিচিত। জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক জারিকৃত বিধিমালা হল উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২৫, যাহা ০১ জুলাই ২০২৫ থেকে কার্যকর।
এই বিধিমালায় উৎসে মূসক কর্তনের হার, কখন কর্তন প্রযোজ্য হবে এবং কখন কর্তন করতে হবে না — এই বিষয়গুলো বিস্তারিতভাবে নির্ধারিত রয়েছে। আপনি যদি উৎসে মূসক সম্পর্কে গভীরভাবে জানতে চান, তাহলে এ বিধিমালাটি ভালোভাবে বোঝা অত্যন্ত প্রয়োজনীয়।
এছাড়াও উৎসে মূসক কর্তন সম্পর্কে আরো জানতে আপনি ভ্যাট আইন ২০১২ ও ভ্যাট বিধিমালা ২০১৬ এর নিচের ধারা/ বিধি গুলো পড়তে পারেন।
- ধারা ৪৯ – উৎসে কর কর্তনকারী সত্তা কর্তৃক উৎসে কর কর্তন ও বৃদ্ধিকারী সমন্বয়;
- ধারা ৫০ – উৎসে কর কর্তনের পর সরবরাহকারী কর্তৃক হ্রাসকারী সমন্বয়;
- বিধি ৩৭ – অনিবন্ধিত সরবরাহ গ্রহীতা কর্তৃক উৎসে কর্তিত মূল্য সংযোজন কর পরিশোধ;
- বিধি ৩৮ – হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক অনিবন্ধিত সরবরাহ গ্রহীতার পক্ষে উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও পরিশোধ;
- বিধি ৩৯ – উৎসে কর্তনের পর সরবরাহকারী কর্তৃক হ্রাসকারী সমন্বয়;
(i) পণ্য ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট কর্তনের হার
(অ) উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয়
যদি কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান ১৫% হারে বা হ্রাসকৃত হারে বা সুনির্দিষ্ট কর আরোপিত রহিয়াছে এইরূপ কোনো পণ্য মূসক-৬.৩ ফরম (কর চালানপত্র) এর মাধ্যমে সরবরাহ করে, তাহলে সে ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করার প্রয়োজন হয় না।
অর্থাৎ, আপনি যদি সরাসরি কোনো উৎপাদকের কাছ থেকে পণ্য ক্রয় করেন এবং সেই উৎপাদনকারী সঠিকভাবে মূসক-৬.৩ চালান ইস্যু করে থাকে, তবে ঐই পণ্যের ভ্যাট হার যাই হোক না কেন, উৎসে মূসক কর্তনের বাধ্যবাধকতা থাকবে না। অর্থাৎ, এই ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে না।
উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন প্রযোজ্য না হওয়ার শর্তাবলি ও নির্দেশনা নিচের টেবিলে বিস্তারিতভাবে উপস্থাপন করা হলো:
| সরবরাহের ধরন | সরবরাহকারী | কর চালানপত্র অনুযায়ী ভ্যাট হার | মূসক-৬.৩ (কর চালানপত্র) আছে ? | উৎসে মূসক কর্তন হবে ? |
| পণ্য | উৎপাদনকারী | ১৫% | হ্যাঁ | না |
| পণ্য | উৎপাদনকারী | ১৫% | না | হ্যাঁ |
| পণ্য | উৎপাদনকারী | ১০% | হ্যাঁ | না |
| পণ্য | উৎপাদনকারী | ১০% | না | হ্যাঁ |
| পণ্য | উৎপাদনকারী | ৭.৫% | হ্যাঁ | না |
| পণ্য | উৎপাদনকারী | ৭.৫% | না | হ্যাঁ |
| পণ্য | উৎপাদনকারী | ৫% | হ্যাঁ | না |
| পণ্য | উৎপাদনকারী | ৫% | না | হ্যাঁ |
| পণ্য | উৎপাদনকারী | সুনির্দিষ্ট কর | হ্যাঁ | না |
| পণ্য | উৎপাদনকারী | সুনির্দিষ্ট কর | না | হ্যাঁ |
(আ) উৎপাদনকারী ছাড়া অন্য সরবরাহকারী নিকট থেকে পণ্য ক্রয়
(ক) ১৫% ভ্যাট আছে এমন পণ্য ক্রয়
আপনি যদি উৎপাদনকারী ছাড়া অন্য কোনো সরবরাহকারী নিকট থেকে ১৫% ভ্যাট প্রযোজ্য আছে এমন পণ্য ক্রয় করে থাকেন, সেই ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে না যদি নিচের দুটি শর্ত পূরণ হয়ঃ
- উক্ত সরবরাহকারী যদি মূসক-৬.৩ (কর চালানপত্র) এর মাধ্যমে পণ্য সরবরাহ করে;
- উক্ত সরবরাহকারী যদি মূসক সম্মাননাপত্র বা ভ্যাট সার্টিফিকেট আপনার নিকট জমা দেয়।
অর্থাৎ, আপনি যদি কোনো অ-উৎপাদনকারী সরবরাহকারী নিকট থেকে পণ্য কিনে থাকেন এবং তিনি মূসক-৬.৩ ফরমে ১৫% হারে ভ্যাট সহ পণ্য সরবরাহ করে থাকেন, এবং সেই সঙ্গে মূসক সম্মাননাপত্র প্রদান করেন, তাহলে আপনি উৎসে ভ্যাট কর্তনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন। তবে এই শর্ত পূরণ না হলে, এবং অন্য যেকোনো পরিস্থিতিতে, উৎসে ভ্যাট কর্তন আবশ্যক হবে।
উৎপাদনকারী ছাড়া অন্যান্য সরবরাহকারীর কাছ থেকে ১৫% ভ্যাটে পণ্য কেনার ক্ষেত্রে উৎসে মূসক কর্তনের হার ও প্রযোজ্যতা সংক্রান্ত বিস্তারিত নিচের টেবিলে দেওয়া হলো:
| সরবরাহকারী | কর চালানপত্র অনুযায়ী ভ্যাট হার | মূসক-৬.৩ (কর চালানপত্র) আছে ? | মূসক সম্মাননাপত্র/ ভ্যাট সার্টিফিকেট আছে ? | উৎসে মূসক কর্তন হবে ? |
| উৎপাদনকারী ছাড়া অন্য সরবরাহকারী | ১৫% | হ্যাঁ | হ্যাঁ | না |
| উৎপাদনকারী ছাড়া অন্য সরবরাহকারী | ১৫% | হ্যাঁ | না | হ্যাঁ |
| উৎপাদনকারী ছাড়া অন্য সরবরাহকারী | ১৫% | না | না | হ্যাঁ |
(খ) ১৫% ছাড়া অন্যান্য ভ্যাট রেটে পণ্য ক্রয়
আপনি যদি উৎপাদনকারী ছাড়া অন্য কোনো সরবরাহকারী নিকট থেকে ১৫% ছাড়া অন্যান্য ভ্যাট রেট (অর্থাৎ ২%, ২.৫%, ৪.৫%, ৫%, ৭.৫%, ১০% বা সুনির্দিষ্ট কর) প্রযোজ্য আছে এমন পণ্য ক্রয় করে থাকেন,তাহলে আপনাকে অবশ্যই উৎসে মূসক কর্তন করতে হবে।
উৎপাদনকারী ছাড়া অন্যান্য সরবরাহকারীর কাছ থেকে পণ্য কেনার ক্ষেত্রে উৎসে মূসক কর্তনের হার ও প্রযোজ্যতা সংক্রান্ত বিস্তারিত নিচের টেবিলে দেওয়া হলো:
| সরবরাহকারী | কর চালানপত্র অনুযায়ী ভ্যাট হার | মূসক-৬.৩ (কর চালানপত্র) | মূসক সম্মাননাপত্র/ ভ্যাট সার্টিফিকেট আছে ? | উৎসে মূসক কর্তন হবে ? |
| উৎপাদনকারী ছাড়া অন্য সরবরাহকারী | ১০% | হ্যাঁ / না | হ্যাঁ / না | হ্যাঁ |
| উৎপাদনকারী ছাড়া অন্য সরবরাহকারী | ৭.৫% | হ্যাঁ / না | হ্যাঁ / না | হ্যাঁ |
| উৎপাদনকারী ছাড়া অন্য সরবরাহকারী | ৫% | হ্যাঁ / না | হ্যাঁ / না | হ্যাঁ |
| উৎপাদনকারী ছাড়া অন্য সরবরাহকারী | সুনির্দিষ্ট কর | হ্যাঁ / না | হ্যাঁ / না | হ্যাঁ |
(ii) সেবার ক্ষেত্রে উৎসে মূসক কর্তন
(ক) ৪৪টি সেবার ক্ষেত্রে বাধ্যতামূলক উৎসে মূসক কর্তন
উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২৫ এর বিধি ৩ অনুযায়ী, নির্ধারিত ৪৪টি সেবার মূল্য পরিশোধের সময় বাধ্যতামূলকভাবে উৎসে মূসক কর্তন করতে হবে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এই সেবাগুলোর ক্ষেত্রে সরবরাহকারী মূসক-৬.৩ চালান ব্যবহার করুক বা না করুক, উৎসে মূসক কর্তন করা অবশ্যই প্রযোজ্য থাকবে। অর্থাৎ, এসব নির্দিষ্ট সেবার জন্য ভ্যাট চালান দেওয়া হয়েছে কি না — সেটি বিবেচ্য নয়; উৎসে কর্তন না করার কোনো অবকাশ নেই।
এছাড়াও উক্ত নির্ধারিত ৪৪টি সেবার ক্ষেত্রে টেন্ডার, চুক্তি, কার্যাদেশ বা অন্যবিধভাবে সরবরাহের ক্ষেত্রে মূসক চালানপত্র থাকুক বা না থাকুক আবশ্যিকভাবে উৎসে মূসক কর্তন করিতে হইবে।
বাধ্যতামূলকভাবে/ আবশ্যিকভাবে উৎসে মূসক কর্তন প্রযোজ্য এমন ৪৪টি সেবা হলঃ
উৎসে ভ্যাট কর্তনের তালিকা ২০২৫
| ক্রমিক নং | সেবার কোড | সেবার বিবরণ | মূসক উৎসে কর্তনের হার |
| (১) | (২) | (৩) | (৪) |
| ০১. | S০০১.১০ | এসি হোটেল | ১৫% |
| S০০১.১০ | নন এসি হোটেল | ১০% | |
| S০০১.২০ | রেস্তোরাঁ (বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের তালিকাভুক্ত তিন তারকা বা তদূর্ধ্ব মানের আবাসিক হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট, মদের বার সম্বলিত হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট এবং মদের বার আছে এমন রেস্টুরেন্ট ব্যতীত) | ৫% | |
| ০২. | S০০২.০০ | ডেকোরেটর্স ও ক্যাটারার্স | ১৫% |
| ০৩. | S০০৩.১০ | মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ | ১০% |
| ০৪. | S০০৩.২০ | ডকইয়ার্ড | ১৫% |
| ০৫. | S০০৪.০০ | নির্মাণ সংস্থা | ১০% |
| ০৬. | S০০৭.০০ | বিজ্ঞাপনী সংস্থা | ১৫% |
| ০৭. | S০০৮.১০ | ছাপাখানা | ১৫% |
| ০৮. | S০০৯.০০ | নিলামকারী সংস্থা | ১৫% |
| ০৯. | So১০.১০ | ভূমি উন্নয়ন সংস্থা | ২% |
| ১০. | So১০.২০ | ভবন নির্মাণ সংস্থা – (ক) ১-১৬০০ বর্গফুট পর্যন্ত | ২% |
| ভবন নির্মাণ সংস্থা – (খ) ১৬০১ বর্গফুট হইতে তদুর্ধ্ব | ৪.৫% | ||
| ভবন নির্মাণ সংস্থা – (গ) যে কোন সাইজের পুনঃ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে | ২% | ||
| ১১. | S০১৪.০০ | ইন্ডেন্টিং সংস্থা | ১৫% |
| ১২. | S০১৫.১০ | ফ্রেইট ফরোয়ার্ডার্স | ১৫% |
| ১৩. | S০১৭.০০ | কম্যুনিটি সেন্টার | ১৫% |
| ১৪. | S০২০.০০ | জরিপ সংস্থা | ১৫% |
| ১৫. | S০২১.০০ | প্ল্যান্ট বা মূলধনী যন্ত্রপাতি ভাড়া প্রদানকারী সংস্থা | ১৫% |
| ১৬. | S০২৪.০০ | আসবাবপত্রের বিপণন কেন্দ্ৰ – (ক) আসবাবপত্রের উৎপাদক (উৎপাদক কারখানা হইতে সরাসরি ভোক্তার নিকট সরবরাহ করিলে মূসক হার ১৫%) | ৭.৫% |
| আসবাবপত্রের বিপণন কেন্দ্ৰ – (খ) আসবাবপত্রের বিপণন কেন্দ্ৰ (উৎপাদন পর্যায়ে ৭.৫% মূসক পরিশোধের চালান থাকা সাপেক্ষে, অন্যথায় মূসক হার ১৫%) | ৭.৫% | ||
| ১৭. | S০২৮.০০ | কুরিয়ার (Courier) ও এক্সপ্রেস মেইল সার্ভিস | ১৫% |
| ১৮. | S০৩১.০০ | পণের বিনিময়ে করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসিং-এর কাজে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা | ১৫% |
| ১৯. | S০৩২.০০ | কনসালটেন্সি ফার্ম ও সুপারভাইজরি ফার্ম | ১৫% |
| ২০. | S০৩৩.০০ | ইজারাদার | ১৫% |
| ২১. | S০৩৪.০০ | অডিট এন্ড একাউন্টিং ফার্ম | ১৫% |
| ২২. | S০৩৭.০০ | যোগানদার (Procurement Provider) | ১০% |
| ২৩. | S০৪০.০০ | সিকিউরিটি সার্ভিস | ১৫% |
| ২৪. | S০৪৩.০০ | টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সররাহকারী | ১৫% |
| ২৫. | So৪৫.০০ | আইন পরামর্শক | ১৫% |
| ২৬. | So৪৮.০০ | পরিবহন ঠিকাদার – (ক) পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনের ক্ষেত্রে | ৫% |
| পরিবহন ঠিকাদার – (খ) অন্যান্য পণ্য পরিবহনের ক্ষেত্রে | ১৫% | ||
| ২৭. | So৪৯.০০ | যানবাহন ভাড়া প্রদানকারী | ১৫% |
| ২৮. | S০৫০.১০ | আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার বা ইন্টেরিয়র ডেকোরেটর | ১৫% |
| ২৯. | S০৫০.২০ | গ্রাফিক ডিজাইনার | ১৫% |
| ৩০. | S০৫১.০০ | ইঞ্জিনিয়ারিং ফার্ম | ১৫% |
| ৩১. | S০৫২.০০ | শব্দ ও আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী | ১৫% |
| ৩২. | S০৫৩.০০ | বোর্ড সভায় যোগদানকারী | ১৫% |
| ৩৩. | S০৫৪.০০ | উপগ্রহ চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারকারী | ১৫% |
| ৩৪. | S০৫৮.০০ | চার্টার্ড বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী | ১৫% |
| ৩৫. | S০৬০.০০ | নিলামকৃত পণ্যের ক্রেতা | ১৫% |
| ৩৬. | S০৬৫.০০ | ভবন, মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা | ১৫% |
| ৩৭. | S০৬৬.০০ | লটারির টিকিট বিক্রয়কারী | ১৫% |
| ৩৮. | S০৬৭.০০ | ইমিগ্রেশন উপদেষ্টা | ১৫% |
| ৩৯. | S০৭১.০০ | অনুষ্ঠান আয়োজক | ১৫% |
| ৪০. | S০৭২.০০ | মানব সম্পদ সরবরাহ বা ব্যবস্থাপনা প্ৰতিষ্ঠান | ১৫% |
| ৪১. | S০৯৯.১০ | তথ্য-প্রযুক্তি নির্ভর সেবা (Information Technology Enabled Services) | ৫% |
| ৪২. | S০৯৯.২০ | অন্যান্য বিবিধ সেবা | ১৫% |
| ৪৩. | S০৯৯.৩০ | স্পন্সরশীপ সেবা (Sponsorship Services) | ১৫% |
| ৪৪. | S০৯৯.৫০ | ক্রেডিট রেটিং এজেন্সি | ১৫% |
(খ) ৪৪টি সেবা ছাড়া অন্যান্য সেবার ক্ষেত্রে উৎসে মূসক কর্তন প্রযোজ্য নয়
উপরে উল্লেখিত ৪৪টি সেবা ব্যতীত, অন্যান্য সেবার ক্ষেত্রে উৎসে মূসক কর্তনের বাধ্যবাধকতা নেই। অর্থাৎ, এসব নির্ধারিত সেবার বাইরে যে কোনো সেবার বিপরীতে সাধারণভাবে উৎসে ভ্যাট কর্তন প্রযোজ্য হয় না।
তবে এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে, উল্লেখিত ৪৪টি সেবা ব্যতীত অন্যান্য সেবার ক্ষেত্রে যদি সেবা সরবরাহকারী মূসক-৬.৩ ফরম এর মাধ্যমে সেবা সরবরাহ করে শুধুমাত্র সেই ক্ষেত্রেই উৎসে মূসক কর্তন করতে হবে না। যদি মূসক-৬.৩ ফরম এর মাধ্যমে সেবা সরবরাহ না করে থাকে তাহলে উৎসে মূসক কর্তন করতে হবে।
মূসক-৬.৩ ফরম এর মাধ্যমে সেবা সরবরাহের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন প্রযোজ্য নয় — এমন কিছু সাধারণ সেবার উদাহরণ নিচে তুলে ধরা হলো:
| ক্রমিক নং | সেবার কোড | সেবার বিবরণ | মূসক হার % | উৎসে মূসক কর্তন হবে ? |
| ১ | S০১২.১৪ | ইন্টারনেট সংস্থা | ৫% | না |
| ২ | S০২৬.০০ | স্বর্ণকার ও রৌপ্যকার এবং স্বর্ণের ও রৌপ্যের দোকানদার এবং স্বর্ণ পাকাকারী | ৫% | না |
| ৩ | S০৫৭.০০ | বিদ্যুৎ বিতরণকারী | ৫% | না |
| ৪ | S০৬৯.০০ | ইংলিশ মিডিয়াম স্কুল | ৫% | না |
| ৫ | S০৮০.০০ | রাইড শেয়ারিং | ৫% | না |
| ৬ | S০৬৪.২০ | পিকনিক স্পট, শ্যুটিং স্পট ও পর্যটন স্থান বা স্থাপনা | ৭.৫% | না |
| ৭ | S০৭৮.০০ | নিজস্ব ব্র্যান্ড সম্বলিত ও ব্র্যান্ড ব্যতীত তৈরি পোশাক বিপনন | ৭.৫% | না |
| ৮ | S০৩৬.২০ | শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকূল নৌযান সার্ভিস | ১৫% | না |
| ৯ | S০১৩.০০ | যান্ত্রিক লন্ড্রি | ১৫% | না |
| ১০ | S০১৮.০০ | চলচ্চিত্র স্টুডিও | ১৫% | না |
| ১১ | S০২৩.১০ | চলচ্চিত্র প্রদর্শক (প্রেক্ষাগৃহ) | ১৫% | না |
| ১২ | S০২৩.২০ | চলচ্চিত্র পরিবেশক | ১৫% | না |
| ১৩ | S০৪২.০০ | স্বয়ংক্রিয় বা যন্ত্রচালিত করাতকল | ১৫% | না |
| ১৪ | S০৪৭.০০ | খেলাধুলা আয়োজক | ১৫% | না |
| ১৫ | S০৬৩.০০ | টেইলারিং সপ ও টেইলার্স | ১৫% | না |
| ১৬ | S০৭৬.০০ | সামাজিক ও খেলাধুলা বিষয়ক ক্লাব | ১০% | না |
| ১৭ | S০১২.২০ | সিম কার্ড বা e-SIM সরবরাহকারী | ৩০০ টাকা (প্রতিটি সিম কার্ড বা প্রতিটি e-SIM) | না |
| ১৮ | S০৯৯.৬০ | অনলাইনে পণ্য বিক্রয় | ১৫% | না |
(গ) রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রত্যয়িত ফরম মূসক-৬.৩ এর ক্ষেত্রে উৎসে মূসক কর্তন
উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২৫-এর বিধি ৫ এর দফা (ছ) ও (জ) অনুযায়ী, কিছু নির্দিষ্ট সেবার ক্ষেত্রে রাজস্ব কর্মকর্তা বা সহকারী রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রত্যয়িত ফরম মূসক-৬.৩ প্ৰদান করিলে, উৎসে মূসক কর্তনের প্রয়োজন হয় না।
নিচে তালিকাভুক্ত তিনটি সেবা এই বিধানের আওতাভুক্ত, যেগুলোর ক্ষেত্রে সঠিকভাবে প্রত্যয়নপ্রাপ্ত চালানপত্র দাখিল করা হলে উৎসে ভ্যাট কর্তনের বাধ্যবাধকতা থাকে না।
- বিজ্ঞাপনী সংস্থা;
- টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী শীর্ষক সেবা প্রদানকারী; ও
- আসবাবপত্রের উৎপাদক – ১৫ (পনেরো) শতাংশ হারে
(ঘ) পরিষেবার বিল এর ক্ষেত্রে উৎসে মূসক কর্তন
উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২৫ এর বিধি ৫ এর দফা (ঘ) অনুযায়ী জ্বালানি তেল, গ্যাস, পানি (ওয়াসা), বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল ফোন পরিষেবার বিল পরিশোধের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না।
(ঙ) EFD/ SDC/ PKI/ POS রিসিট এর ক্ষেত্রে উৎসে মূসক কর্তন
Electronic Fiscal Device (EFD) / Sales Data Controller (SDC)/ Public Key Infrastructure (PKI ) / Point of Sales (POS) হইতে ইস্যূকৃত মূসক চালানপত্রে (ফিসক্যাল রিসিট) সরবরাহ গ্রহীতার নাম ও নিবন্ধন নম্বর উল্লেখ থাকলে উৎসে মূসক কর্তন করিতে হইবে না।
(iii) ঔষধ ক্রয়ের ক্ষেত্রে মূসক কর্তন
উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২৫ এর বিধি ৫ এর দফা (ঞ) অনুযায়ী ব্যবসায়ীর নিকট হইতে দেশীয় ঔষধ ক্রয়ের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না।
(iv) ভ্যাট অব্যাহতি প্রাপ্ত পণ্য বা সেবা এর ক্ষেত্রে উৎসে মূসক কর্তন
উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২৫ এর বিধি ৫ এর দফা (ঙ) অনুযায়ী আইনের প্রথম তফসিলে উল্লিখিত পণ্য বা সেবা বা উভয়ই সরবরাহের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না। শূন্যহার বিশিষ্ট সরবরাহের ক্ষেত্রেও উৎসে মূসক কর্তন করিতে হইবে না।
(v) সাব-কন্ট্রাক্টর বিল এর ক্ষেত্রে উৎসে মূসক কর্তন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা ৪৯(৫) অনুযায়ী, কোনো প্রকল্পের আওতায় কোনো সেবা গ্রহণকারী কর্তৃক প্রদেয় মূল্য সংযোজন কর যদি সেবা গ্রহণকারী বা, ক্ষেত্রমত, সেবার মূল্য বা কমিশন পরিশোধকারী ব্যক্তি সেবার মূল্য বা কমিশন পরিশোধকালে নির্ধারিত পদ্ধতিতে উৎসে আদায় বা কর্তনপূর্বক সরকারি ট্রেজারিতে জমা করেন এবং উক্ত সেবা সরবরাহকারী ব্যক্তি কর্তৃক উক্ত সমুদয় সেবার অংশবিশেষ সরবরাহের লক্ষ্যে কোন সাব-কন্ট্রাক্টর, এজেন্ট বা অন্যকোন সেবা সরবরাহকারী ব্যক্তিকে নিয়োগ করেন, সেইক্ষেত্রে উক্ত সেবা সরবরাহকারীর সাব-কন্ট্রাক্টর, এজেন্ট বা নিয়োগকৃত অন্যকোন সেবা সরবরাহকারী ব্যক্তির নিকট হইতে, উক্ত একই সেবার উপর প্রথম পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর আদায় বা কর্তন এবং সরকারি ট্রেজারিতে জমা প্রদানের দালিলিক প্রমাণাদি উপস্থাপন সাপেক্ষে, কেবল প্রথম সাব-কন্ট্রাক্টরের সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর প্রযোজ্য হইবে না; এবং প্রকল্পের আওতায় পণ্য ক্রয়ের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হইবে না।
উপসংহার - উৎসে ভ্যাট কর্তনের তালিকা ২০২৫
পণ্য ক্রয়ের ক্ষেত্রে, যদি আপনি উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি মূসক-৬.৩ চালানপত্রসহ পণ্য ক্রয় করেন, তাহলে সেই লেনদেনের উপর উৎসে মূসক কর্তনের প্রয়োজন নেই। তবে, আপনি যদি উৎপাদনকারী নন এমন কোনো সরবরাহকারীর কাছ থেকে পণ্য কিনে থাকেন, সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া সাধারণভাবে উৎসে মূসক কর্তন করতে হয়।
অন্যদিকে, সেবা গ্রহণের ক্ষেত্রে, উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২৫-এর নির্দেশনা অনুযায়ী ৪৪টি নির্দিষ্ট সেবার বিপরীতে বাধ্যতামূলকভাবে উৎসে মূসক কর্তন করতে হবে। তবে, এর বাইরে কিছু গুরুত্বপূর্ণ ব্যতিক্রম রয়েছে। যেমন—ইউটিলিটি পরিষেবাগুলোর (যেমন: জ্বালানি তেল, গ্যাস, পানি (ওয়াসা), বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল ফোন) ক্ষেত্রে উৎসে ভ্যাট কর্তন প্রযোজ্য নয়।
উৎসে ভ্যাট কর্তনের তালিকা ২০২৫ - রেফারেন্স / উৎস
Share on –


helpful