আয়কর আইন ২০২৩
অষ্টম তফসিল - বিশেষ বিধান [ধারা ২৫ দ্রষ্টাব্য]
অংশ ২ - স্টার্টআপ স্যান্ডবক্স
১[ ১। এই আইনের অধীন নিবন্ধিত কোনো স্টার্টআপের গ্রোথ বর্ষের “ব্যবসা বা পেশা হইতে আয়” নিরূপণের ক্ষেত্রে ধারা ৫৫ ও ধারা ৫৬ এর বিধান প্রযোজ্য হইবে না।
২। কোনো গ্রোথবর্ষে কোনো নিবন্ধিত স্টার্টআপ লোকসান করিলে এবং উক্ত লোকসান সংশ্লিষ্ট করবর্ষে সমন্বয় না করা গেলে পরবর্তী ৯ (নয়) বৎসর পর্যন্ত উহার জের টানা ও সমন্বয় করা যাইবে। উল্লেখ্য, নূতন বিনিয়োগ গ্রহণ করিলে বা স্টার্টআপ কোম্পানির শেয়ারহোল্ডার পরিবর্তন হইলেও এই লোকসানের জের টানা ও সমন্বয় করা যাইবে।
৩। কোনো গ্রোথবর্ষে কোনো নিবন্ধিত স্টার্টআপের জন্য ধারা ১৬৩ এর উপ-ধারা (৬) এর অধীন টার্নওভার করহার ০% (শূন্য শতাংশ) হইবে।
৪। কোনো স্টার্টআপ তাহার সিস্টেমে বা হিসাবের খতিয়ানে আয়কর কর্তৃপক্ষকে পাঠযোগ্য (Read Only) ডিজিটাল প্রবেশাধিকার বা অ্যাকসেস প্রদান করিলে কেবল ধারা ১৬৬ এবং ধারা ১৭৭ এর অধীন রিটার্ন দাখিল ব্যতীত তাহার অন্য কোনো রিপোর্টিং এর বাধ্যবাধকতা থাকিবে না।
৫। কোনো স্টার্টআপকে স্যান্ডবক্সের সুবিধা গ্রহণ করিতে হইলে জাতীয় রাজস্ব বোর্ডে নিবন্ধিত হইতে হইবে ।
৬। উপযুক্ত কারণ প্রদর্শনপূর্বক শুনানির সুযোগ প্রদান সাপেক্ষে, জাতীয় রাজস্ব বোর্ড যেকোনো স্টার্টআপের নিবন্ধন বাতিল করিতে পারিবে।
৭। এই অংশের উদ্দেশ্যপূরণকল্পে,-
(ক) “গ্রোথবর্ষ (growth years)” অর্থ এই ধারার অধীন নিবন্ধিত স্টার্টআপের জন্য নিগমিত হইবার বৎসরের শেষ হইতে পরবর্তী ৯ (নয়) বৎসর;
(খ) “ইনোভেশন” অর্থ এমন কোনো পণ্য, সেবা, প্রক্রিয়া, ব্যবসায়িক মডেল বা প্রযুক্তির উন্নয়ন বা উল্লেখযোগ্য পরিমার্জন যাহা পণ্য, সেবা, প্রক্রিয়া, ব্যবসায়িক মডেল বা প্রযুক্তির সক্ষমতা বা গুণগত মান বা উপযোগিতা বৃদ্ধি করে অথবা বিদ্যমান সমস্যার আরও দক্ষ এবং কার্যকর সমাধান প্রদান করে;
(গ) “ডিপ টেক স্টার্টআপ (Deep Tech Startup)” অর্থ এইরূপ প্রতিষ্ঠান যাহা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা (FinTech) বা তথ্য বা বৈজ্ঞানিক গবেষণা বা ইঞ্জিনিয়ারিং জ্ঞাননির্ভর এবং যাহার নিজস্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ (Intellectual Property) রহিয়াছে;
(ঘ) “স্টার্টআপ” অর্থে স্ট্যান্ডার্ড স্টার্টআপ (Standard Startup) বা ডিপ টেক স্টার্টআপ (Deep Tech Startup) কোম্পানি অন্তর্ভুক্ত হইবে যাহার বার্ষিক টার্নওভার কোনো অর্থবৎসরে ১০০ (একশত) কোটি টাকার ঊর্ধ্বে নহে এবং যাহা-
(অ) কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮নং আইন) এর অধীন নিগমিত; এবং
(আ) একীভূতকরণ বা ডিমার্জার স্কিমের অধীন সৃষ্ট কোনো কোম্পানি নহে।
(ঙ) “স্ট্যান্ডার্ড স্টার্টআপ (Standard Startup)” অর্থ এইরূপ প্রতিষ্ঠান যাহা পণ্য, সেবা, প্রক্রিয়া, ব্যবসায়িক মডেল বা প্রযুক্তির উদ্ভাবন বা উন্নয়ন বা উৎকর্ষ সাধন কর্মে নিয়োজিত অথবা ব্যাপক কর্মসংস্থান অথবা সম্পদ সৃষ্টির সম্ভাবনা রহিয়াছে এইরূপ নূতন ব্যবসার মডেল দ্বারা পরিচালিত। ]
১ অর্থ আইন, ২০২৬ এর ১৫৯ ধারাবলে অষ্টম তফসিলের নিম্নরূপ অংশ ২ এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ অংশ ২ – স্টার্টআপ স্যান্ডবক্স
১। এই আইনের অধীন নিবন্ধিত কোনো স্টার্র্টআপের গ্রোথ বর্ষের “ব্যবসা হইতে আয়” নিরুপণের ক্ষেত্রে ধারা ৫৫ ও ধারা ৫৬ প্রযোজ্য হইবে না।
২। কোনো গ্রোথবর্ষে কোনো নিবন্ধিত স্টার্টআপ লোকসান করিলে এবং উক্ত লোকসান সংশ্লিষ্ট করবর্ষে সমন্বয় না করা গেলে পরবর্তী ৯ (নয়) বৎসর পর্যন্ত উহার জের টানা ও সমন্বয় করা যাইবে।
৩। কোনো গ্রোথবর্ষে কোনো নিবন্ধিত স্টার্টআপের জন্য ধারা ১৬৩ এর উপ-ধারা (৫) এর অধীন ন্যুনতম করহার ০.১% (দশমিক এক শতাংশ) হইবে।
৪। কোনো স্টার্টআপ তার সিস্টেমে বা হিসেবের খতিয়ানে আয়কর কর্তৃপক্ষকে স্থায়ী প্রবেশাধিকার বা অ্যাকসেস প্রদান করিলে কেবল ধারা ১৬৬ এবং ধারা ১৭৭ এর অধীন রিটার্ন দাখিল ব্যতীত তাহার অন্য কোনো রিপোর্টিং বাধ্যবাধকতা থাকিবে না।
৫। কোনো স্টার্টআপকে স্যান্ডবক্সের সুবিধা গ্রহণ করিতে হইলে জাতীয় রাজস্ব বোর্ডে নিবন্ধিত হইতে হইবে।
৬। নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে কোনো স্টার্টআপ নিবন্ধনের উপযুক্ত হইবে না –
(ক) যদি ১ জুলাই, ২০১৭ এর পূর্বে নিগমিত (incorporated) হয়; অথবা
(খ) ১ জুলাই, ২০১৭ হইতে ৩০ জুন ২০২৩ এর মধ্যে নিগমিত এবং ৩০ জুন ২০২৪ তারিখের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডে নিবন্ধিত (registered) হইতে ব্যর্থ হয়; অথবা
(গ) ১ জুলাই ২০২৩ এর পর নিগমিত এবং নিগমিত হইবার বংসরের পরের বৎসরের ৩০ জুন তারিখের মধ্যে এই ধারার অধীন নিবন্ধিত হইতে ব্যর্থ হয়।
৭। এই অংশের উদ্দেশ্যপূরণকল্পে,-
(ক) “গ্রোথবর্ষ (growth years)” অর্থ –
(অ) ১ জুলাই ২০১৭ হইতে ৩০ জুন ২০২৩ এর মধ্যে নিগমিত (incorporated) ও ৩০ জুন ২০২৪ তারিখের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডে নিবন্ধিত স্টার্টআপের জন্য ১ জুলাই, ২০২৪ হইতে ৩০ জুন ২০২৭ পর্যন্ত ৩ (তিন) বৎসর; বা
(আ) ১ জুলাই ২০২৩ তারিখে বা উক্ত তারিখের পরে নিগমিত এবং নিগমিত হইবার পরের বৎসরের ৩০ জুন তারিখের মধ্যে এই ধারার অধীন নিবন্ধিত স্টার্টআপের জন্য নিগমিত হইবার বৎসরের শেষ হইতে পরবর্তী ৫ (পাঁচ) বৎসর;
(খ) “উদ্ভাবন (innovation)” অর্থ কোনো তাৎপর্যপূর্ণ সমস্যা বা সমস্যাগুচ্ছের অভিনব সমাধান প্রদানের মাধ্যমে বা বিদ্যমান সমাধানের উল্লেখযোগ্য উন্নতিসাধনের মাধ্যমে মূল্য সৃষ্টির প্রক্রিয়া;
(গ) “স্টার্টআপ” অর্থ এইরূপ কোনো কোম্পানি যার বার্ষিক টার্নওভার কোনো অর্থবৎসরে ১০০ (একশত) কোটি টাকার ঊর্ধ্বে নহে এবং যাহা-
(অ) কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮নং আইন) এর অধীন নিগমিত; এবং
(আ) উদ্ভাবন, উন্নয়ন, প্রযুক্তি বা মেধাস্বত্ব চালিত নূতন পণ্য, প্রক্রিয়া বা সেবার বিস্তারে বা বাণিজ্যিকীকরণে নিয়োজিত; এবং
(ই) একীভূতকরণ বা ডিমার্জার স্কিমের অধীন সৃষ্ট কোনো কোম্পানি নহে। ]
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।