আয়কর আইন ২০২৩
ধারা ১৭৭ - উৎসে করের রিটার্ন
(১) নিম্নবর্ণিত ব্যক্তিগণ বোর্ড কর্তৃক যেইরূপ উপযুক্ত সেইরূপ নির্ধারিত ফরমে অংশ ৭ এর বিধানাবলির অধীন কর্তনকৃত বা সংগ্রহকৃত করের রিটার্ন দাখিল করিবেন:
১[(ক) সরকারের মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তর এবং মাসিক পেমেন্ট আদেশভুক্ত (এমপিও) কোনো শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত যেকোনো কোম্পানি; ]
(খ) ফার্ম;
(গ) ব্যক্তিসংঘ;
(ঘ) বেসরকারি হাসপাতাল;
(ঙ) ক্লিনিক;
(চ) ডায়াগনস্টিক সেন্টার ২[;
(ছ) পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ;
(জ) বার্ষিক ১ (এক) কোটি টাকার অধিক টার্নওভার বিশিষ্ট কোনো ই-কমার্স প্লাটফর্ম বা অনলাইন মার্কেটপ্লেস;
(ঝ) বার্ষিক ১ (এক) কোটি টাকার অধিক টার্নওভার বিশিষ্ট হোটেল, রিসোর্ট, মোটেল, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার, কমিউনিটি সেন্টার, ট্রান্সপোর্ট এজেন্সি;
(ঞ) কৃষক নহেন, এইরূপ কোনো ব্যক্তি যিনি তামাক পাতা, সিগারেট, বিড়ি, জর্দা, গুল ও অন্যান্য তামাক জাতীয় পণ্য উৎপাদনে জড়িত;
(ট) বার্ষিক ১০ (দশ) কোটি টাকার অধিক ব্যবসায়িক টার্নওভার রহিয়াছে এইরূপ যেকোনো স্বাভাবিক ব্যক্তি। ]
(২) উপ-ধারা (১) এর অধীন রিটার্ন-
(ক) করদাতা যে উপকর কমিশনারের অধিক্ষেত্রের আওতাধীন তাহার নিকট দাখিল করিতে হইবে;
(খ) নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট বিবরণ ও তথ্যাদি এবং তফসিল, বিবৃতি, হিসাব, পরিশিষ্ট বা দলিলাদি সহযোগে দাখিল করিতে হইবে;
(গ) ধারা ১৬৯ এর উপ-ধারা (৫) এ বর্ণিত পদ্ধতিতে স্বাক্ষরিত ও প্রতিপাদন করিতে হইবে;
৩[(৩) উপ-ধারা (১) এর অধীন পূর্ববর্তী ০৩ (তিন) মাসের জন্য প্রযোজ্য রিটার্ন নিম্নবর্ণিত সময়ে দাখিল করিতে হইবে, যথা:–
| অর্থবৎসরের তারিখ | যে মাসের জন্য প্রযোজ্য |
| (১) | (২) |
| ২৫ অক্টোবর | জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর |
| ২৫ জানুয়ারি | অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর |
| ২৫ এপ্রিল | জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ |
| ২৫ জুলাই | এপ্রিল, মে ও জুন: |
তবে শর্ত থাকে যে, যেইক্ষেত্রে উপর্যুক্ত সারণীতে উল্লিখিত তারিখ সাপ্তাহিক বা সরকারি কোনো ছুটির দিন সেইক্ষেত্রে পরবর্তী কর্মদিবসে উক্ত রিটার্ন দাখিল করিতে হইবে। ]
(৪) ৪[*** ]
(৫) বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ইলেকট্রনিক, যন্ত্রে পাঠযোগ্য বা কম্পিউটারে পাঠযোগ্য মাধ্যমে রিটার্ন দাখিলের ক্ষেত্র, ফরম ও পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।
১ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১০১(ক) ধারাবলে উপ-ধারা (১) এর নিম্নরূপ দফা (ক) এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ (ক) স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত সংস্থা, সরকারের কোনো কর্তৃপক্ষ, বাংলা ভাষায় পাঠদানকারী প্রাথমিক বা প্রাক-প্রাথমিক বিদ্যালয়, সরকারি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বা মাসিক পেমেন্ট আদেশভুক্ত (এমপিও) কোনো শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য কোম্পানি; ]
২ অর্থ আইন, ২০২৬ এর ১০৫ ধারাবলে উপ-ধারা (১) এর দফা (চ) এর প্রান্তস্থিত “।” দাঁড়ি চিহ্নের পরিবর্তে “;” সেমিকোলন চিহ্ন প্ৰতিস্থাপিত এবং অতঃপর নূতন দফা (ছ), (জ), (ঝ), (ঞ) ও (ট) সংযোজিত।
৩ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১০১(খ) ধারাবলে উপ-ধারা (৩) এর পরিবর্তে প্রতিস্থাপিত।
৪ অর্থ আইন, ২০২৪ এর ৬৫(খ) ধারাবলে নিম্নরূপ উপ-ধারা (৪) বিলুপ্ত।
[ (৪) উপকর কমিশনার এই ধারার অধীন রিটার্ন দাখিলের সময় নির্ধারিত তারিখ হইতে অনধিক ১৫ (পনেরো) দিন বা উক্ত মাসের শেষ দিন পর্যন্ত বৃদ্ধি করিতে পারিবেন। ]
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।