Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬

বিধি ৮ - মূসক নিবন্ধন বাতিল

১[(১) কোনো নিবন্ধিত ব্যক্তি তাহার মূসক নিবন্ধন বাতিলের জন্য ফরম “মূসক-২.৪” এ বিভাগীয় কর্মকর্তার নিকট আবেদন করিতে পারিবেন, যদি-

(ক) তিনি নিবন্ধিত হওয়ার পরবর্তী সময়ে অর্থনৈতিক কার্যক্রম শুরু করিতে ব্যর্থ হন;

(খ) তিনি তাহার অর্থনৈতিক কার্যক্রম বন্ধ করিয়া দেন;

(গ) তাহার অর্থনৈতিক কার্যক্রমটি অব্যাহতিপ্রাপ্ত হিসাবে ঘোষিত হয়; বা

(ঘ) পর পর ২ (দুই) বৎসর তাহার বার্ষিক টার্নওভার নিবন্ধনসীমার নিচে থাকে।

(২) উপ-বিধি (১) এর অধীন কোনো আবেদন দাখিল করা হইলে বিভাগীয় কর্মকর্তা বিষয়টি সম্পর্কে যথাযথ অনুসন্ধানের পর-

(ক) নিবন্ধন বাতিলের কারণ যুক্তিসংগত বলিয়া বিবেচিত হইলে, উক্ত নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করিয়া তাহাকে eVAT সিস্টেমের মাধ্যমে অবহিত করিবেন; বা

(খ) নিবন্ধন বাতিলের কারণ যুক্তিসংগত বলিয়া বিবেচিত না হইলে বা আবেদন অসম্পূর্ণ থাকিলে বা অন্য কোনো কারণে নিবন্ধন বাতিল করা যুক্তিসংগত না হইলে, তাহাকে শুনানির যুক্তিসংগত সুযোগ প্রদান করিয়া, নিবন্ধন সাময়িকভাবে স্থগিত বা অন্যবিধ সিদ্ধান্ত গ্রহণ করিয়া তাহাকে eVAT সিস্টেমের মাধ্যমে অবহিত করিবেন।

(৩) উপ-বিধি (২) হইতে স্বতন্ত্রভাবে, তাৎক্ষণিক BIN প্রদানের পরবর্তীতে সরেজমিনে যাচাইকালে কোনো গরমিল বা অনিয়ম পরিলক্ষিত হইলে, বিধি ৪ এর উপ-বিধি (৪) এর দফা (খ) এর অধীন রাজস্ব কর্মকর্তা eVAT সিস্টেমের মাধ্যমে বিভাগীয় কর্মকর্তাকে অবহিত করিবেন এবং উক্ত বিভাগীয় কর্মকর্তা eVAT সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট করদাতার বরাবরে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করিবেন।

(৪) উপ-বিধি (৩) এর অধীন জারীকৃত কারণ দর্শানোর নোটিশে-

(ক) সুনির্দিষ্টভাবে চিহ্নিত গরমিল বা অনিয়মের বিবরণ;

(খ) করদাতাকে লিখিত জবাব দাখিলের জন্য নির্ধারিত সময়সীমা [নোটিশ জারির তারিখ হইতে অনধিক ১৫ (পনেরো) কার্যদিবস]; এবং

(গ) ব্যক্তিগত বা ভার্চুয়াল শুনানির তারিখ, সময় ও মাধ্যম উল্লেখ করিতে হইবে।

(৫) কারণ দর্শানোর নোটিশের জবাব না পাওয়া গেলে বা দাখিলকৃত জবাব শুনানি গ্রহণান্তে সন্তোষজনক না হইলে বিভাগীয় কর্মকর্তা eVAT সিস্টেমের মাধ্যমে-

(ক) সংশ্লিষ্ট নিবন্ধনের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করিতে পারিবেন; অথবা

(খ) উক্ত নিবন্ধনের বিপরীতে প্রদেয় সেবার পরিসর আদেশ দ্বারা সীমিত করিয়া দিতে পারিবেন:

      তবে শর্ত থাকে যে, উপ-বিধি (৫) এর অধীন কোনো আদেশ প্রদানের পূর্বে সংশ্লিষ্ট করদাতাকে শুনানির যুক্তিসংগত সুযোগ প্রদান করিতে হইবে।

(৬) উপ-বিধি (৩) অনুযায়ী যে করমেয়াদে অনিয়ম বা গরমিল চিহ্নিত হইয়াছে তাহার অব্যবহিত পরবর্তী দাখিলপত্র পেশের বাধ্যবাধকতার তারিখের পূর্বে বিভাগীয় কর্মকর্তা উত্থাপিত বিষয়টি নিষ্পত্তি করিতে না পারিলে, eVAT সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে-

(ক) সংশ্লিষ্ট নিবন্ধন সনদপত্রের কার্যকারিতার উপর জারিকৃত স্থগিতাদেশ বাতিল বলিয়া গণ্য করিবে; এবং

(খ) সংশ্লিষ্ট করদাতার নিবন্ধন সনদপত্রের কার্যকারিতা পুনঃপ্রতিষ্ঠিত হইবে এবং সিস্টেম করদাতাকে ইমেইলে উক্ত বিষয়ে অবহিত করিবে।

(৭) উপ-বিধি (২) এর অধীন নিবন্ধন সাময়িক স্থগিতের ১৫ (পনেরো) দিনের মধ্যে নিবন্ধিত ব্যক্তি আইনের ধারা ৯ এর উপ-ধারা (৬) এর অধীন সকল কার্যক্রম সম্পন্ন করিবেন।

(৮) উপ-বিধি (৭) এর অধীন চূড়ান্ত দাখিলপত্র পেশের ১৫ (পনেরো) দিনের মধ্যে উহা যাচাইআন্তে তথ্যাদি যথাযথ প্রাপ্তি সাপেক্ষে বিভাগীয় কর্মকর্তা তাহার নিবন্ধন বাতিল করিবেন।

(৯) উপ-বিধি (১) এর দফা (ঘ) এ বর্ণিত কারণে নিবন্ধন বাতিলের ক্ষেত্রে যদি দেখা যায় যে তাহার বার্ষিক টার্নওভার নিবন্ধনসীমার নিচে, কিন্তু তালিকাভুক্তিসীমার উপরে, তাহা হইলে বিভাগীয় কর্মকর্তা তাহার মূসক নিবন্ধন বাতিলপূর্বক তাহাকে টার্নওভার কর তালিকাভুক্ত করিতে পারিবেন।

(১০) বিভাগীয় কর্মকর্তা যথাযথ অনুসন্ধানের পর যদি নিশ্চিত হন যে কোনো ব্যক্তির মূল্য সংযোজন করদাতা হিসাবে নিবন্ধিত থাকিবার আর প্রয়োজন নাই, তাহা হইলে তিনি উক্ত ব্যক্তিকে শুনানির যুক্তিসংগত সুযোগ প্রদান করিয়া তাহার মূসক নিবন্ধন বাতিল করিতে পারিবেন।

(১১) উপ-বিধি (৮) এর অধীন যাচাই বা উপ-বিধি (১০) এর অধীন অনুসন্ধান সত্ত্বেও মূসক নিবন্ধন বাতিলের পর যদি উদ্ঘাটিত হয় যে, উক্ত ব্যক্তির নিকট আইনের অধীন কোনো বকেয়া পাওনা রহিয়াছে বা কোনো অপরাধ সংঘটিত হইয়াছে, তাহা হইলে তাহার প্রতি আইনের সংশ্লিষ্ট বিধান এইরূপে প্রয়োজ্য হইবে যেন তিনি একজন নিবন্ধিত ব্যক্তি। ]

১  এস.আর.ও. নং-১২৫-আইন/২০২৬/৩৩০-মূসক, তারিখঃ ০৭ জুন, ২০২৬ দ্বারা নিম্নরূপ বিধি ৮ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ বিধি ৮ – মূসক নিবন্ধন বাতিল

(১) কোনো নিবন্ধিত ব্যক্তি তাহার মূসক নিবন্ধন বাতিলের জন্য ফরম “মূসক-২.৪” এ বিভাগীয় কর্মকর্তার নিকট আবেদন করিতে পারিবেন, যদি—

(ক) তিনি নিবন্ধিত হওয়ার পরবর্তী সময়ে অর্থনৈতিক কার্যক্রম শুরু করিতে ব্যর্থ হন;

(খ) তিনি তাহার অর্থনৈতিক কার্যক্রম বন্ধ করিয়া দেন;

(গ) তাহার অর্থনৈতিক কার্যক্রমটি অব্যাহতিপ্রাপ্ত হিসাবে ঘোষিত হয়; বা

(ঘ) পর পর ২ (দুই) বৎসর তাহার বার্ষিক টার্নওভার নিবন্ধনসীমার নিচে থাকে।

(২) উপ-বিধি (১) এর অধীন কোনো আবেদন দাখিল করা হইলে বিভাগীয় কর্মকর্তা বিষয়টি সর্ম্পকে যথাযথ অনুসন্ধানের পর—

(ক) নিবন্ধন বাতিলের কারণ যুক্তিসঙ্গত বলিয়া বিবেচিত হইলে, উক্ত নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করিয়া তাহাকে অবহিত করিবেন; বা

(খ) নিবন্ধন বাতিলের কারণ যুক্তিসঙ্গত বলিয়া বিবেচিত না হইলে বা আবেদন অসম্পূর্ণ থাকিলে বা অন্য কোনো কারণে নিবন্ধন বাতিল করা যুক্তিসঙ্গত না হইলে, তাহাকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিয়া, নিবন্ধন সাময়িকভাবে স্থগিত বা অন্যবিধ সিদ্ধান্ত গ্রহণ করিয়া তাহাকে অবহিত করিবেন।

(৩) উপ-বিধি (২) এর অধীন নিবন্ধন সাময়িক স্থগিতের ১৫ (পনের) দিনের মধ্যে নিবন্ধিত ব্যক্তি ধারা ৯ এর উপ-ধারা (৬) এর অধীন সকল কার্যক্রম সম্পন্ন করিবেন।

(৪) উপ-বিধি (৩) এর অধীন চূড়ান্ত দাখিলপত্র পেশের ১৫ (পনের) দিনের মধ্যে উহা যাচাই-আন্তে তথ্যাদি যথাযথ প্রাপ্তি সাপেক্ষে, বিভাগীয় কর্মকর্তা তাহার নিবন্ধন বাতিল করিবেন।

(৫) উপ-বিধি (১) এর দফা (ঘ) এ বর্ণিত কারণে নিবন্ধন বাতিলের ক্ষেত্রে যদি দেখা যায় যে তাহার বার্ষিক টার্নওভার নিবন্ধনসীমার নিচে, কিন্তু তালিকাভুক্তিসীমার উপরে, তাহা হইলে বিভাগীয় কর্মকর্তা তাহার মূসক নিবন্ধন বাতিলপূর্বক তাহাকে টার্নওভার কর তালিকাভুক্ত করিতে পারিবেন।

(৬) বিভাগীয় কর্মকর্তা যথাযথ অনুসন্ধানের পর যদি নিশ্চিত হন যে কোনো ব্যক্তির মূল্য সংযোজন করদাতা হিসাবে নিবন্ধিত থাকিবার আর প্রয়োজন নাই, তাহা হইলে তিনি উক্ত ব্যক্তিকে শুনানির যুক্তিসংগত সুযোগ প্রদান করিয়া তাহার মূসক নিবন্ধন বাতিল করিতে পারিবেন।

(৭) উপ-বিধি (৪) এর অধীন যাচাই বা উপ-বিধি (৬) এর অধীন অনুসন্ধান সত্ত্বেও, মূসক বাতিলের পর যদি উদঘাটিত হয় যে, উক্ত ব্যক্তির নিকট আইনের অধীন কোনো বকেয়া পাওনা রহিয়াছে বা কোনো অপরাধ সংঘটিত হইয়াছে, তাহা হইলে তাহার প্রতি আইনের সংশ্লিষ্ট বিধান এইরূপে প্রযোজ্য হইবে যেন তিনি একজন নিবন্ধিত ব্যক্তি। ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top