Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬

বিধি ৪ - নিবন্ধনের আবেদন ও নিবন্ধন প্রদান

১[(১) প্ৰত্যেক নিবন্ধনযোগ্য ব্যক্তি যে দিন তাহার নিবন্ধনের আবশ্যকতা উদ্ভূত হইবে সেই দিন হইতে ১৫ (পনের) দিনের মধ্যে আবাসিক ব্যক্তির ক্ষেত্রে ফরম “মূসক- ২.১” এবং অনাবাসিক ব্যক্তির ক্ষেত্রে ফরম “মূসক-২.২” এ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট মূসক নিবন্ধনের জন্য আবেদন করিবেন।

(২) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত স্থানে আবেদন দাখিল করা যাইবে, যথা:-

(ক) অনলাইনে বোর্ডের ভ্যাট অনলাইন সিস্টেমে (eVAT সিস্টেম);

(খ) আবেদনকারীর জন্য সুবিধাজনক হয় এমন কোনো কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বা বিভাগীয় দপ্তর কর্তৃক নির্ধারিত সেবা কেন্দ্র;

(গ) বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক নির্ধারিত কোনো সেবা কেন্দ্র;

(ঘ) বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক পরিচালিত কোনো মেলা; এবং

(ঙ) বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোনো স্থান।

(৩) উপ-বিধি (২) এর দফা (খ) হইতে (ঙ) এর অধীন আবেদনের ক্ষেত্রে আবেদন দাখিলের পরবর্তী কার্যদিবসের মধ্যে আবেদনটি ভ্যাট অনলাইন সিস্টেমে (eVAT সিস্টেমে) প্রেরণ করিতে হইবে।

(৪) eVAT সিস্টেমে অনলাইনে আবেদন দাখিলের ক্ষেত্রে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আবেদনের প্রয়োজনীয় তথ্যাদি যাচাই করিবে এবং –

(ক) আবেদনটি সিস্টেম-নির্ধারিত মানদণ্ড পূরণ করিলে (Valid), সিস্টেম তাৎক্ষণিকভাবে আবেদনকারীকে আবেদন সফলভাবে জমাদানের বিজ্ঞপ্তি প্রদর্শন করিবে এবং তৎক্ষণাৎ আবেদনকারীর নিবন্ধিত ইমেইল ঠিকানায় ফরম “মূসক-২.৩” এ ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা (BIN) সংবলিত একটি মূল্য সংযোজন কর নিবন্ধন সনদপত্র প্রেরণ করিবে, উক্ত সনদপত্র জারির মুহূর্ত হইতেই নিবন্ধনটি কার্যকর বলিয়া গণ্য হইবে;

ব্যাখ্যা।- এই বিধির উদ্দেশ্যে, “Valid আবেদন” বলিতে এমন আবেদন বোঝাইবে যাহাতে eVAT সিস্টেমে নির্ধারিত সকল বাধ্যতামূলক তথ্য সঠিকভাবে পূরণ করা হইয়াছে এবং সংযুক্ত দলিলাদি সিস্টেম-নির্ধারিত ফরম্যাটে আপলোড করা হইয়াছে।

(খ) আবেদনটি সিস্টেম-নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হইলে, সিস্টেম আবেদনকারীকে তাৎক্ষণিকভাবে ত্রুটির বিবরণ উল্লেখপূর্বক পুনরায় সংশোধিত আবেদন দাখিলের নির্দেশনা প্রদান করিবে :

      তবে শর্ত থাকে যে, উপ-বিধি (২) এর দফা (খ) হইতে (ঙ) এর অধীনে দাখিলকৃত আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা কর্তৃক অনলাইনে eVAT সিস্টেমে প্রেরণের সময় সিস্টেম তাৎক্ষণিক BIN প্রদানের উপর্যুক্ত বিধান একইভাবে প্রযোজ্য হইবে।

(৫) উপ-বিধি (৪) এর দফা (ক) এর অধীন মূসক নিবন্ধন সনদপত্র জারির পর eVAT সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা এবং বিভাগীয় কর্মকর্তাকে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রদান করিবে, বিজ্ঞপ্তি প্রাপ্তির পর সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা যথাসময়ে সরেজমিনে যাচাই কার্যক্রম পরিচালনা করিবেন।

(৬) সরেজমিনে যাচাইকালে সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা যদি কোনো গরমিল বা অনিয়ম পরিলক্ষিত করেন, তাহা হইলে তিনি যে করমেয়াদে উক্ত গরমিল বা অনিয়ম পরিলক্ষিত হইয়াছে তাহার অব্যবহিত পরবর্তী যে করমেয়াদে দাখিলপত্র পেশের বাধ্যবাধকতা রহিয়াছে উক্ত তারিখের পূর্বেই eVAT সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাকে অবহিত করিবেন।

(৭) উপ-বিধি (৬) এর অধীন অবহিত হওয়ার পর বিভাগীয় কর্মকর্তা eVAT সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট করদাতার বিপরীতে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করিবেন, উক্ত নোটিশে নির্দিষ্ট সময়সীমার মধ্যে করদাতাকে লিখিত জবাব দাখিলের নির্দেশ প্রদান করা হইবে এবং জবাব দাখিলের তারিখ ও সময় উল্লেখ করিতে হইবে।

(৮) করদাতা কারণ দর্শানোর নোটিশের জবাব দাখিল না করিলে বা দাখিলকৃত জবাব শুনানি গ্রহণান্তে বিভাগীয় কর্মকর্তার নিকট সন্তোষজনক বলিয়া বিবেচিত না হইলে, তিনি-

(ক) ইস্যুকৃত নিবন্ধনের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করিতে পারিবেন; অথবা

(খ) উক্ত নিবন্ধনের বিপরীতে প্রদেয় সেবার পরিসর আদেশ দ্বারা সীমিত করিয়া দিতে পারিবেন:

       তবে শর্ত থাকে যে, উপ-বিধি (৮) এর অধীন স্থগিতাদেশ বা সীমাবদ্ধতার আদেশ প্রদানের আগে করদাতাকে শুনানির যুক্তিসংগত সুযোগ প্ৰদান করিতে হইবে।

(৯) উপ-বিধি (৬) অনুযায়ী যে করমেয়াদে অনিয়ম দায়ের করা হইয়াছে তাহার অব্যবহিত পরবর্তী দাখিলপত্র পেশের বাধ্যবাধকতার তারিখের পূর্বেই বিভাগীয় কর্মকর্তা উত্থাপিত বিষয়টি নিষ্পত্তি করিতে না পারিলে, eVAT সিস্টেম হইতে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট নিবন্ধন সনদপত্রের কার্যকারিতার উপর জারিকৃত স্থগিতাদেশের আদেশ বাতিল বলিয়া গণ্য হইবে এবং সংশ্লিষ্ট করদাতার নিবন্ধন পুনঃস্থাপিত হইবে।

(১০) বিধি ৪ এ যাহা কিছুই থাকুক না কেন, আইনের ধারা ৩১ এর উপ-ধারা (৪) এবং ধারা ৭১ এর অধীন কর ফেরত প্রদানসহ আইনের আওতায় নিবন্ধন বা তালিকাভুক্তি বাধ্যতামূলক নয় এমন ব্যক্তির আমদানি বা রপ্তানির ক্ষেত্রে কাস্টমস সিস্টেমের সহায়তায় নিমিত্তিক ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা প্রদান করা যাইবে। ]

১  এস.আর.ও. নং-১২৫-আইন/২০২৬/৩৩০-মূসক, তারিখঃ ০৭ জুন, ২০২৬ দ্বারা নিম্নরূপ বিধি ৪ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ বিধি ৪ – নিবন্ধনের আবেদন ও নিবন্ধন প্রদান

(১) প্রত্যেক নিবন্ধনযোগ্য ব্যক্তি যে দিন তাহার নিবন্ধনের আবশ্যকতা উদ্ভুত হইবে সেই দিনের পর হইতে ১৫ (পনের) দিনরে মধ্যে আবাসিক ব্যক্তির ক্ষেত্রে ফরম “মূসক ২.১” এবং অনাবাসিক ব্যক্তির ক্ষেত্রে ফরম “মূসক ২.২” এ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট মূসক নিবন্ধনের জন্য আবেদন করিবেন।

(২) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত স্থানে আবেদন দাখিল করা যাইবে, যথাঃ-

(ক) অনলাইনে বোর্ডের ভ্যাট অনলাইন সিস্টেমে;

(খ) আবেদনকারীর জন্য সুবিধাজনক হয় এমন কোনো কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বা বিভাগীয় দপ্তর কর্তৃক নির্ধারিত সেবা কেন্দ্ৰ;

(গ) বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক নির্ধারিত কোনো সেবা কেন্দ্ৰ ;

(ঘ) বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক পরিচালিত কোনো মেলা; এবং

(ঙ) বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোনো স্থান।

(৩) উপ-বিধি (২) এর দফা (খ) হইতে (ঙ) এর অধীন আবেদনের ক্ষেত্রে আবেদন দাখিলের পরবর্তী কার্যদিবসের মধ্যে আবেদনটি ভ্যাট অনলাইন সিস্টেমে প্রেরণ করিতে হইবে।

(৪) বিভাগীয় কর্মকর্তা প্রাপ্ত আবেদনে বর্ণিত তথ্য প্রাথমিক যাচাই-আন্তে যথাযথ পাইলে তাহাকে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে নিবন্ধিত করিবেন এবং তাহার অনুকূলে ফরম “মূসক-২.৩” এ ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা সংবলিত একটি মূল্য সংযোজন কর নিবন্ধন সনদপত্র জারি করিবেন :

তবে শর্ত থাকে যে, নিবন্ধনের কোনো আবেদন বিধি সম্মত না হইলে বিভাগীয় কর্মকর্তা কারণ উল্লেখপূর্বক বিষয়টি আবেদনকারীকে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে অবহিত করিবেন।

(৫) [***]

(৬) এই বিধিতে যাহা কিছুই থাকুক না কেন, ধারা ৩১ এর উপ-ধারা (৪) এবং ধারা ৭১ এর অধীন কর ফেরত প্রদানসহ আইনের আওতায় নিবন্ধন বা তালিকাভুক্তি বাধ্যতামূলক নয় এমন ব্যক্তির আমদানি বা রপ্তানির ক্ষেত্রে কাস্টমস সিস্টেমের সহায়তায় নৈমিত্তিক ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা প্রদান করা যাইবে। ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top