Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬

বিধি ৭ - বিভাগীয় কর্মকর্তা কর্তৃক স্ব-উদ্যোগে নিবন্ধিত বা তালিকাভুক্তিকরণ

[(১) ধারা ১২ এর অধীন মূসক নিবন্ধনযোগ্য বা টার্নওভার কর তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিকে বিভাগীয় কর্মকর্তা স্ব-উদ্যোগে নিবন্ধিত বা তালিকাভুক্ত করিয়া eVAT সিস্টেমের মাধ্যমে নিবন্ধন বা তালিকাভুক্তি সনদপত্র প্রদান করিবেন এবং সংশ্লিষ্ট করদাতাকে ফরম “মূসক-২.৩” এ ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা (BIN) সংবলিত নিবন্ধন বা তালিকাভুক্তি সনদপত্র তাৎক্ষণিকভাবে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন।

(২) বিভাগীয় কর্মকর্তা স্ব-উদ্যোগে নিবন্ধন প্রদান বা তালিকাভুক্তির সময় যথাযথ অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিবন্ধিত বা তালিকাভুক্ত করিবেন এবং যে তারিখে উক্ত ব্যক্তির নিবন্ধন বা তালিকাভুক্তির আবশ্যকতা উদ্ভূত হইয়াছে সেই তারিখ হইতে উহার কার্যকারিতা প্রদান করিবেন।

(৩) উপ-বিধি (১) এর অধীন স্ব-উদ্যোগে নিবন্ধন বা তালিকাভুক্তির পরবর্তীতে যদি সংশ্লিষ্ট ব্যক্তি আইনি বিধি-বিধান যথাযথভাবে পরিপালন করিতেছেন না মর্মে সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্মকর্তা কর্তৃক পরিলক্ষিত বা চিহ্নত হইলে eVAT সিস্টেমের মাধ্যমে উক্ত ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ প্রদান ও হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন, এইক্ষেত্রে উল্লিখিত তর্কিত বিষয়াদি নিষ্পত্তির জন্য বিধি ৪ এর উপ-বিধি (৭), (৮) ও (৯) এর কার্যপদ্ধতি অনুসৃত হইবে।

(৪) উপ-বিধি (২) এর অধীন কার্যকারিতা প্রদানের তারিখ হইতে উক্ত উপ-বিধিতে উল্লিখিত ব্যক্তি কর, প্রযোজ্য ক্ষেত্রে বকেয়াসহ, পরিশোধ করিবেন।

(৫) বিভাগীয় কর্মকর্তা তাহার অধিক্ষেত্রে অবস্থিত তালিকাভুক্তি বা নিবন্ধনযোগ্য সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে eVAT সিস্টেমে তালিকাভুক্ত বা নিবন্ধিত হইবার প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তা প্রদান করিবেন। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সুনির্দিষ্ট করের জন্য তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে তালিকাভুক্তি বা করদায়িতা পরিশোধের ক্ষেত্রেও তিনি এই ধরনের সহযোগিতা প্রদান করিবেন। ]

  এস.আর.ও. নং-১২৫-আইন/২০২৬/৩৩০-মূসক, তারিখঃ ০৭ জুন, ২০২৬ দ্বারা নিম্নরূপ বিধি ৭ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ বিধি ৭ – বিভাগীয় কর্মকর্তা কর্তৃক স্ব-উদ্যোগে নিবন্ধিত বা তালিকাভুক্তিকরণ

(১) ধারা ১২ এর অধীন মূসক নিবন্ধনযোগ্য বা টার্নওভার কর তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিকে বিভাগীয় কর্মকর্তা স্ব-উদ্যোগে নিবন্ধিত বা তালিকাভুক্ত করিয়া নিবন্ধন বা তালিকাভুক্তি সনদপত্র প্রদান করিবেন।

(২) বিভাগীয় কর্মকর্তা স্ব-উদ্যোগে নিবন্ধন প্রদান বা তালিকাভুক্তির সময় যথাযথ অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিবন্ধিত বা তালিকাভুক্ত করিবেন এবং যে তারিখে উক্ত ব্যক্তির নিবন্ধন বা তালিকাভুক্তির আবশ্যকতা উদ্ভুত হইয়াছে সেই তারিখ হইতে উহার কার্যকরিতা প্রদান করিবেন।

(৩) উপ-বিধি (২) এর অধীন কার্যকারিতা প্রদানের তারিখ হইতে উক্ত উপ-বিধিতে উল্লিখিত ব্যক্তি কর, ক্ষেত্রমত বকেয়াসহ, প্রদান করিবেন।

(৪) বিভাগীয় কর্মকর্তা উপ-বিধি (২) এর অধীন তালিকাভুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির অসহযোগিতার কারণে বার্ষিক টার্নওভার নির্ধারণের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করিতে ব্যর্থ হইলে বিভাগীয় কর্মকর্তার নিকট রক্ষিত তথ্যের ভিত্তিতে তাহাকে নিবন্ধিত করিবেন এবং তাহার অনুকূলে ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা সংবলিত একটি নিবন্ধন সনদপত্র প্রদান করিবেন।

 (৫) বিভাগীয় কর্মকর্তা তাহার অধিক্ষেত্রে অবস্থিত তালিকাভুক্তি বা নিবন্ধনযোগ্য সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত বা নিবন্ধিত করিবেন। ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top