মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬
বিধি ৫ - তালিকাভুক্তির আবেদন ও তালিকাভুক্তিকরণ
১[(১) কোনো ব্যক্তি ধারা ১০ এর উপ-ধারা (১) এর অধীন নির্ধারিত শর্ত পূরণ করিলে তিনি উক্ত উপ-ধারার বিধান মোতাবেক ফরম “মূসক-২.১” এ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট তালিকাভুক্তির জন্য আবেদন করিবেন।
(২) উপ-বিধি (১) এর অধীন, নিম্নবর্ণিত স্থানে আবেদন দাখিল করা যাইবে, যথা:-
(ক) অনলাইনে বোর্ডের ভ্যাট অনলাইন সিস্টেমে (eVAT সিস্টেম);
(খ) আবেদনকারীর জন্য সুবিধাজনক হয় এমন কোনো কাস্টমস, এক্সাইজ ভ্যাট কমিশনারেট, বিভাগীয় দপ্তর কর্তৃক নির্ধারিত সেবা কেন্দ্র বা বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোনো স্থান;
(গ) বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক নির্ধারিত কোনো সেবা কেন্দ্র; বা
(ঘ) বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক পরিচালিত কোনো মেলা।
(৩) উপ-বিধি (২) এর দফা (খ) হইতে (ঘ) এর অধীন আবেদনের ক্ষেত্রে আবেদন দাখিলের পরবর্তী কার্যদিবসের মধ্যে আবেদনটি ভ্যাট অনলাইন সিস্টেমে প্রেরণ করিতে হইবে।
(৪) eVAT সিস্টেমে অনলাইনে তালিকাভুক্তির আবেদন দাখিলের ক্ষেত্রে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আবেদনের প্রয়োজনীয় তথ্যাদি যাচাই করিবে এবং আবেদনটি সিস্টেম-নির্ধারিত মানদণ্ড পূরণ করিলে (Valid), সিস্টেম তাৎক্ষণিকভাবে আবেদনকারীকে সফল দাখিলের বিজ্ঞপ্তি প্রদর্শন করিবে এবং তৎক্ষণাৎ আবেদনকারীর নিবন্ধিত ইমেইল ঠিকানায় ফরম “মূসক-২.৩” এ ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা (BIN) সংবলিত একটি টার্নওভার কর তালিকাভুক্তি সনদপত্র প্রেরণ করিবে।
(৫) উপ-বিধি (৪) এর অধীন তালিকাভুক্তি সনদপত্র জারির পর eVAT সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা এবং বিভাগীয় কর্মকর্তাকে তালিকাভুক্তির বিজ্ঞপ্তি প্রদান করিবে, অত:পর সরেজমিনে যাচাই, কারণ দর্শানোর নোটিশ ও নিষ্পত্তির ক্ষেত্রে বিধি ৪ এর উপ-বিধি (৬) হইতে (৯) এর বিধানাবলি প্রযোজ্য হইবে।
(৬) আবেদনটি সিস্টেম-নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হইলে (Invalid), সিস্টেম আবেদনকারীকে তাৎক্ষণিকভাবে ত্রুটির বিবরণ উল্লেখপূর্বক সংশোধিত আবেদন পুনরায় দাখিলের নির্দেশনা প্রদান করিবে। ]
১ এস.আর.ও. নং-১২৫-আইন/২০২৬/৩৩০-মূসক, তারিখঃ ০৭ জুন, ২০২৬ দ্বারা নিম্নরূপ বিধি ৫ এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ বিধি ৫ – তালিকাভুক্তির আবেদন ও তালিকাভুক্তিকরণ
(১) কোনো ব্যক্তি ধারা ১০ এর উপ-ধারা (১) এর অধীন নির্ধারিত শর্ত পূরণ করিলে তিনি উক্ত উপ-ধারার বিধান মোতাবেক ফরম “মূসক-২.১” এ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট তালিকাভুক্তির জন্য আবেদন করিবেন।
(২) উপ-বিধি (১) এর অধীন, নিম্নবর্ণিত স্থানে আবেদন দাখিল করা যাইবে, যথা:
(ক) অনলাইনে বোর্ডের ভ্যাট অনলাইন সিস্টেমে;
(খ) আবেদনকারীর জন্য সুবিধাজনক হয় এমন কোনো কাস্টমস, এক্সাইজ ভ্যাট কমিশনারেট, বিভাগীয় দপ্তর কর্তৃক নির্ধারিত সেবা কেন্দ্র বা বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোনো স্থান;
(গ) বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক নির্ধারিত কোনো সেবা কেন্দ্র; বা
(ঘ) বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক পরিচালিত কোনো মেলা।
(৩) উপ-বিধি (২) এর দফা (খ) হইতে (ঘ) এর অধীন আবেদনের ক্ষেত্রে আবেদন দাখিলের পরবর্তী কার্যদিবসের মধ্যে আবেদনটি ভ্যাট অনলাইন সিস্টেমে প্রেরণ করিতে হইবে।
(৪) বিভাগীয় কর্মকর্তা প্রাপ্ত আবেদনের তথ্য প্রাথমিক যাচাই-আন্তে যথাযথ পাইলে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে তাহাকে তালিকাভুক্ত করিবেন এবং তাহার অনুকূলে ফরম “মূসক-২.৩” এ ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা সংবলিত একটি টার্নওভার কর সনদপত্র জারি করিবেন। ]
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।