মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২
ধারা ১০ - তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি ও তালিকাভুক্তি
১[ (১) কোন ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করিয়া ১২ মাসের মধ্যে যে কোন সময়ে যদি তালিকাভুক্তি সীমা অতিক্রম করেন, কিন্তু নিবন্ধনসীমা অতিক্রম না করেন, তাহা হইলে তিনি উক্ত সীমা অতিক্রম করার অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে, নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে, টার্নওভার করদাতা হিসাবে তালিকাভুক্তির জন্য eVAT সিস্টেমে আবেদন দাখিল করিবেন।
(২) দাখিলকৃত আবেদনটি বিধি দ্বারা নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতি অনুযায়ী যথযথ থাকিলে eVAT সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে অনুমোদনপূর্বক উক্ত ব্যক্তিকে তালিকাভুক্ত করিবেন এবং তাৎক্ষণিকভাবে উক্ত ব্যক্তির অনুকূলে একটি তালিকাভুক্তি নম্বর সম্বলিত সনদপত্র সরবরাহ করিবেন। ]
১ অর্থ আইন, ২০২৬ এর (৪) ধারাবলে নিম্নরূপ ধারা ১০ এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ ধারা ১০ – তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি ও তালিকাভুক্তি
(১) যদি কোন ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করিয়া ১২ মাসের কোন ত্রৈমাসিক শেষে তালিকাভুক্তিসীমা অতিক্রম করেন কিন্তু যদি নিবন্ধনসীমা অতিক্রম না করেন, তাহা হইলে উক্ত ব্যক্তি উক্ত ত্রৈমাসিক সময় সমাপ্ত হইবার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে, নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে, টার্নওভার করদাতা হিসাবে তালিকাভুক্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট আবেদন করিবেন।
(২) সংশ্লিষ্ট কর্মকর্তা নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, উক্ত ব্যক্তিকে টার্নওভার করদাতা হিসাবে তালিকাভুক্ত করিয়া ব্যবসা সনাক্তকরণ সংখ্যা সম্বলিত টার্নওভার কর সনদপত্র প্রদান করিবেন। ]
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।