মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২
১[ ধারা ৩১ - আমদানিকালে আগাম কর পরিশোধ ও সমন্বয়
(১) প্রত্যেক নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি আমদানিকৃত পণ্যের সরবরাহের উপর প্রদেয় মূসক উপ-ধারা (২) এ উল্লিখিত হারে আগাম পরিশোধ করিবেন।
২[(২) করযোগ্য আমদানির উপর মূসক যে সময় ও পদ্ধতিতে আদায় করা হয় সেই একই সময় ও পদ্ধতিতে করযোগ্য আমদানির মূসক আরোপযোগ্য ভিত্তিমূল্যের উপর বোর্ড কর্তৃক নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে পণ্য উৎপাদনের লক্ষ্যে আমদানিকৃত উপকরণের ক্ষেত্রে ৩[২ (দুই)] শতাংশ হারে এবং অন্যান্য ক্ষেত্রে ৪[৭.৫ (সাত দশমিক পাঁচ) শতাংশ হারে আগাম কর প্রদেয় হইবে। ]
(৩) ৫[উপ-ধারা (৩ক) এর ক্ষেত্র ব্যতীত,] প্রত্যেক নিবন্ধিত আমদানিকারক যিনি আগাম কর পরিশোধ করিয়াছেন তিনি নির্ধারিত পদ্ধতিতে সংশ্লিষ্ট কর মেয়াদ বা তৎপরবর্তী ৬[ছয়টি কর মেয়াদের] মধ্যে মূসক দাখিলপত্রে পরিশোধিত আগাম করের সমপরিমাণ অর্থ হ্রাসকারী সমন্বয় গ্রহণ করিতে পারিবেন।
৭[ (৩ক) যেইক্ষেত্রে বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক আমদানি পর্যায়ে ৭.৫ (সাত দশমিক পাঁচ) শতাংশ আগাম কর পরিশোধ করা হইয়াছে, সেইক্ষেত্রে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজনের পরিমাণ ৫০ (পঞ্চাশ) শতাংশের অধিক না হইলে আমদানি পরবর্তী প্রথম বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতিতে চালানপত্র জারি সাপেক্ষে, মূসক পরিশোধ করিতে হইবে না। ]
(৪) যে ব্যক্তি আগাম কর পরিশোধ করিয়াছেন কিন্তু নিবন্ধিত নহেন তিনি নির্ধারিত পদ্ধতিতে আগাম কর ফেরত ৮[গ্রহণের] নিমিত্ত কমিশনারের নিকট আবেদন করিতে পারিবেন।
(৫) কমিশনার আবেদন প্রাপ্তির পর নির্ধারিত পদ্ধতিতে উহা নিষ্পত্তি করিবেন। ]
১ অর্থ আইন, ২০১৯ এর ৬৯ ধারাবলে নিম্নরূপ ধারা ৩১ এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[৩১। আমদানিকালে আগাম কর পরিশোধ ও সমন্বয়।-
(১) প্রত্যেক নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য বা তালিকাভুক্ত কোন ব্যক্তি তাহার অর্থনৈতিক কার্যক্রমের উদ্দেশ্যে আমদানিকৃত পণ্যের সরবরাহের উপর প্রদেয় মূসক বা টার্নওভার কর উপ-ধারা (২) এ উল্লিখিত হারে আগাম পরিশোধ করিবেন।
(২) করযোগ্য আমদানির উপর মূসক যে সময় ও পদ্ধতিতে আদায় করা হয় সেই একই সময় ও পদ্ধতিতে করযোগ্য আমদানি মূল্যের ৩ (তিন) শতাংশ হারে আগাম কর প্রদেয় হইবে ।
(৩) প্রত্যেক নিবন্ধিত বা তালিকাভুক্ত আমদানিকারক যিনি আগাম কর পরিশোধ করিয়াছেন তিনি নির্ধারিত পদ্ধতিতে সংশ্লিষ্ট কর মেয়াদের মূসক দাখিলপত্রে পরিশোধিত আগাম করের সমপরিমাণ অর্থ হ্রাসকারী সমন্বয় গ্রহণ করিতে পারিবেন
(৪) যে ব্যক্তি আগাম কর পরিশোধ করিয়াছেন কিন্তু নিবন্ধিত বা তালিকাভুক্ত নহেন তিনি নির্ধারিত পদ্ধতিতে আগাম কর ফেরত প্রদানের নিমিত্ত কমিশনারের নিকট আবেদন করিতে পারিবেন।
(৫) কমিশনার আবেদন প্রাপ্তির পর নির্ধারিত পদ্ধতিতে উহা নিষ্পত্তি করিবেন। ]
২ অর্থ আইন, ২০২০ এর ৫৮(ক) ধারাবলে, অর্থ আইন ২০১৯ দ্বারা প্রতিস্থাপিত নিম্নরূপ উপ-ধারা (২) এর পরিবর্তে পুনরায় প্রতিস্থাপিত।
[(২) করযোগ্য আমদানির উপর মূসক যে সময় ও পদ্ধতিতে আদায় করা হয় সেই একই সময় ও পদ্ধতিতে করযোগ্য আমদানির মূসক আরোপযোগ্য ভিত্তিমূল্যের উপর ৫ (পাঁচ) শতাংশ হারে আগাম কর প্রদেয় হইবে। ]
৩ অর্থ আইন, ২০২১ এর ৪১ ধারাবলে “৪ (চার)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে “৩ (তিন)” সংখ্যা, বন্ধনী ও শব্দ প্রতিস্থাপিত। পরবর্তীতে অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৪(ক) ধারাবলে “৩ (তিন)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে “২ (দুই)” সংখ্যা, বন্ধনী ও শব্দ প্রতিস্থাপিত।
৪ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৪(ক) ধারাবলে “৫ (পাঁচ)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে “৭.৫ (সাত দশমিক পাঁচ)” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত।
৫ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৪(খ) ধারাবলে উপ-ধারা (৩) এর প্রারম্ভে “উপ-ধারা (৩ক) এর ক্ষেত্র ব্যতীত,” শব্দগুলি, সংখ্যা, বন্ধনী ও চিহ্ন সন্নিবেশিত।
৬ অর্থ আইন, ২০২০ এর ৫৮(খ) ধারাবলে “দুইটি কর মেয়াদের” শব্দগুলির পরিবর্তে “চারটি কর মেয়াদের” শব্দগুলি প্রতিস্থাপিত। পরবর্তীতে অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৪(খ) ধারাবলে “চারটি কর মেয়াদের” শব্দগুলির পরিবর্তে “ছয়টি কর মেয়াদের” শব্দগুলি প্রতিস্থাপিত।
৭ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৪(গ) ধারাবলে উপ-ধারা (৩) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (৩ক) সন্নিবেশিত।
৮ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৪(ঘ) ধারাবলে “প্রদানের” শব্দের পরিবর্তে “গ্রহণের” শব্দ প্রতিস্থাপিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।