মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২
১[ ধারা ৪৮ - সমন্বয়
(১) নির্ধারিত পরিমাণ, শর্ত, সময়সীমা ও পদ্ধতিতে করদাতা নিম্নবর্ণিত ক্ষেত্রে বৃদ্ধিকারী সমন্বয় সাধন করিতে পারিবেন, যথাঃ-
(ক) উৎসে কর্তিত করের বৃদ্ধিকারী সমন্বয়;
(খ) বাৎসরিক পুনঃহিসাব প্রণয়নের ফলে বৃদ্ধিকারী সমন্বয়;
(গ) ব্যাংকিং চ্যানেলে অর্থ পরিশোধ না করিবার ফলে বৃদ্ধিকারী সমন্বয়;
(ঘ) ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত (private use) পণ্যের ক্ষেত্রে বৃদ্ধিকারী সমন্বয়;
(ঙ) নিবন্ধিত হইবার পর বৃদ্ধিকারী সমন্বয়;
(চ) নিবন্ধন বাতিলের কারণে বৃদ্ধিকারী সমন্বয়;
(ছ) মুসক হার পরিবর্তিত হইবার কারণে বৃদ্ধিকারী সমন্বয়;
(জ) সুদ, জরিমানা, অর্থদণ্ড, ফি ইত্যাদি পরিশোধ সংক্রান্ত বৃদ্ধিকারী সমন্বয়; বা
(ঝ) নির্ধারিত অন্য কোন বৃদ্ধিকারী সমন্বয়।
(২) নির্ধারিত পরিমাণ, শর্ত, সময়সীমা ও পদ্ধতিতে করদাতা নিম্নবর্ণিত ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন, যথাঃ-
(ক) আগাম কর হিসাবে পরিশোধিত অর্থের হ্রাসকারী সমন্বয়;
(খ) সরবরাহকারী কর্তৃক প্রদত্ত সরবরাহের বিপরীতে উৎসে কর্তিত করের হ্রাসকারী সমন্বয়;
(গ) বাৎসরিক পুনঃহিসাব প্রণয়ন বা নিরীক্ষার ফলে প্রযোজ্য হ্রাসকারী সমন্বয়;
(ঘ) ক্রেডিট নোট ইস্যুর কারণে হ্রাসকারী সমন্বয়;
২[***]
(চ) মূসক হার হ্রাস পাইবার ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয়;
(ছ) পূর্ববর্তী কর মেয়াদ হইতে নেতিবাচক অর্থের পরিমাণ জের টানিবার নিমিত্ত হ্রাসকারী সমন্বয়;
(জ) পূর্ববর্তী কর মেয়াদে অতিরিক্ত পরিশোধিত মূসক হ্রাসকারী সমন্বয়; ৩[
(জজ) নিবন্ধিত হইবার পর হ্রাসকারী সমন্বয়; বা ]
(ঝ) নির্ধারিত অন্য কোন হ্রাসকারী সমন্বয়। ]
১ অর্থ আইন, ২০২০ এর ৬২ ধারাবলে নিম্নরূপ ধারা ৪৮ এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[৪৮। সমন্বয়।-
কোন সমন্বয় ঘটনা সংঘটিত হইলে, নির্ধারিত পরিমাণ, শর্ত, সময়সীমা ও পদ্ধতিতে করদাতা নিম্নবর্ণিত ক্ষেত্রে সমন্বয় সাধন করিতে পারিবেন, যথা:-
(ক) উৎসে কর্তিত করের বৃদ্ধিকারী বা হ্রাসকারী সমন্বয়;
(খ) বাৎসরিক পুনঃহিসাব প্রণয়নের ফলে প্রযোজ্য বৃদ্ধিকারী বা হ্রাসকারী সমন্বয়;
(গ) ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ পরিশোধ না করিবার কারণে বৃদ্ধিকারী সমন্বয়;
(ঘ) ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত পণ্যের ক্ষেত্রে, বৃদ্ধিকারী সমন্বয়;
(ঙ) নিবন্ধিত হওয়ার ক্ষেত্রে, উপকরণ কর ও মূসক বৃদ্ধিকারী সমন্বয় ;
(চ) নিবন্ধন বাতিলকরণের ক্ষেত্রে, বৃদ্ধিকারী সমন্বয়
(ছ) সুদ, জরিমানা, অর্থদণ্ড, ফি, ইত্যাদি পরিশোধ সংক্রান্ত বৃদ্ধিকারী সমন্বয়;
(জ) পুনঃবিক্রয়ের নিমিত্ত ক্রীত সেকেন্ড-হ্যান্ড পণ্যের ক্ষেত্রে, হ্রাসকারী সমন্বয়;
(ঝ) বীমা সংক্রান্ত হ্রাসকারী সমন্বয়;
(ঞ) লটারী, লাকী ড্র, র্যাফেল ড্র, হাউজি এবং অনুরূপ কার্যক্রমের ক্ষেত্রে, হ্রাসকারী সমন্বয়;
(ট) করহার পরিবর্তনের ক্ষেত্রে, বৃদ্ধিকারী বা হ্রাসকারী সমন্বয়;
(ঠ) পূর্ববর্তী কর মেয়াদ হইতে ঋণাত্মক জের টানার নিমিত্ত হ্রাসকারী সমন্বয়
(ড) পূর্ববর্তী কর মেয়াদে অতিরিক্ত পরিশোধিত মূসক হ্রাসকারী সমন্বয়; বা
(ঢ) নির্ধারিত অন্য কোন বৃদ্ধিকারী বা হ্রাসকারী সমন্বয় । ]
২ অর্থ আইন, ২০২১ এর ৪৬ ধারাবলে নিম্নরূপ দফা (ঙ) বিলুপ্ত ।
[(ঙ) রপ্তানির ক্ষেত্রে পরিশোধিত উপকরণ করের হ্রাসকারী সমন্বয়; ]
৩ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৭ ধারাবলে উপ-ধারা (২) এর দফা (জ) এর শেষাংশে উল্লিখিত “বা” শব্দ বিলুপ্ত এবং অতঃপর নূতন দফা (জজ) সন্নিবেশিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।