Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২

১[ ধারা ৩২ - করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ

(১) এই ধারার বিধান সাপেক্ষে, করযোগ্য কোন সরবরাহের পণ হইতে উক্ত পণের কর-ভগ্নাংশের সমপরিমাণ অর্থ বিয়োগ করিয়া যাহা পাওয়া যাইবে তাহাই হইবে সরবরাহ মূল্য।  

[(২) আমদানিকৃত সেবার করযোগ্য সরবরাহের পণ হইবে সরবরাহের মূল্য বা সরবরাহকারী এবং সরবরাহগ্রহীতা পরস্পর সম্পর্কযুক্ত হইলে ন্যায্য বাজার মূল্য। ]

(৩) কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক তাহার সহযোগীর নিকট সরবরাহকৃত করযোগ্য সরবরাহের মূল্য হইবে উক্ত সরবরাহের ন্যায্য বাজার মূল্য হইতে উহার কর-ভগ্নাংশ বিয়োজিত মূল্য, যদি―

(ক) উক্ত সরবরাহ পণবিহীন হয় বা উহার পণ ন্যায্য বাজার মূল্য অপেক্ষা কম হয়; এবং

(খ) উক্ত সহযোগী এইরূপ সরবরাহের নিমিত্ত উদ্ভূত সমুদয় উপকরণ কর রেয়াত গ্রহণের অধিকারী না হন।

(৪) অন্যবিধভাবে নির্ধারিত না থাকিলে পণবিহীন করযোগ্য সরবরাহের মূল্য হইবে উক্ত সরবরাহের ন্যায্য বাজার মূল্য হইতে উহার কর-ভগ্নাংশ বিয়োজিত মূল্য।

[(৫)পণ্য সরবরাহের ক্ষেত্রে নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট নির্ধারিত পদ্ধতিতে উপকরণ-উৎপাদ সহগ (Input-Output Coefficient) দাখিল করিতে হইবে।] ]

   অর্থ আইন, ২০১৯ এর ৭০ ধারাবলে নিম্নরূপ ধারা ৩২ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[৩২। করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ।-

(১) এই ধারার বিধান সাপেক্ষে, করযোগ্য সরবরাহের পণ হইতে উক্ত পণের কর-ভগ্নাংশের সমপরিমাণ অর্থ বিয়োগ করিয়া যাহা পাওয়া যাইবে তাহাই হইবে সরবরাহ মূল্য ।

(২) আমদানিকৃত সেবার করযোগ্য সরবরাহের পণ হইবে সরবরাহের মূল্য বা সরবরাহকারী এবং সরবরাহগ্রহীতা পরস্পর সম্পর্কযুক্ত হইলে উহার ন্যায্য বাজার মূল্য ।

(৩) উপ-ধারা (৭) এর অধীন নির্ধারিত বিষয় ব্যতিরেকে কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক তাহার সহযোগীর নিকট সরবরাহকৃত করযোগ্য সরবরাহের মূল্য হইবে উক্ত সরবরাহের ন্যায্য বাজার মূল্য হইতে উহার কর-ভগ্নাংশ বিয়োজিত মূল্য, যদি-

(ক) উক্ত সরবরাহ পণবিহীন হয় বা উহার পণ ন্যায্য বাজার মূল্য অপেক্ষা কম হয়; এবং

(খ) উক্ত সহযোগী এইরূপ সরবরাহের নিমিত্তে উদ্ভূত সমুদয় উপকরণ কর রেয়াত গ্রহণের অধিকারী না হন ।

(৪) অন্যবিধভাবে নির্ধারিত না থাকিলে পণবিহীন করযোগ্য সরবরাহের মূল্য শূন্য হইবে ।

(৫) করযোগ্য সরবরাহ ব্যতীত অন্য কোন সরবরাহের মূল্য হইবে সরবরাহের পণ।

(৬) আবাসিক ভবন বিক্রয় সংক্রান্ত করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারিত পদ্ধতিতে ধার্য করা হইবে ।

(৭) সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগে নির্মিত আবাসিক ভবনের অংশীদার একজন ভূমি মালিককে স্থাবর সম্পত্তির করযোগ্য সরবরাহ প্রদান করিলে উক্ত সরবরাহের মূল্য নির্ধারিত পদ্ধতিতে ধার্য করা হইবে।

ব্যাখ্যাঃ এই ধারায়-

(ক) “আবাসিক ভবন” অর্থ বসবাস অভিপ্রেত বা উপযোগী কোন ভবন, এবং গ্যারেজ বা অনুরূপ স্থানও উহার অন্তর্ভুক্ত হইবে; কিন্তু বাণিজ্যিক আবাসন হিসাবে ব্যবহৃত ভবন বা ভবনের অংশ উহার অন্তর্ভুক্ত হইবে না;

(খ) “বাণিজ্যিক আবাসন” অর্থ-

(অ) এমন কোন হোটেল, মোটেল, সরাইখানা, বোর্ডিং হাউস, গেস্ট হাউস, হোস্টেল বা অনুরূপ প্রতিষ্ঠান যেখানে অর্থের বিনিময়ে চার বা ততোধিক ব্যক্তির অবস্থান বা রাত্রীযাপনের ব্যবস্থা করা হয়; বা

(আ) এমন কোন আবাসন যাহা কোন ব্যক্তির প্রধান বা স্থায়ী বাসস্থান নহে এবং যাহা কোন ব্যক্তির বসবাসের নিমিত্ত সরবরাহ করা হয়;

কিন্তু স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের অংশ হিসাবে ব্যবহৃত ছাত্র বা ছাত্রী হোস্টেল উহার অন্তর্ভুক্ত হইবে না । ]

  অর্থ আইন, ২০২০ এর ৫৯ ধারাবলে, অর্থ আইন ২০১৯ দ্বারা প্রতিস্থাপিত নিম্নরূপ উপ-ধারা (২) এর পরিবর্তে পুনরায় প্রতিস্থাপিত।

[(২) আমদানিকৃত সেবার করযোগ্য সরবরাহের মূল্য হইবে উপ-ধারা (১) অনুযায়ী নির্ধারিত মূল্য বা সরবরাহকারী এবং সরবরাহগ্রহীতা পরস্পর সম্পর্কযুক্ত হইলে উক্ত সেবার নির্ধারিত ন্যায্য বাজার মূল্য। ]

  অর্থ আইন, ২০২১ এর ৪৩ ধারাবলে, অর্থ আইন ২০১৯ দ্বারা প্রতিস্থাপিত নিম্নরূপ উপ-ধারা (৫) এর পরিবর্তে পুনরায় প্রতিস্থাপিত।

[(৫) নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট নির্ধারিত পদ্ধতিতে উপকরণ-উৎপাদ সহগ (Input-Output Coefficient) দাখিল করিতে হইবে। ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top