Tax VAT Point

আয়কর আইন ২০২৩

পঞ্চম তফসিল - কতিপয় খনিজ সম্পদের ক্ষেত্রে মুনাফা ও লাভ পরিগণনা [ধারা ৪৭ দ্রষ্টাব্য]

অংশ ২ - বাংলাদেশে খনিজ মজুদ (তেল-গ্যাস ব্যতীত) অনুসন্ধান ও আহরন সম্পর্কিত ব্যবসার মাধ্যমে প্রাপ্ত মুনাফা ও লাভ পরিগণনা

১। খনিজ মজুদ অনুসন্ধান ও আহরণ হইতে অর্জিত মুনাফার পৃথক হিসাব।-

বাংলাদেশে পেট্রোলিয়াম ব্যতীত অনবায়নযোগ্য খনিজ মজুদ অনুসন্ধান বা আহরণ সম্পর্কিত ব্যবসা পরিচালনার মাধ্যমে কোনো ব্যক্তি কর্তৃক অর্জিত মুনাফা ও লাভের হিসাব তাহার অন্যান্য ব্যবসা হইতে অর্জিত আয়, মুনাফা বা লাভ হইতে পৃথকভাবে হিসাব করিতে হইবে; এবং উক্ত ব্যবসা, এই অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে, পৃথক প্রতিষ্ঠান হিসাবে, অতঃপর এই অংশে উক্ত প্রতিষ্ঠান বলিয়া উল্লিখিত, বিবেচিত হইবে।

২। মুনাফা পরিগণনা।-

(১) উক্ত প্রতিষ্ঠানের মুনাফা ও লাভ, এই অংশের বিধানাবলি সাপেক্ষে, ধারা ৪৯-৫৩ এর বিধান অনুসারে হিসাব করিতে হইবে।

(২) উক্ত প্রতিষ্ঠান কর্তৃক খনিজ সম্পদ অনুসন্ধানের জন্য বাণিজ্যিক উৎপাদন পর্যায় পর্যন্ত ব্যয়িত অর্থ, ধারা ৭০ অনুসারে উক্ত প্রতিষ্ঠানের অন্যান্য আয়ের বিপরীতে সমন্বয় করা সম্ভব না হইলে, ক্ষতি হিসাবে গণ্য করা হইবে।

(৩) উপ-অনুচ্ছেদ (২) এ উল্লিখিত পদ্ধতিতে হিসাবকৃত ক্ষতি বাণিজ্যিক উৎপাদন শুরু হইবার পর উক্ত প্রতিষ্ঠানের আয়ের বিপরীতে সমন্বয় করা হইবে; যদি উক্ত প্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদন শুরু হইবার আয়বর্ষে তাহার অর্জিত আয়, মুনাফা বা লাভের বিপরীতে উক্ত প্রতিষ্ঠানের ক্ষতি সম্পূর্ণভাবে সমন্বয় করা সম্ভব না হয়, তাহা হইলে যে অংশ সমন্বয় করা সম্ভব হয় নাই উহা পরবর্তী আয়বর্ষে জের হিসাবে সমন্বয় করিতে হইবে এবং পর্যায়ক্রমে সমন্বয় অব্যাহত থাকিবে; তবে কোনো ক্ষতি বাণিজ্যিক উৎপাদন শুরু হইবার আয়বর্ষ হইতে পরবর্তী অনধিক ১০ (দশ) বৎসর পর্যন্ত সমন্বয় করা যাইবে।

(৪) তৃতীয় তফসিলের অংশ ১ এর অনুচ্ছেদ ৪ ও ৫ এ যাহা কিছুই থাকুক না কেনো, বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হইবার পর, খনিজ আকরিক আহরণের জন্য ক্রয়কৃত বা অর্জিত যন্ত্রপাতি ও স্থাপনার উপর, যে বৎসর উহা প্রথম ব্যবহার করা হইয়াছিল, সেই বৎসরের মুনাফা ও লাভের বিপরীতে এইরুপ সম্পদের প্রকৃত ব্যয়ের সমান হারে অবচয় ভাতা অনুমোদন করা যাইবে; যেক্ষেত্রে কোনো বৎসরে মুনাফা বা লাভ অর্জিত না হইবার বা অর্জিত মুনাফা বা লাভ অবচয় ভাতা অপেক্ষা কম হইবার কারণে এইরূপ ভাতা সম্পূর্ণভাবে অনুমোদন করা সম্ভব হয় নাই, সেইক্ষেত্রে উক্ত অপরিশোধিত অবচয় ভাতা বা তাহার অংশবিশেষ পরবর্তী বৎসরের অবচয় ভাতার সহিত যুক্ত হইবে এবং পরবর্তী বৎসর গুলিতেও একই নিয়মে অব্যাহত থাকিবে:

তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে উপ-অনুচ্ছেদ (৩) এর অধীন কোনো ক্ষতি জের হিসাবে টানা হইবে, সেইক্ষেত্রে উক্ত জেরের সমন্বয় পূর্বে করিতে হইবে।

৩। নিঃশেষ ভাতা।

(১) কোনো বৎসরে উক্ত প্রতিষ্ঠানের মুনাফা ও লাভ হিসাব করিবার ক্ষেত্রে, অতিরিক্ত খরচ, অতঃপর এই অনুচ্ছেদে নিঃশেষ ভাতা বলিয়া উল্লিখিত, অনুমোদন করা যাইবে যাহা উক্ত প্রতিষ্ঠানের মোট আয়ের ১৫% (পনেরো শতাংশ), (উক্তরূপ ভাতা বিয়োজনের পূর্বে) বা উক্ত প্রতিষ্ঠানের বিনিয়োগকৃত মূলধনের ৫০% (পঞ্চাশ শতাংশ), (এই দফার উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড কর্তৃক প্রণীত বিধান অনুসারে উক্তরুপ মূলধন হিসাব করিয়া), এই দুইয়ের মধ্যে যাহা কম।

(২) উপ-অনুচ্ছেদ (১) এর অধীন কোনো নিঃশেষ ভাতা অনুমোদন করা হইবে না, যদি না নিঃশেষ ভাতার সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট আয়বর্ষে উক্ত প্রতিষ্ঠানের লাভ ও ক্ষতির হিসাবে বিয়োজন করা হয় এবং উক্ত প্রতিষ্ঠানের উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে সংরক্ষিত তহবিলে জমা করা হয়।

(৩) যেক্ষেত্রে কোনো বৎসরে নিঃশেষ ভাতা অনুমোদন করা হয়, এবং পরবর্তীতে উক্ত অর্থ উপ-অনুচ্ছেদ (২) এ নির্ধারিত উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সেইক্ষেত্রে উক্তরুপ সুবিধা হিসাবে যে পরিমাণ খরচ অনুমোদিত হইয়াছিল, উহা ভুলক্রমে অনুমোদিত হইয়াছিল বলিয়া গণ্য হইবে; এবং এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, উপকর কমিশনার সংশ্লিষ্ট আয়বর্ষে করদাতার মোট আয় পুনর্গণনা করিতে পারিবেন এবং যতদূর সম্ভব উক্ত ক্ষেত্রে ধারা ২১২১৯৭ এর বিধানাবলি প্রযোজ্য হইবে এবং যেই বৎসর উক্ত অর্থ ব্যবহার করা হইয়াছিল, সেই আয়বর্ষ সমাপ্ত হইবার তারিখ হইতে ধারা ১৯৭ এ নির্ধারিত সময় গণনা করা হইবে।

৪। মজুদ খনিজ পদার্থ পরিশোধন বা ঘনীভবন কার্য হইতে উদ্ভূত মুনাফার উপর কর অব্যাহতি।-

(১) যেক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ হইতে আহরণকৃত খনিজ পদার্থ বাংলাদেশেই পরিশোধন বা ঘনীভবন করে, সেইক্ষেত্রে এইরুপ ব্যবসায় বিনিয়োগকৃত মূলধনের ৫% (পাঁচ শতাংশ) অতিক্রম না করিয়া এইরূপ মুনাফা ও লাভের অংশ আয়কর অব্যাহতি পাইবে; এবং এই অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে, এইরুপ ব্যবসায় বিনিয়োগকৃত মূলধন বোর্ড কর্তৃক প্রণীত বিধিমালা অনুসারে হিসাব করা হইবে।

(২) যেক্ষেত্রে কোনো করবর্ষে এইরূপ ব্যবসার মুনাফা ও লাভ এইরুপভাবে গণনা করা হয়, যাহার মেয়াদ ১ (এক) বৎসরের কম বা অধিক, সেইক্ষেত্রে উপ-অনুচ্ছেদ (১) এর অধীন কর অব্যাহতি প্রাপ্ত মুনাফা ও লাভের পরিমাণ ১ (এক) বৎসর মেয়াদের বিবেচ্য সময়ের জন্য বর্ণিত মুনাফা ও লাভের অর্থের সমানুপাতিক হইবে।

(৩) এই অনুচ্ছেদ যে ব্যবসার মুনাফা ও লাভের ক্ষেত্রে প্রযোজ্য হইবে উহা অংশ ৫ এর পঞ্চম অধ্যায়ের বিধান অনুসারে হিসাব করা হইবে।

(৪) এই দফার বিধানাবলি যে আয়বর্ষে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হইয়াছিল, সেই আয়বর্ষের পরবর্তী বংসরের কর নির্ধারণের ক্ষেত্রে অথবা অনুচ্ছেদ ২ এর উপ-অনুচ্ছেদ (৩) এর অধীন ক্ষতি অথবা অনুচ্ছেদ ২ এর উপ-অনুচ্ছেদ (৪) এর অধীন অনুমোদিত কোনো ভাতা পূর্ণ সমন্বয় বা কর্তনের ক্ষেত্রে, যাহা পরে ঘটে, এবং পরবর্তী ৪ (চার) বৎসরের জন্য কর নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য হইবে।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top