Tax VAT Point

আয়কর আইন ২০২৩​

ধারা ৭০ - ১[লোকসানের] সমন্বয় এবং জের টানা

(১) উপ-ধারা (২) এর বিধানাবলি সাপেক্ষে, কোনো করবর্ষে কোনো খাতের নিরূপিত ২[লোকসান] অন্য খাতের আয়ের সহিত সমন্বয় করা যাইবে।

(২) নিম্নবর্ণিত সারণী উল্লিখিত কোনো ক্ষতি কেবল সেই খাত বা উৎসের আয় ব্যতীত অন্য কোনো খাত বা উৎসের আয়ের সহিত সমন্বয় করা যাইবে না, যথা:

সারণী

 আয়ের উৎস বা খাতযেরূপে সমন্বয় করা যাইবে
(১)(২)(৩)
১।মূলধনি ৩[ক্ষতি]কেবল মূলধনি আয়ের সহিত সমন্বয় করা যাইবে।
২।ব্যবসায় ৪[ক্ষতি]কেবল ব্যবসা ৪[বা পেশা] হইতে আয়ের সহিত সমন্বয় করা যাইবে।
৩।ফটকা ব্যবসায় ক্ষতিকেবল ফটকা ব্যবসা হইতে আয়ের সহিত সমন্বয় করা যাইবে ।
৪।তামাক জাতীয় পণ্যের ব্যবসায় ক্ষতিকেবল তামাক জাতীয় পণ্যের ব্যবসা হইতে আয়ের সহিত সমন্বয় করা যাইবে।

৬[(৩) কর অব্যাহতিপ্রাপ্ত, হ্রাসকৃত করহার বা ধারা ১৬৩ এর উপ-ধারা (৩) অনুযায়ী চূড়ান্ত করদায় প্রযোজ্য হয় এইরূপ কোনো উৎসের বা খাতের লোকসানের সমন্বয় বা জের টানা যাইবে না। ]

(৪) কোনো ফার্ম বা ব্যক্তিসংঘের নিরূপিত ৭[লোকসান] কেবল উক্ত ফার্ম বা ব্যক্তিসংঘের নিরূপিত আয়ের সহিত সমন্বয় করা যাইবে এবং উক্ত ফার্মের কোনো অংশীদার বা ব্যক্তিসংঘের কোনো সদস্যের আয়ের বিপরীতে সমন্বয় করা যাইবে না।

৮[(৫) কোনো করবর্ষে কোনো খাতের নিরূপিত লোকসান উক্ত বৎসরের অন্য কোনো খাতের বা উৎসের আয়ের সহিত সম্পূর্ণ সমন্বয় করা না গেলে অসমন্বিত লোকসানের জের টানিয়া পরবর্তী ৬ (ছয়) করবর্ষে সমন্বয় করা যাইবে। ]

৯[(৬) অষ্টম তফসিলের অংশ ১ এর বিধান অনুযায়ী ব্যবসা পুনর্গঠিত হইলে, ব্যবসা বা পেশায় উত্তরাধিকার ব্যতীত অন্য কোনোভাবে কোনো ব্যক্তি স্থলাভিষিক্ত হইলে, উত্তরসূরি নিজের কোনো আয়ের বিপরীতে পূর্বসূরির লোকসানের সমন্বয় বা জের টানিতে পারিবেন না। ]

১  অর্থ আইন, ২০২৬ এর ৫৬(ক) ধারাবলে উপান্তটীকায় উল্লিখিত “ক্ষতির” শব্দের পরিবর্তে “লোকসানের” শব্দ প্রতিস্থাপিত।

২  অর্থ আইন, ২০২৬ এর ৫৬(খ) ধারাবলে উপ-ধারা (১) এ উল্লিখিত “ক্ষতি” শব্দের পরিবর্তে “লোকসান” শব্দ প্রতিস্থাপিত।

৩  অর্থ আইন, ২০২৬ এর ৫৬(গ)(অ) ধারাবলে উপ-ধারা (২) এর সারণি এর কলাম (১) এর ক্রমিক নং (১) এর বিপরীতে কলাম (২) এ উল্লিখিত “ক্ষতি” শব্দের পরিবর্তে “লোকসান” শব্দ প্রতিস্থাপিত।

৪  অর্থ আইন, ২০২৬ এর ৫৬(গ)(আ) ধারাবলে উপ-ধারা (২) এর সারণি এর কলাম (১) এর ক্রমিক নং (২) এর বিপরীতে কলাম (২) এ উল্লিখিত “ক্ষতি” শব্দের পরিবর্তে “লোকসান” শব্দ প্রতিস্থাপিত এবং কলাম (৩) এ উল্লিখিত “কেবল ব্যবসা” শব্দগুলির পর “বা পেশা” শব্দগুলি সন্নিবেশিত।

৫  অর্থ আইন, ২০২৬ এর ৫৬(গ)(ই) ধারাবলে উপ-ধারা (২) এর সারণি এর কলাম (১) এর ক্রমিক নং (১) এর বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত “ক্ষতি” শব্দের পরিবর্তে “লোকসান” শব্দ প্রতিস্থাপিত।

৬  অর্থ আইন, ২০২৬ এর ৫৬(ঘ) ধারাবলে নিম্নরূপ উপ-ধারা (৩) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ (৩) কর অব্যাহতিপ্রাপ্ত, হ্রাসকৃত করহার বা ধারা ১৬৩ এর উপ-ধারা (২) অনুযায়ী ন্যূনতম কর প্রযোজ্য হয় এইরূপ কোনো উৎসের বা খাতের ক্ষতির সমন্বয় বা জের টানা যাইবে না। ]

৭  অর্থ আইন, ২০২৬ এর ৫৬(ঙ) ধারাবলে উপ-ধারা (৪) এ উল্লিখিত “ক্ষতি” শব্দের পরিবর্তে “লোকসান” শব্দ প্রতিস্থাপিত।

৮  অর্থ আইন, ২০২৬ এর ৫৬(চ) ধারাবলে নিম্নরূপ উপ-ধারা (৫) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ (৫) কোনো করবর্ষে কোনো খাতের নিরূপিত ক্ষতি উক্ত বৎসরের অন্য কোনো খাতের বা উৎসের আয়ের সহিত সম্পূর্ণ সমন্বয় করা না গেলে অসমন্বিত ক্ষতির জের টানিয়া পরবর্তী ৬ (ছয়) করবর্ষে সমন্বয় করা যাইবে। ]

৯  অর্থ আইন, ২০২৬ এর ৫৬(ছ) ধারাবলে নিম্নরূপ উপ-ধারা (৬) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ (৬) অষ্টম তফসিল সাপেক্ষে, ব্যবসা বা পেশায় উত্তরাধিকার ব্যতীত অন্য কোনোভাবে কোনো ব্যক্তি স্থলাভিষিক্ত হইলে, উত্তরসূরি নিজের কোনো আয়ের বিপরীতে পূর্বসূরির ক্ষতির সমন্বয় বা জের টানিতে পারিবেন না। ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top