Tax VAT Point

আয়কর আইন ২০২৩

ধারা ১৮০ - স্বনির্ধারণী

(১) কোনো ব্যক্তি কর্তৃক এই ধারার অধীন কোনো করবর্ষের জন্য “স্বনির্ধারণী রিটার্ন” দাখিল করা হইলে এই আইনের অধীন তাহার আয়, কর ও অন্যান্য দায় নির্ধারণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হইয়াছে বলিয়া গণ্য হইবে, যদি উক্ত রিটার্ন-

(ক) ধারা ১৬৯ এ উল্লিখিত সকল বিধান পরিপালনপূর্বক দাখিল করা হয়; এবং

(খ) ধারা ১৭৩ এবং ধারা ১৭৪ এ উল্লিখিত সকল বিধান পরিপালনপূর্বক কর পরিশোধ করা হয় [ । ]

[***] 

(২) উপ-ধারা (১) এর অধীন রিটার্ন দাখিল করিবার পর যদি করদাতা কর্তৃক পরিলক্ষিত হয় যে তাহার দাখিলকৃত রিটার্নে-

(ক) প্রদর্শিত [আয়ের কারণে] ; বা

(খ) দাবিকৃত কর অব্যাহতি বা [ক্রেডিটের কারণে]; বা

(গ) অন্য কোনো কারণে,

এই আইনের অধীন প্রদেয় কর সঠিকভাবে পরিগণিত হয় নাই বা সঠিক অঙ্কে পরিশোধিত হয় নাই [বা রিটার্নে কোনো তথ্য সঠিকভাবে প্রতিফলিত হয় নাই ] , তাহা হইলে তিনি একটি লিখিত বিবৃতিতে কারণ উল্লেখপূর্বক সংশোধিত রিটার্ন দাখিল করিতে পারিবেন [ । ]

[***]

(৩) উপ-ধারা (২) এর অধীন নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে কোনো সংশোধিত রিটার্ন দাখিল করা যাইবে না-

(ক) উপ-ধারা (১) এর অধীন রিটার্ন দাখিল করিবার তারিখ হইতে ১৮০ (একশত আশি) দিন শেষ হইবার পর;

(খ) সংশোধিত রিটার্ন প্রথমবার দাখিলের পর; বা

(গ) মূল রিটার্নটি ধারা ১৮২ এর অধীনে অডিটের জন্য নির্বাচিত হইবার পর।

(৪) উপ-ধারা (১) এর অধীন দাখিলকৃত রিটার্নের ক্ষেত্রে, নূতন কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা হইবে না, যদি করদাতা-

(ক) এইরূপ খাত হইতে আয় প্রদর্শন করেন যাহা কর অব্যাহতি প্রাপ্ত নহে এবং প্রদর্শিত আয় করমুক্ত সীমা অতিক্রম করে;

(খ) প্রারম্ভিক মূলধনের ২০% (বিশ শতাংশ) এর নিম্নে নহে এইরূপ পরিমাণ আয় প্রদর্শন করেন;

(গ) রিটার্ন দাখিল করিবার সময় বা তৎপূর্বে নিয়মিত করহারে পরিগণিত কর ও অন্যান্য প্রযোজ্য অঙ্ক পরিশোধ করেন;

(ঘ) প্রর্দর্শিত ব্যবসায়ের অস্তিত্ব সম্পর্কিত প্রমাণাদি দাখিল করেন;

(ঙ) সংশ্লিষ্ট করবর্ষের [ রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ বা ইহার পূর্বে রিটার্ন ] দাখিল করেন; এবং

(চ) লিখিতভাবে উল্লেখ করেন যে, দাখিলকৃত রিটার্নটি বকেয়া রিটার্ন নহে।

(৫) [***] 

(৬) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে,-

(ক) “নিয়মিত করহার” অর্থ এইরূপ করহার যাহা অব্যাহতিপ্রাপ্ত নয় বা হ্রাসকৃত নহে;

(খ) “বকেয়া রিটার্ন” অর্থ এইরূপ রিটার্ন যাহা আয়বর্ষ সংশ্লিষ্ট করবর্ষের মধ্যে দাখিল হয় নাই।

  অর্থ আইন, ২০২৪ এর ৬৭(ক)(অ) ধারাবলে দফা (খ) এর প্রান্তঃস্থিত “:” কোলন এর পরিবর্তে “।” দাঁড়ি প্রতিস্থাপিত

  অর্থ আইন, ২০২৪ এর ৬৭(ক)(আ) ধারাবলে উপ-ধারা (১) এর নিম্নরূপ শর্তাংশ বিলুপ্ত

[ তবে শর্ত থাকে যে, ধারা ১৬৯ এ উল্লিখিত বিধানাবলি পরিপালন না করিয়া কোনো রিটার্ন দাখিল করা হইলে উহা “সাধারণ রিটান” বলিয়া গণ্য হইবে। ]

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১০২(ক) ধারাবলে উপ-ধারা (২) এর দফা (ক) এ উল্লিখিত “আয়” শব্দের পরিবর্তে “আয়ের কারণে” শব্দগুলি প্রতিস্থাপিত

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১০২(খ) ধারাবলে উপ-ধারা (২) এর দফা (খ) এ উল্লিখিত “ক্রেডিট” শব্দের পরিবর্তে “ক্রেডিটের কারণে” শব্দগুলি প্রতিস্থাপিত

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১০২(গ) ধারাবলে উপ-ধারা (২) এ উল্লিখিত “পরিশোধিত হয় নাই” শব্দগুলির পর “বা রিটার্নে কোনো তথ্য সঠিকভাবে প্রতিফলিত হয় নাই” শব্দগুলি সন্নিবেশিত

  অর্থ আইন, ২০২৪ এর ৬৭(খ)(অ) ধারাবলে উপ-ধারা (২) এ উল্লিখিত “করিতে পারিবেন” শব্দগুলির প্রান্তঃস্থিত “:” কোলন এর পরিবর্তে “।” দাঁড়ি প্রতিস্থাপিত।

  অর্থ আইন, ২০২৪ এর ৬৭(খ)(আ) ধারাবলে উপ-ধারা (২) এর নিম্নরূপ শর্তাংশ বিলুপ্ত

[ তবে শর্ত থাকে যে, করদাতাকে উক্তরূপ সংশোধিত রিটার্ন দাখিলের পূর্বে কর এবং অন্যান্য অঙ্ক যাহা কম পরিগণনা করা হইয়াছিল বা কম পরিশোধ করা হইয়াছিল উহা, এবং এইরূপ পরিমাণের উপর মাসিক ৫% (পাঁচ শতাংশ) হারে সরল সুদ পরিশোধ করিতে হইবে। ]

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১০২(ঘ) ধারাবলে উপ-ধারা (৪) এর দফা (ঙ) এ উল্লিখিত “সংশ্লিষ্ট করদিবসের মধ্যে” শব্দগুলির পরিবর্তে “রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ বা ইহার পূর্বে রিটার্ন” শব্দগুলি প্রতিস্থাপিত

  অর্থ আইন, ২০২৪ এর ৬৭(গ) ধারাবলে নিম্নরূপ উপ-ধারা (৫) বিলুপ্ত

[ (৫) উপ-ধারা (৪) এর বিধান প্রযোজ্য হয় এইরূপ ক্ষেত্রে, প্রথম আয়বর্ষ পরবর্তী ধারাবাহিক ৪ (চার) আয়বর্ষে প্রদর্শিত প্রারম্ভিক মূলধনের পরিমাণ প্রথম আয়বর্ষে প্রদর্শিত মূলধন হইতে কম হইবে না এবং প্রথম আয়বর্ষ পরবর্তী ধারাবাহিক ৪ (চার) আয়বর্ষের কোনো আয়বর্ষে প্রদর্শিত মূলধনের পরিমাণ প্রথম আয়বর্ষে প্রদর্শিত মূলধন হইতে কম প্রদর্শিত হইলে সেই আয়বর্ষে উক্তরূপ ঘাটতি করদাতার “অন্যান্য উৎস হইতে আয়” হিসাবে গণ্য হইবে। ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top