উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা ২০২৫
বিধি ৬ – উৎসে মূসক কর্তনকারীর করণীয়
(১) আইনের প্রথম তফসিলের সরবরাহ ব্যতীত সরবরাহকারী কর চালানপত্র (ফরম মূসক-৬.৩) জারি না করিলে, উৎসে কর কর্তনকারী সত্তা সরবরাহকারীর নিকট হইতে কোনো সরবরাহ গ্রহণ করিবে না এবং সরবরাহকারীকে উক্ত সরবরাহের বিপরীতে কোনো মূল্য পরিশোধ করিবে না:
তবে শর্ত থাকে যে, সরবরাহ গ্রহীতা, প্রযোজ্য ক্ষেত্রে, তালিকাভুক্ত নহে বা অনিবন্ধিত এইরূপ কোনো ব্যক্তির নিকট হইতে সরবরাহ গ্রহণ করিয়া থাকিলে প্রযোজ্য মূসক পরিশোধে সরবরাহ গ্রহীতা দায়ী থাকিবেন।
(২) উৎসে মূসক কর্তনকারী সত্তা বা সরবরাহ গ্রহীতা নিবন্ধিত হইলে-
(ক) সরবরাহ গ্রহীতা উৎসে কর্তনকৃত বা আদায়কৃত মূসক পণ পরিশোধ সংশ্লিষ্ট কর মেয়াদের দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয় করিবেন;
(খ) উৎসে মূসক কর্তনকারী সত্তা দাখিলপত্র দাখিল করার ৩ (তিন) কার্যদিবসের মধ্যে ফরম “মূসক-৬.৬” এ তিন প্রস্থে উৎসে কর কর্তন সনদপত্র ইস্যু করিয়া উহার মূলকপি সংশ্লিষ্ট মূসক সার্কেলে দাখিল করিবেন, একটি অনুলিপি সরবরাহকারীকে প্রদান করিবেন এবং একটি অনুলিপি ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত সংরক্ষণ করিবেন।
(৩) উৎসে মূসক কর্তনকারী সত্তা বা সরবরাহ গ্রহীতা মূসক নিবন্ধিত না হইলে সরবরাহকারীকে পণ পরিশোধের ১৫ (পনেরো) দিনের মধ্যে উৎসে কর্তিত মূসক নির্ধারিত অর্থনৈতিক কোডে সরকারি কোষাগারে জমা প্রদানপূর্বক ৩ (তিন) কার্যদিবসের মধ্যে ফরম “মূসক-৬.৬” এ তিন প্রস্থে উৎসে কর কর্তন সনদপত্র ইস্যু করিয়া উহার মূলকপি ও ট্রেজারি চালানের মূলকপি সংশ্লিষ্ট মূসক সার্কেলে দাখিল করিবেন, একটি অনুলিপি সরবরাহকারীকে প্রদান করিবেন এবং একটি অনুলিপি ৫ (পাঁচ) বৎসর সংরক্ষণ করিবেন। একটি ট্রেজারি চালানে একাধিক সরবরাহকারীর নিকট হইতে কর্তিত মূসক জমা প্রদানের ক্ষেত্রে ট্রেজারি চালানের বিপরীত পৃষ্ঠায় অথবা আলাদা কাগজে বিস্তারিত break-up উল্লেখ করিতে হইবে।
(৪) উৎসে কর্তনকারী নিবন্ধিত না হইলে উৎসে কর্তিত মূসক তাহার সংশ্লিষ্ট স্থানীয় মূসক সার্কেলের অর্থনৈতিক কোডে জমা প্রদান করিবেন। এ-চালানের মাধ্যমে জমা প্রদানের ক্ষেত্রে http://ibas.finance.gov.bd ওয়েব এড্রেস হতে সংশ্লিষ্ট মূসক সার্কেল এবং অর্থনৈতিক কোড “সংশ্লিষ্ট সার্কেল কোড/১১০০০০০০০/১১০০১০০০/১১৪১১০১” সিলেক্ট করিতে হইবে। এলটিইউ (মূসক) কমিশনারেট এর অধীন জমা প্রদানের ক্ষেত্রে বৃহৎ করদাতা ইউনিট (মূসক) ও অর্থনৈতিক কোড ১১১০২০4102025 সিলেক্ট করিতে হইবে। এ-চালানের মাধ্যমে অর্থ জমা প্রদানের ক্ষেত্রে প্রথমে উল্লিখিত ওয়েব এড্রেসে গিয়ে এনবিআর এর জমা অপশনে ক্লিক করিয়া মূসক অপশন বাছাই করিবার পর বিআইএন নম্বর এন্ট্রি করিতে হইবে ও সারচার্জ এর ধরণ বক্সে দেশজ পণ্য ও সেবার উপর মূসক-VAT on domestic products and services সিলেক্ট করিতে হইবে। পরবর্তী ক্রমিকে টাকার পরিমাণ উল্লেখ করিয়া ok বাটনে ক্লিক করিতে হইবে, এইভাবে ক্রমিক-২ এর তথ্য প্রদান সম্পন্ন হইবে। এ-চালানের শুরুতে সংশ্লিষ্ট কমিশনারেট বাছাই করিতে হইবে এবং ক্রমিক-১ এ সংশ্লিষ্ট স্থানীয় মূসক সার্কেল সিলেক্ট করিতে হইবে। ক্রমিক-৩ এ যে ব্যক্তি/ প্রতিষ্ঠানের পক্ষে অর্থ জমা দেওয়া হইতেছে তাহার ধরণ সিলেক্ট করিতে হইবে এবং টিআইএন বা বিআইএন নম্বর দিয়ে Check বাটনে ক্লিক করিলে এবং নম্বর সঠিক থাকিলে সংশ্লিষ্ট টিআইন/ বিআইএন তথ্য উদ্ধার সফলভাবে সম্পন্ন হইয়াছে লেখা আসিবে। অতঃপর যার মাধ্যমে অর্থ জমা দেওয়া হইতেছে তার জন্ম নিবন্ধনপত্র/টিআইএন/জাতীয় পরিচয়পত্র/অন্যান্য অপশন সিলেক্ট করিয়া তাহার নম্বর এন্ট্রি দিয়া পুনরায় Check বাটনে ক্লিক করিয়া পরিচয় নিশ্চিত হইতে হইবে। ক্রমিক-৪ এ যেই ব্যক্তি/প্রতিষ্ঠানের পক্ষে অর্থ জমা দেওয়া হইতেছে তাহার মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস এন্ট্রি দিতে হইবে। ক্রমিক নং-৫ এ অর্থ পরিশোধের ধরণ নির্বাচন করিতে হইবে এবং মন্তব্য থাকিলে তাহা লিপিবদ্ধ করিতে হইবে। অনলাইনের মাধ্যমে অর্থ পরিশোধ করিতে চাহিলে সাথে সাথে পরিশোধ করিয়া চালান নম্বরসহ এ-চালানের কপি জেনারেট হইবে যাহা সেভ করিয়া বা কপি প্রিন্ট করিয়া ব্যবহার করা যাইবে। সরাসরি ব্যাংকে অর্থ পরিশোধ করিতে চাহিলে ব্যাংক কাউন্টারে জমা সিলেক্ট করিয়া save বাটনে ক্লিক করিয়া সেভ করিবার পর অর্থ জমা গ্রহণ স্লিপ এর দুইটি প্রিন্ট কপিসহ ব্যাংকে টাকা জমা দিতে হইবে। ব্যাংকে টাকা পরিশোধ করার পর চালান নম্বরসহ এ-চালানের একটি প্রিন্ট কপি ব্যাংক কর্তৃক প্রদান করা হইবে। ই-পেমেন্ট এর ক্ষেত্রে http://nbr.sblesheba.com ওয়েব এড্রেস হইতে VAT Payment সিলেক্ট করিতে হইবে এবং যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা করিতে হইবে তাহার বিআইএন নম্বর, নাম, ঠিকানা, কমিশনারেট, মোবাইল নম্বর, ইমেইল নম্বর, ট্যাক্স টাইপ: VAT on domestic Products and Services এবং Purpose এ VDS সিলেক্ট করিতে হইবে। অতঃপর Option বাটন হইতে Single/Multiple Select করিতে হইবে এবং VDS BIN এন্ট্রি দিয়ে VAT Amount লিখে Next ক্লিক করিবার পর পেমেন্ট অপশন সিলেক্ট করিয়া পেমেন্ট সম্পন্ন করিবার পর একটি ই-স্লিপ জেনারেট হইবে যাহা ট্রেজারি চালান হিসাবে ব্যবহার করিতে হইবে।
(৫) উৎসে কর্তনকারী সত্তাসমূহের মধ্যে যে সকল সত্তার লেনদেন বা তৎসংক্রান্ত বিল হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক নিষ্পত্তি হয়, তাহাদের উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও সরকারী কোষাগারে পরিশোধ সংক্রান্ত কার্যক্রম সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হইবে।
(৬) উৎসে কর্তনকারী সত্তা হিসাবরক্ষণ কর্মকর্তার নিকট দাখিলকৃত বিলে, যাহার অনুকূলে বিল অনুমোদন করা হইয়াছে তাহার নাম ও ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা উল্লেখ করিবেন এবং উল্লিখিত বিল পরিশোধের জন্য অনুমোদিত হইলে হিসাবরক্ষণ কর্মকর্তা উহা হইতে প্রযোজ্য মূল্য সংযোজন কর কর্তন করিয়া বুক ট্রান্সফার বা অন্যবিধ স্বীকৃত পদ্ধতিতে সরকারি কোষাগারে জমা করিবেন।
(৭) হিসাবরক্ষণ কর্মকর্তা বিল পরিশোধের ৩ (তিন) কার্যদিবসের মধ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ৩৮(৪) মোতাবেক ব্যবস্থা গ্রহণ করিবেন।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।