মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬
১[ বিধি ৬২ - জব্দকৃত রেকর্ড ও দলিলপত্র ফেরত প্রদান
(১) আইনের ধারা ৯১ এর উপ-ধারা (৩) এর উদ্দেশ্য পূরণকল্পে, বিধি ৬১ এর অধীন যে উদ্দেশ্যে রেকর্ড ও দলিলাদি জব্দ করা হইয়াছিল উহা নিষ্পন্ন হইলে, নিম্নবর্ণিত শর্তপূরণ সাপেক্ষে বিষয়টি নিষ্পত্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে নিবন্ধিত ব্যক্তির বরাবর ফেরত প্রদান করিতে হইবে, যথা:-
(ক) চালানপত্রের মূলকপি ব্যতীত জব্দকৃত রেকর্ড ও দলিলাদির প্রতিলিপির প্রতিটি পৃষ্ঠায় নিবন্ধিত ব্যক্তি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির সীলমোহরকৃত স্বাক্ষর গ্রহণ করিতে হইবে;
(খ) প্রয়োজনে, নিবন্ধিত ব্যক্তি কর চালানপত্রের প্রতিলিপিতে মূসক কর্মকর্তার স্বাক্ষর গ্রহণ করিতে পারিবেন।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত জব্দকৃত রেকর্ড ও দলিলাদির প্রতিলিপি এতদ্সংক্রান্ত মামলার বৈধ দলিল হিসাবে গণ্য হইবে। ]
১ এস.আর.ও. নং-১৭১-আইন/২০১৯/২৮-মূসক, তারিখঃ ১৩ জুন, ২০১৯ দ্বারা নিম্নরূপ বিধি ৬২ এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ ৬২। জব্দকৃত রেকর্ড ও দলিলপত্র ফেরত প্রদান।—
যে উদ্দেশ্যে বিধি ৬১ এর অধীন রেকর্ড ও দলিলাদি জব্দ করা হইয়াছিল তাহা নিষ্পন্ন হইলে যে ব্যক্তির নিকট হইতে তাহা জব্দ করা হইয়াছিল তাহাকে জব্দকৃত রেকর্ড ও দলিলাদি উক্তরূপ নিষ্পত্তির ৭ (সাত) দিনের মধ্যে ফেরত প্রদান করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, জব্দকৃত রেকর্ড ও দলিলাদির প্রতিলিপি দ্বারা যদি জব্দের উদ্দেশ্য সাধিত হয় তাহা হইলে জব্দকৃত রেকর্ড ও দলিলাদির প্রতিলিপি সংরক্ষণ করিয়া মূল রেকর্ড ও দলিলাদি ফেরত প্রদান করা যাইবে এবং উক্তরূপ প্রতিলিপি মামলার বৈধ দলিল হিসাবে গণ্য হইবে । ]
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।