Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২

ধারা ৯১ - মূসক কর্মকর্তাগণের ক্ষমতা

(১) [কমিশনার বা মহাপরিচালক এর নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত সহকারী কমিশনার বা সহকারী পরিচালকের পদমর্যাদার নিম্নে নহেন এমন কোন] মূসক কর্মকর্তা অনুমোদিত উদ্দেশ্যে, নোটিশ প্রদানের মাধ্যমে, যেকোন ব্যক্তির নিকট নিম্নবর্ণিত তথ্যাদি দাবী করিতে পারিবেন, যথা:―

(ক) নিরীক্ষা এবং অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য কোন ব্যক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য; বা

(খ) কোন ব্যক্তির কর্তৃত্বে থাকা দলিলাদি বা সাক্ষ্য-প্রমাণ।

(২) উক্ত ক্ষমতাপ্রাপ্ত মূসক কর্মকর্তার নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথা:-

(ক) যেকোন রেকর্ডপত্রের প্রতিলিপি করিবার;

(খ) যেকোন রেকর্ড নির্ধারিত পদ্ধতিতে, জব্দ করিবার;

(গ) যেকোন রেকর্ড বা পণ্য সীল করিবার; এবং

(ঘ) নির্ধারিত ক্ষেত্রে ও পদ্ধতিতে, যেকোন ব্যক্তির ব্যাংক এ্যাকাউন্ট অপরিচালনযোগ্য (freeze) করিবার ব্যবস্থা গ্রহণের।

(৩) [উক্ত] ক্ষমতাপ্রাপ্ত মূসক কর্মকর্তা কর্তৃক কোন রেকর্ড, দলিলপত্র বা পণ্য জব্দ করিবার ক্ষেত্রে, উহা যাহার নিকট হইতে জব্দ করা হইয়াছে তাহার নিকট নির্ধারিত পদ্ধতিতে ফেরত প্রদান করিতে হইবে।

[***]

(৫) এই অধ্যায়ের কোন বিধানবলে, আন্তর্জাতিক আইনের অধীন অনুসন্ধানমুক্ত কোন আন্তর্জাতিক সংস্থা, কূটনৈতিক ভবন, কনস্যুলার বা বিদেশী রাষ্ট্রের মিশনসমূহে প্রবেশ ও তল্লাশি করা যাইবে না।

ব্যাখ্যা: এই ধারায় ‘‘অনুমোদিত উদ্দেশ্য’’ অর্থ―

(ক) কোন ব্যক্তির করদায় নির্ধারণের লক্ষ্যে তথ্য সংগ্রহ;

(খ) কোন ব্যক্তির নিকট হইতে কর সংগ্রহের উদ্দেশ্যে তথ্য সংগ্রহ;

(গ) কর ফাঁকি উদঘাটন; বা

(ঘ) এই আইনের বিধানাবলী পরিপালন নিশ্চিতকরণ।

   অর্থ আইন, ২০১৯ এর ৯৩(ক) ধারাবলে “ক্ষমতাপ্রাপ্ত” শব্দটির পরিবর্তে “কমিশনার বা মহাপরিচালক এর নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত সহকারী কমিশনার বা সহকারী পরিচালকের পদমর্যাদার নিম্নে নহেন এমন কোন” শব্দগুলি প্রতিস্থাপিত।

   অর্থ আইন, ২০১৯ এর ৯৩(খ) ধারাবলে “ক্ষমতাপ্রাপ্ত” শব্দটির পূর্বে “উক্ত” শব্দটি সন্নিবেশিত।

   অর্থ আইন, ২০১৯ এর ৯৩(গ) ধারাবলে নিম্নরূপ উপ-ধারা (৪) বিলুপ্ত।

[(৪) যদি কোন ব্যক্তি কোন দলিল বা অন্য কোন সাক্ষ্য-প্রমাণের উপর আইনানুগভাবে বিশেষ অধিকার দাবি করেন যাহা কোন ক্ষমতাপ্রাপ্ত মূসক কর্মকর্তা জব্দ বা পরীক্ষা করিতে চাহেন, তাহা হইলে বিশেষ অধিকার দাবিকৃত উক্ত কাগজপত্রাদি খামে আবদ্ধ করিয়া যৌথভাবে সীলযুক্ত করিবেন এবং বিশেষ অধিকারপ্রাপ্ত কিনা তাহা নির্ধারণের উদ্দেশ্যে বোর্ডের নিকট প্রেরণ করিবেন। ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top