মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২
ধারা ৫ - নিবন্ধন
১[ ২[ (১) যদি কোন ব্যক্তি এক বা একাধিক স্থান হইতে অভিন্ন অথবা সমজাতীয় পণ্য বা সেবা বা উভয়ই সরবরাহ সংক্রান্ত অর্থনৈতিক কার্যক্রমের সকল হিসাব-নিকাশ, কর পরিশোধ ও রেকর্ডপত্র সফটওয়্যার ভিত্তিক অটোমেটেড পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করেন, তাহা হইলে তিনি, নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে, একটি কেন্দ্রীয় মূসক নিবন্ধন গ্রহণ করিতে পারিবেন:
তবে শর্ত থাকে যে, অভিন্ন বা সমজাতীয় পণ্য বা সেবা সরবরাহ করা সত্ত্বেও কোন ইউনিটে অর্থনৈতিক কার্যক্রমের হিসাব-নিকাশ, কর পরিশোধ ও রেকর্ডপত্র স্বতন্ত্রভাবে সংরক্ষণ করিলে তাহাকে প্রতিটি ইউনিটের জন্য পৃথক নিবন্ধন গ্রহণ করিতে হইবে।
(১ক) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, ধারা ৫৮ এর অধীন বিশেষ পরিকল্পের অধীন তামাকজাত পণ্য সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় নিবন্ধন প্রযোজ্য হইবে না।
(১খ) কেন্দ্রীয় নিবন্ধন গ্রহণ ও কর পরিশোধের লক্ষ্যে বোর্ড বিধিমালা প্রণয়ন করিতে পারিবে। ]
(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, যদি কোন ব্যক্তি দুই বা ততোধিক স্থান হইতে ভিন্ন ভিন্ন পণ্য বা সেবা সরবরাহ সংক্রান্ত অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করেন তাহা হইলে তাহাকে প্রতিটি স্থানের জন্য পৃথক নিবন্ধন গ্রহণ করিতে হইবে।
(৩) উপ-ধারা (১) এর অধীন নিবন্ধিত ব্যক্তির কেন্দ্রীয় এক ইউনিট হইতে অপর ইউনিটে পণ্য বা সেবার আদান-প্রদান বা চলাচল সরবরাহ বলিয়া গণ্য হইবে না এবং ফলশ্রুতিতে উৎপাদ কর দায় বা উপকরণ কর রেয়াত উদ্ভূত হইবে না। ]
১ অর্থ আইন, ২০১৯ এর ৫৫ ধারাবলে নিম্নরূপ ধারা ৫ এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ ধারা ৫ – কেন্দ্রীয় বা শাখা ইউনিটের নিবন্ধন
(১) কেন্দ্রীয় ও সকল শাখা ইউনিটের জন্য প্রত্যেক নিবন্ধনযোগ্য ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের শুধুমাত্র একটি মূসক নিবন্ধন থাকিবে।
(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কোন শাখা ইউনিটের হিসাব-নিকাশ ও রেকর্ডপত্র কেন্দ্রীয় ইউনিট হইতে পৃথক ও স্বতন্ত্রভাবে শাখা ইউনিটে পরিচালনা বা সংরক্ষণ করা হইলে উক্ত শাখা ইউনিটের জন্য পৃথক নিবন্ধন গ্রহণ করিতে পারিবে ।
(৩) পৃথকভাবে নিবন্ধিত প্রত্যেক শাখা ইউনিট, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, পৃথক করদাতা হিসাবে গণ্য হইবে ।
(৪) একই অর্থনৈতিক কার্যক্রমের এক শাখা ইউনিট হইতে পৃথকভাবে নিবন্ধিত অপর শাখা ইউনিটে পণ্য বা সেবার আদান-প্রদান বা চলাচল সরবরাহ বলিয়া গণ্য হইবে না এবং ফলশ্রুতিতে উৎপাদ কর দায় বা উপকরণ কর রেয়াত উদ্ভূত হইবে না। ]
২ অর্থ আইন, ২০২২ এর ৫৮ ধারাবলে, পূর্বে প্রতিস্থাপিত নিম্নরূপ উপ-ধারা (১), উপ-ধারা (১) এর শতাংশদ্বয় এবং উপ-ধারা (১ক) এর পরিবর্তে পুনরায় প্রতিস্থাপিত এবং নূতন উপ-ধারা (১খ) সংযোজিত।
[(১) যদি কোন ব্যক্তি দুই বা ততোধিক স্থান হইতে অভিন্ন অথবা সমজাতীয় পণ্য বা সেবা বা উভয়ই সরবরাহ সংক্রান্ত অর্থনৈতিক কার্যক্রমের সকল হিসাব- নিকাশ, কর পরিশোধ ও রেকর্ডপত্র কেন্দ্রীয় ইউনিটে সংরক্ষণ করেন, তাহা হইলে *[নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে] তিনি হিসাব-নিকাশ সংরক্ষণের উক্ত ঠিকানায় একটি মূসক নিবন্ধন গ্রহণ করিতে পারিবে:
তবে শর্ত থাকে যে, অভিন্ন বা সমজাতীয় পণ্য বা সেবা সরবরাহ করা সত্ত্বেও কোন ইউনিট হইতে অর্থনৈতিক কার্যক্রমের হিসাব-নিকাশ, কর পরিশোধ ও রেকর্ডপত্র স্বতন্ত্রভাবে সংরক্ষণ করিলে তাহাকে পৃথক নিবন্ধন গ্রহণ করিতে হইবে। ]
**[আরও শর্ত থাকে যে, কেন্দ্রীয় নিবন্ধন গ্রহণ ও কর পরিশোধের লক্ষ্যে বোর্ড বিধিমালা প্রণয়ন করিতে পারিবে। ]
***[(১ক) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, ধারা ৫৮ এর অধীন বিশেষ পরিকল্পের অধীন তামাকজাত পণ্য সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় নিবন্ধন প্রযোজ্য হইবে না। ]
* অর্থ আইন, ২০২০ এর ৫৫ ধারাবলে “নির্ধারিত পদ্ধতিতে” শব্দগুলোর পরিবর্তে “নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে” শব্দগুলো প্রতিস্থাপিত।
** অর্থ আইন, ২০২০ এর ৫৫ ধারাবলে নূতন শতাংশ সংযোজিত।
*** অর্থ আইন, ২০২১ এর ৩৬ ধারাবলে নূতন উপ-ধারা (১ক) সংযোজিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।