Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২

ধারা ৫৮ - বিশেষ পরিকল্প (special scheme)

[(১) বাংলাদেশে প্রস্তুতকৃত বা বাংলাদেশে বিক্রয়ের উদ্দেশ্যে আমদানিকৃত সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের উপর সম্পূরক শুল্ক আরোপ এবং আদায়ের উদ্দেশ্যে বোর্ড, এই আইন বা তদ্‌ধীন প্রণীত বিধানাবলী সাপেক্ষে, উক্ত পণ্যের আমদানিকারক, প্রস্তুতকারক ও সরবরাহকারীর জন্য বিশেষ পরিকল্প প্ৰণয়ন করিতে পারিবে।

(২) উক্ত বিশেষ পরিকল্প দ্বারা বোর্ড উক্ত পণ্য সরবরাহের শর্ত ও সীমা আরোপসহ সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করিতে পারিবে এবং উক্ত মূল্য মূসক এবং সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য হিসাবে গণ্য হইবে।

(৩) উক্ত বিশেষ পরিকল্পে নিম্নবর্ণিত বিষয় অন্তর্ভুক্ত করা যাইবে, যথা:–

(ক) উক্ত পণ্যের মোড়ক, বোতল, পাত্র বা ধারকে বা উহার গায়ে সরকার নির্ধারিত ওজন, পরিমাণ নিশ্চিতের পাশাপাশি বাধ্যতামূলক নিরাপত্তামূলক বৈশিষ্ট্য সম্বলিত ট্যাক্স স্ট্যাম্প, ডিজিটালাইজড ব্যান্ডরোল, কিউআর কোড বা এআর কোড বা আরএফআইডি বা পারফোরেশন বা বিশেষ চিহ্ন বা বিশেষ আকারের এবং ডিজাইনের ছাপ সংক্রান্ত বা অনুরূপ কোন বিষয়; এবং

(খ) উক্ত ট্যাক্স স্ট্যাম্প, ডিজিটালাইজড ব্যান্ডরোল, কিউআর কোড বা এআর কোড বা আরএফআইডি বা পারফোরেশন বা বিশেষ চিহ্ন বা ছাপের প্রস্তুতকরণ, অর্জন, বিতরণ, সংরক্ষণ, ব্যবহার, তদারকি, পর্যবেক্ষণ, হিসাব-নিকাশ, নিষ্পত্তিকরণ, ইত্যাদি সংক্রান্ত বা অনুরূপ কোন বিষয়। ]

  অর্থ আইন, ২০২৬ এর (৯) ধারাবলে নিম্নরূপ ধারা ৫৮ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ ধারা ৫৮ – তামাক এবং এ্যালকোহলযুক্ত পণ্যের ক্ষেত্রে বিশেষ পরিকল্প (special scheme)

(১) বাংলাদেশে প্রস্তুতকৃত বা বাংলাদেশে বিক্রয়ের উদ্দেশ্যে আমদানিকৃত নিম্নবর্ণিত সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের উপর সম্পূরক শুল্ক আরোপ এবং আদায়ের উদ্দেশ্যে বোর্ড, এই আইন বা তদধীন প্রণীত বিধানাবলী সাপেক্ষে, উক্ত পণ্যের প্রস্তুতকারকের জন্য আবশ্যকীয় বিশেষ পরিকল্প প্রণয়ন করিতে পারিবে, যথা:―

(ক) তামাকজাত পণ্য বা উহার মিশ্রিত পণ্যসহ সমতুল্য অন্য কোন পণ্য; বা

(খ) মদ জাতীয় পানীয়, মদ জাতীয় পানীয়ের উপকরণ বা সমতুল্য অন্য কোন পণ্য।

(২) উক্ত বিশেষ পরিকল্প দ্বারা বোর্ড উক্ত পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করিতে পারিবে এবং উক্ত মূল্য মূসক এবং সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য হিসাবে গণ্য হইবে।

(৩) উক্ত বিশেষ পরিকল্পে নিম্নবর্ণিত বিষয় অন্তর্ভুক্ত থাকিবে, যথা:―

(ক) উক্ত পণ্যের মোড়ক, বোতল, পাত্র বা ধারকে বা উহার গায়ে নিরাপত্তামূলক বৈশিষ্ট্য সম্বলিত স্ট্যাম্প, ব্যান্ডরোল বা বিশেষ চিহ্ন বা বিশেষ আকারের এবং ডিজাইনের ছাপ সংক্রান্ত বা অনুরূপ কোন বিষয়; এবং

(খ) উক্ত স্ট্যাম্প, ব্যান্ডরোল বা বিশেষ চিহ্ন বা ছাপের প্রস্তুতকৃত, অর্জন, বিতরণ, সংরক্ষণ, ব্যবহার, তদারকি, পর্যবেক্ষণ, হিসাব-নিকাশ, নিষ্পত্তিকরণ, ইত্যাদি সংক্রান্ত বা অনুরূপ কোন বিষয়। ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top