মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২
১[ ধারা ২ দফা ৯৭ - সহযোগী
“সহযোগী” অর্থ দুইজন ব্যক্তির মধ্যে এমন সম্পর্ক যাহার কারণে একে অপরের বা উভয়ে অপর কোন তৃতীয় ব্যক্তির অভিপ্রায় অনুযায়ী কাজ করেন বা কাজ করিবেন বলিয়া প্রত্যাশা করা হয়, এবং নিম্নবর্ণিত ব্যক্তিও উহার অন্তর্ভুক্ত হইবেন, যথা:-
(ক) অংশীদারি কারবারের কোন অংশীদার;
(খ) কোম্পানীর কোন শেয়ার হোল্ডার;
(গ) কোন ট্রাস্ট এবং উক্ত ট্রাস্টের সুবিধাভোগী;
(ঘ) কোন সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগ এবং উক্ত উদ্যোগের অংশীদার ভূমি মালিক, নির্মাতা বা অন্য কোন ব্যক্তি; বা
(ঙ) প্রতিনিধি, মূসক এজেন্ট, পরিবেশক, লাইসেন্সী বা অনুরূপ সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ: তবে শর্ত থাকে যে, চাকুরির সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ উহার অন্তর্ভুক্ত হইবেন না; ]
১ অর্থ আইন, ২০১৯ এর ৫৩(২২) ধারাবলে নিম্নরূপ দফা (৯৭) এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ (৯৭) “সহযোগী” অর্থ দুইজন ব্যক্তির মধ্যে এমন সম্পর্ক যাহার কারণে একে অপরের বা উভয়ে অপর কোন তৃতীয় ব্যক্তির অভিপ্রায় অনুযায়ী কাজ করেন বা কাজ করিবেন বলিয়া প্রত্যাশা করা হয়, এবং নিম্নবর্ণিত ব্যক্তিও উহার অন্তর্ভুক্ত হইবেন, যথা:-
(ক) ব্যক্তির কোন আত্মীয়;
(খ) অংশীদারি কারবারের কোন অংশীদার;
(গ) কোম্পানির কোন শেয়ারহোল্ডার;
(ঘ) কোন ট্রাস্ট এবং উক্ত ট্রাস্টের সুবিধাভোগী; বা
(ঙ) কোন সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগ এবং উক্ত উদ্যোগের অংশীদার ভূমি মালিক, নির্মাতা বা অন্য কোন ব্যক্তি; কিন্তু নিম্নবর্ণিত সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ উহার অন্তর্ভুক্ত হইবেন না, যথা:-
(অ) চাকুরীর সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ; বা
(আ) প্রতিনিধি, মূসক এজেন্ট, পরিবেশক, লাইসেন্সী বা অনুরূপ সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ; ]
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।