মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২
ধারা ১২৭ - প্রদেয় করের উপর সুদ আরোপ
(১) যদি কোন ব্যক্তি নির্ধারিত তারিখে বা উক্ত তারিখের পূর্বে, ১[কমিশনার বা ধারা ৮৬ এর সারণীতে বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তার] নিকট প্রদেয় কর পরিশোধ করিতে ব্যর্থ হন ২[বা অনিয়মিতভাবে রেয়াত বা হ্রাসকারী সমন্বয় গ্রহণ করেন], তাহা হইলে তাহাকে নির্ধারিত তারিখের পরবর্তী দিন হইতে পরিশোধের দিন পর্যন্ত প্রদেয় করের পরিমাণের উপর ৩[মাসিক ১ (এক) শতাংশ] সরল হারে সুদ পরিশোধ করিতে হইবে ৪[:
তবে শর্ত থাকে যে, উৎসে মূসক কর্তনজনিত বকেয়া আদায়ের ক্ষেত্রে প্রদেয় করের পরিমাণের উপর ষান্মাসিক ২ (দুই) শতাংশ সরলহারে সুদ পরিশোধ করিতে হইবে।
৫[ ব্যাখ্যাঃ এই উপ-ধারায়, “পরিশোধের দিন পর্যন্ত” অর্থ নির্ধারিত তারিখের পরবর্তী দিন হইতে নিষ্পন্নাধীন সময়সহ পরিশোধের দিন পর্যন্ত, তবে ২৪ (চব্বিশ) মাসের অধিক নহে। ]
(২) যে পদ্ধতিতে উক্ত ব্যক্তির নিকট হইতে প্রদেয় কর আদায় করা হয় সেই একই পদ্ধতিতে কমিশনার তাহার নিকট হইতে সুদ আদায় করিবেন।
(৩) কোন ব্যক্তি কর্তৃক সুদসহ করের কোন পরিমাণ অর্থ পরিশোধ করিবার পর, যদি প্রমাণিত হয় যে, সুদের সহিত সংশ্লিষ্ট অর্থ প্রদেয় ছিল না, তাহা হইলে উক্ত অর্থের উপর পরিশোধিত সুদ তাহাকে ফেরত প্রদান করিতে হইবে।
(৪) অর্থদণ্ড বা জরিমানার অতিরিক্ত হিসাবে উক্ত সুদ প্রদেয় হইবে।
১ অর্থ আইন, ২০২২ এর ৮০(ক) ধারাবলে “কমিশনারের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
২ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৫ ধারাবলে “প্রদেয় কর পরিশোধ করিতে ব্যর্থ হন” শব্দগুলির পর “বা অনিয়মিতভাবে রেয়াত বা হ্রাসকারী সমন্বয় গ্রহণ করেন” শব্দগুলি সন্নিবেশিত।
৩ অর্থ আইন, ২০২১ এর ৫৭ ধারাবলে “মাসিক ২ (দুই) শতাংশ” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
৪ অর্থ আইন, ২০১৯ এর ১০৩ ধারাবলে, কোলন (:) প্রান্তঃস্থিত দাঁড়ি (।) চিহ্নের পরিবর্তে প্রতিস্থাপিত এবং শর্তাংশ ও ব্যাখ্যা সংযোজিত।
৫ অর্থ আইন, ২০২২ এর ৮০(খ) ধারাবলে, অর্থ আইন, ২০১৯ দ্বারা প্রতিস্থাপিত নিম্নরূপ ব্যাখ্যা পুনরায় আবার প্রতিস্থাপিত।
[ ব্যাখ্যাঃ এই উপ-ধারায়, “পরিশোধের দিন পর্যন্ত” অর্থ নির্ধারিত তারিখের পরবর্তী দিন হইতে আপীল নিষ্পন্নাধীন সময়সহ পরিশোধের দিন। ]
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।