আয়কর আইন ২০২৩
পঞ্চম তফসিল - কতিপয় খনিজ সম্পদের ক্ষেত্রে মুনাফা ও লাভ পরিগণনা [ধারা ৪৭ দ্রষ্টাব্য]
অংশ ১ - পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন হইতে উদ্ভূত মুনাফা ও লাভ পরিগণনা এবং কর নিরূপণ
১। পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন হইতে উদ্ভূত মুনাফা পরিগণনা।-
যেইক্ষেত্রে কোনো ব্যক্তি পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন ব্যবসা পরিচালনা করেন বা সরকারের সহিত চুক্তির আওতায় পরিচালনা করেন মর্মে গণ্য হয়, সেইক্ষেত্রে উক্ত ব্যক্তির পরিচালিত অন্যান্য ব্যবসার আয়, মুনাফা ও লাভ হইতে পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন হইতে উদ্ভূত মুনাফা ও লাভ পৃথকভাবে পরিগণনা করিতে হইবে।
২। মুনাফা পরিগণনা।-
ধারা ৪৯ এর বিধান সাপেক্ষে, নিম্ন্নবর্ণিত খরচ অনুমোদনের পর অনুচ্ছেদ ১ এর উদ্দেশ্য পূরণকল্পে, মুনাফা ও লাভ পরিগণনা করিতে হইবে, যথা: –
(ক) যেইক্ষেত্রে কোনো ব্যক্তি পেট্রোলিয়াম অনুসন্ধান, বা পেট্রোলিয়ামের মজুদ আবিষ্কার বা পরীক্ষা বা উক্ত স্থানে প্রবেশের লক্ষ্যে কোনো ব্যয় বহন করিয়াছেন, তবে বাণিজ্যিক উৎপাদনের পূর্বেই উক্ত অনুসন্ধান বা আবিষ্কার কার্য বা তদন্ত কর্মকান্ড পরিত্যাগ করিয়াছেন, সেইক্ষেত্রে উক্ত সারেন্ডার এলাকা বা শুষ্ক কূপ খননের জন্য ক্ষতি হইয়াছে মর্মে গণ্য করিয়া উক্ত ব্যয় উক্ত সারেন্ডার এলাকা ও শুষ্ক কৃপ খনন কার্যের মধ্যে বন্টন করা হইবে; উক্তরুপ ক্ষতির একটি অংশ সরকার এবং সংশ্রিষ্ট ব্যক্তির সহিত সম্পাদিত চুক্তির অধীন নিম্নবর্ণিত যেকোনো একটি উপায়ে অনুমোদন প্রদান করা হইবে, যথা:-
(অ) যেকোনো বৎসরের উল্লিখিত ক্ষতির উক্ত অংশ উক্ত বৎসরের ডিভিডেন্ড আয় ব্যতীত ব্যবসার অন্য যেকোনো আয়, মুনাফা বা লাভের সহিত সমন্বয় করা করা হইবে। এই পদ্ধতিতে উক্ত ক্ষতি সম্পূর্ণভাবে সমন্বয় করা সম্ভব না হইলে, উক্ত অসমন্বিত অংশ পরবর্তী বৎসরে জের টানা যাইবে এবং উক্ত বৎসরের আয়, মুনাফা বা লাভের বিপরীতে একই পদ্ধতিতে সমন্বয় করা যাইবে এবং এইভাবেও যদি সমুদয় ক্ষতি সমন্বয় সম্ভব না হয়, তবে তাহার পরবর্তী বৎসরে সংশ্লিষ্ট জের টানা ও সমন্বয় করা যাইবে এবং এইভাবে জের টানা অব্যাহত থাকিবে; তবে কোনোভাবেই ৬ (ছয়) বৎসরের অধিক এইরূপ ক্ষতির জের টানা যাইবে না;
(আ) কোনো বৎসরের উল্লিখিত ক্ষতির অংশ যেই আয়বর্ষে বাণিজ্যিক উৎপাদন শুরু হইয়াছে উক্ত আয়বর্ষের ব্যবসার আয়, মুনাফা বা লাভের বিপরীতে সমন্বয় করা হইবে। যদি উক্ত বৎসরের একই ব্যবসায়ের মুনাফার বিপরীতে উক্ত ক্ষতি সম্পূর্ণ সমন্বয় অসম্ভব হয়, তবে উক্ত ক্ষতির অসমন্বিত অংশ পরবর্তী বৎসরে জের টানা যাইবে এবং উক্ত করদাতার উক্ত বৎসরের এইরূপ কোনো ব্যবসার মুনাফা বা লাভের বিপরীতে সমন্বয় করা যাইবে এবং এইভাবেও যদি সমুদয় ক্ষতি সমন্বয় সম্ভব না হয়, তবে উহা পরবর্তী বৎসরে জের টানা ও সমন্বয় করা যাইবে এবং এইভাবে জের টানা অব্যাহত থাকিবে; তবে কোনোভাবেই ১০ (দশ) বৎসরের অধিক উক্তরুপ ক্ষতির জের টানা যাইবে না;
(খ) বাণিজ্যিক উৎপাদন শুরু হইবার পর, তাহার পূর্ববর্তী সকল ব্যয় দফা (ক) এর অধীন ক্ষতি হিসাবে গণ্য না হইলে এবং বাণিজ্যিক উৎপাদন শুরু হইবার সময়ের ব্যবহারাধীন বাস্তব সম্পদের আওতা বহির্ভূত হইলে, উহা বাদযোগ্য খরচ হিসাবে অনুমোদিত হইবে; কোনো বৎসরে উক্তরুপ বাদযোগ্য খরচের কতটুকু অংশ, যাহা বাদযোগ্য অর্থের সমষ্টির ১০% (দশ শতাংশ) এর অধিক নহে, অনুমোদন দেওয়া হইবে, সেই পরিমাণ করদাতা কর্তৃক নিরুপিত হইবে;
(গ) বাণিজ্যিক উৎপাদন শুরু হইবার পর উৎপাদন ও অনুসন্ধানের সহিত সম্পর্কিত ব্যয়ের অর্থ বাদযোগ্য খরচ হিসাবে অনুমোদনযোগ্য হইবে:
তবে শর্ত থাকে যে, অবচয় ভাতা অনুমোদনযোগ্য রহিয়াছে এইরুপ সম্পত্তির উপর ব্যয় বাদযোগ্য হইবে না এবং চতুর্থ তফসিলের বিধান অনুযায়ী উক্ত সম্পত্তির উপর অবচয় অনুমোদন করা যাইবে, বাণিজ্যিক উৎপাদন শুরুর তারিখের পূর্বে পূর্ববর্তী উপ-অনুচ্ছেদে উল্লিখিত বাস্তব সম্পদ অর্জিত হইলে উহা যদি উক্ত তারিখে ব্যবহৃত অবস্থায় থাকে, তাহা হইলে উক্ত সম্পদ বাণিজ্যিক উৎপাদন শুরুর সময় প্রকৃত মুল্যের বিনিময়ে নতুনভাবে অর্জন করা হইয়াছিল মর্মে গণ্য করিয়া উক্তরুপ ব্যয়ের ক্ষেত্রেও বাদযোগ্য সুবিধা অনুমোদন করা যাইবে:
আরও শর্ত থাকে যে, যেইক্ষেত্রে বাণিজ্যিক উৎপাদন শুরুর পূর্বে কোনো অবচয় ভাতা অনুমোদিত হইয়াছে, সেইক্ষেত্রে উপরি-উল্লিখিত প্রকৃত মূল্য হইতে উক্ত অনুমোদিত অবচয় ভাতার সমপরিমাণ অর্থ বাদ দিতে হইবে;
(ঘ) যদি, কোনো বৎসর, ধারা ৪৯-৫৩ এর অধীন এবং এই অনুচ্ছেদের উপরি-উক্ত দফা (খ) ও (গ) এর অধীন অনুমোদিত বিয়োজন, বাংলাদেশে উৎপাদিত পেট্রোলিয়ামের বিক্রয়লব্ধ মোট প্রাপ্তির অতিরিক্ত হয়, তাহা হইলে উক্ত অতিরিক্ত প্রাপ্তি, লভ্যাংশ ভিন্ন অন্যান্য আয়ের সহিত সমন্বয়যোগ্য হইবে, এবং ধারা ৭০ ও ৭১ এই বর্ণিত পদ্ধতিতে এবং শর্ত সাপেক্ষে, জের টানা যাইবে।
৩। ১[***]
৪। সরকারকে পরিশোধযোগ্য অর্থ ও করসমূহ।-
এই অংশের বিধানাবলি প্রযোজ্য এইরুপ কোনো ব্যবসা বা ব্যবসার অংশ হইতে অর্জিত মুনাফা বা লাভ হইতে উদ্ভূত আয়ের ক্ষেত্রে, যেকোনো করবর্ষে সরকারকে পরিশোধিত অর্থের পরিমাণ এবং আয়কর, করদাতার সহিত সম্পাদিত চুক্তির শর্ত অনুসারে নিরূপিত হইবে।
৫। সরকারকে প্রদত্ত অর্থ এবং করসমূহের সমন্বয়।-
যদি কোনো বৎসরের আয়ের উপর করদাতা কর্তৃক সরকারকে প্রদত্ত অর্থ এবং করের সমষ্টি অনুচ্ছেদ ৪ এ উল্লিখিত চুক্তিতে বর্ণিত পরিমাণ অর্থের অধিক বা কম হয়, তাহা হইলে সরকারের সহিত তাহার চুক্তির শর্তাবলিতে বর্ণিত আয়ের জন্য যেই পরিমাণ অর্থ সরকারকে প্রদেয় হয়, তাহার সহিত প্রদেয় করের সমষ্টির সমতা বিধানার্থে উক্ত করদাতার করদায় সমন্বয় করা হইবে।
৬। অতিরিক্ত অর্থ প্রদানের জের টানা।-
যদি কোনো বৎসর সরকারের নিকট পরিশোধিত কোনো অর্থের পরিমাণ, অনুচ্ছেদ ৪ এ উল্লিখিত চুক্তি অনুযায়ী নির্ধারিত অর্থের অধিক হয়, তাহা হইলে উক্ত অতিরিক্ত অর্থের যেই পরিমাণ অর্থ অনুচ্ছেদ ৪ এ উল্লিখিত কোনো কর বা লেভির অন্তর্ভূক্ত হয়, সেই পরিমাণ অর্থ পরবর্তী বংসরের জের টানা যাইবে এবং পরবর্তী বংসরের জন্য অনুচ্ছেদ ৪ ও ৫ এর উদ্দেশ্য পূরণকল্পে, সরকারকে পরিশোধ করা হইয়াছে মর্মে বিবেচিত হইবে।
৭। তেলের বিক্রয় মূল্য।-
এই অংশের অধীন আয় গণনার ক্ষেত্রে, “ওয়েলহেড মূল্যকে” তেলের বিক্রয়মূল্য হিসাবে বিবেচনা করা হইবে।
৮। ব্যাখ্যা।- এই অংশের উদ্দেশ্যে পূরণকল্পে,-
(ক) “বাণিজ্যিক উৎপাদন” অর্থ সরকার কর্তৃক নির্ধারিত পরিমাণ উৎপাদন;
(খ) “পেট্রোলিয়াম” অর্থ The Bangladesh Petroleum Act, 1974 (Act No. LXIX of 1974) এ সংজ্ঞায়িত পেট্রোলিয়াম, তবে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য ইহার অন্তর্ভূক্ত হইবে না;
(গ) “সমর্পণ” অর্থ কোনো এলাকার ক্ষেত্রে প্রযোজ্য অধিকার এবং কোনো চুক্তির শর্তাধীনে মেয়াদ উত্তীর্ণ কোনো অধিকারের সমাপ্তি;
(ঘ) “সমর্পণকৃত এলাকা” অর্থ কোনো ব্যক্তি কর্তৃক সমর্পণ বা স্বত্ব ত্যাগ বা ব্যবসা সমাপ্তির মাধ্যমে কোনো এলাকার উপর তাহার অধিকারের সমাপ্তি হইয়া গিয়াছে এইরুপ এলাকা;
(ঙ) “ওয়েলহেড মূল্য” অর্থ করদাতা ও সরকারের মধ্যে সম্পাদিত চুক্তিতে যে অর্থে সংজ্ঞায়িত হইয়াছে সেই অর্থে ওয়েলহেড মূল্য এবং উক্ত চুক্তিতে সংজ্ঞায়িত করা না হইলে, পেট্রোলিয়াম (উৎপাদন) বিধিমালা, ১৯৪৯ এই সংজ্ঞায়িত অর্থে ওয়েলহেড মূল্য;
(চ) “সরকারকে অর্থ পরিশোধ” অর্থ সরকারকে পরিশোধকৃত কোনো অর্থ অথবা বাংলাদেশে সরকারের কোনো কর্তৃপক্ষকে পরিশোধকৃত কোনো অর্থ, বাংলাদেশে নির্দিষ্টভাবে তেল উৎপাদন বা আহরণ শিল্পের জন্য বা উক্তরুপ সকল শিল্পের জন্য, বা উহাদের যেকোনটির জন্য আরোপিত যেকোনো কর বা লেভির ক্ষেত্রে, এবং সকল শিল্প প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক কার্যাবলির জন্য সাধারণভাবে আরোপিত নহে।
১ অর্থ আইন, ২০২৪ এর ৮৪ ধারাবলে পঞ্চম তফসিলের অংশ ১ এর নিম্নরূপ অনুচ্ছেদ ৩ বিলুপ্ত।
[ ৩। নিঃশেষ ভাতা (Depletion allowance)।-
বাণিজ্যিক উৎপাদন শুরু হইবার তারিখের পরের যেকোনো সমাপ্ত বংসরের জন্য মুনাফা ও লাভ গণনা করিবার ক্ষেত্রে, এই অংশের বিধানাবলি প্রযোজ্য এইরুপ কোনো ব্যবসা বা উক্ত ব্যবসার অংশবিশেষের উৎপাদনের উপর ওয়েলহেড মূল্য হিসাবে যে মোট প্রাপ্তি অর্জিত হয়, উহার ১৫% (পনেরো শতাংশ) অতিরিক্ত ভাতা প্রদান করা যাইবে:
তবে শর্ত থাকে যে, এইরূপ ভাতা কর্তন না করিয়া যে মুনাফা বা লাভ গণনা করা হয়, উক্ত ভাতা তাহার অর্ধেকের অধিক হইতে পারিবে না। ]
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।