Tax VAT Point

আয়কর আইন ২০২৩

ধারা ৩৬ - ভাড়া হইতে আয়

[ (১) কোনো ব্যক্তির কোনো সম্পত্তির ভাড়া বা লিজ প্রদানের ক্ষেত্রে, ধারা ৩৭ অনুযায়ী “মোট ভাড়ামূল্য” হইতে এই অধ্যায়ে বর্ণিত সর্বমোট অনুমোদনযোগ্য খরচ বাদ দিলে যাহা অবশিষ্ট থাকে, তাহার সহিত ধারা ৩৯ এ উল্লিখিত “বিশেষ ভাড়া আয়” যোগ করিয়া “ভাড়া হইতে আয়” পরিগণনা করিতে হইবে। ]

(২) কোনো ব্যক্তির সম্পত্তির কোনো অংশ উক্ত ব্যক্তির স্বীয় ব্যবসায়ের উদ্দেশ্যে ব্যবহৃত হইলে বা উহা হইতে প্রাপ্ত আয় উক্ত ব্যক্তির ব্যবসা [বা পেশা] হইতে আয় খাতে পরিগণনাযোগ্য হইলে, উক্ত অংশের জন্য এই ধারা প্রযোজ্য হইবে না।

[(৩) হোটেল, মোটেল, হোস্টেল বা রিসোর্ট বা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ (২০১০ সনের ৪২ নং আইন) এর ধারা ৪ এবং ৫ অনুসারে যথাক্রমে প্রতিষ্ঠিত ও ঘোষিত অর্থনৈতিক অঞ্চলে উক্ত আইনের ধারা ৮ অনুসারে নিয়োগকৃত অর্থনৈতিক অঞ্চল ডেভেলপার এবং বাংলাদেশ হাই- টেক পার্ক কর্তৃপক্ষ আইন, ২০১০ (২০১০ সনের ৮ নং আইন) এর ধারা ২০ অনুসারে নিয়োগকৃত ডেভেলপার কর্তৃক ভাড়ায় প্রদানকৃত জমি বা স্থাপনা’র ক্ষেত্র ব্যতীত অন্য কোনো সম্পত্তির ভাড়ার প্রকৃতি, কারবার, বাণিজ্য বা ব্যবসা নির্বিশেষে যে ধরনের হউক না কেন, উক্ত সম্পত্তি হইতে অর্জিত আয় “ভাড়া হইতে আয়” খাতের অধীন পরিগণনা করিতে হইবে। ]

  অর্থ আইন, ২০২৪ এর ২২ ধারাবলে নিম্নরূপ ধারা ৩৬ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ ধারা ৩৬ – ভাড়া হইতে আয়

(১) কোনো ব্যক্তির কোনো সম্পত্তির মোট ভাড়ামূল্য হইতে এই অধ্যায়ে বর্ণিত সর্বমোট অনুমোদনযোগ্য খরচ বাদ দিলে যাহা অবশিষ্ট থাকিবে তাহাই হইবে উক্ত সম্পত্তি হইতে উক্ত ব্যক্তির ভাড়া হইতে আয়।

(২) কোনো ব্যক্তির সম্পত্তির কোনো অংশে উক্ত ব্যক্তির নিজ ব্যবসায়ের উদ্দেশ্যে নিয়োজিত থাকিলে এবং তাহা হইতে প্রাপ্ত আয় উক্ত ব্যক্তির ব্যবসা হইতে আয় খাতে পরিগণনাযোগ্য হইলে, এবং উক্ত অংশের জন্য এই ধারা প্রযোজ্য হইবে না।

(৩) কোনো সম্পত্তির ভাড়ার প্রকৃতি, কারবার, বাণিজ্য বা ব্যবসা নির্বিশেষে যে ধরনেরই হউক না কেন, ভাড়া হইতে আয় খাতের অধীন আয় পরিগণনা করিতে হইবে।

(৪) যে ক্ষেত্রে একাধিক ব্যক্তি উপ-ধারা (১) এ উল্লিখিত সম্পত্তির মালিক হন, সেইক্ষেত্রে উক্ত সম্পত্তির ভাড়া হইতে কোনো ব্যক্তির প্রাপ্ত আয়কে নিম্নবর্ণিতভাবে পরিগণনা করিতে হইবে, যথা:-

যদি সম্পত্তিতে কোনো ব্যক্তির অংশের পরিমাণ সুনির্দিষ্ট এবং নিশ্চিত হয়মালিকানার শেয়ারের আনুপাতিক হারে
যদি সম্পত্তিতে কোনো ব্যক্তির অংশের পরিমাণ সুনির্দিষ্ট না হয়উক্ত সম্পত্তির ভাড়া হইতে কোনো ব্যক্তির কর পরিগণনার ক্ষেত্রে উক্ত ব্যক্তিগণ ব্যক্তিসংঘ হিসাবে পরিগণিত হইবেন। ]

  অর্থ আইন, ২০২৬ এর ৩৪(ক) ধারাবলে নিম্নরূপ উপ-ধারা (১) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ (১) কোনো ব্যক্তির কোনো সম্পত্তির ভাড়া প্রদান হইতে অর্জিত মোট ভাড়ামূল্য হইতে এই অধ্যায়ে বর্ণিত সর্বমোট অনুমোদনযোগ্য খরচ বাদ দিলে যাহা অবশিষ্ট থাকিবে, উহা হইবে উক্ত সম্পত্তি হইতে উক্ত ব্যক্তির ভাড়া হইতে আয়।]

  অর্থ আইন, ২০২৬ এর ৩৪(খ) ধারাবলে উপ-ধারা (২) এ উল্লিখিত “ব্যবসা” শব্দের পর “বা পেশা” শব্দগুলি সন্নিবেশিত।

  অর্থ আইন, ২০২৬ এর ৩৪(গ) ধারাবলে নিম্নরূপ উপ-ধারা (৩) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ (৩) হোস্টেল, হোটেল, মোটেল বা রিসোর্টের ক্ষেত্র ব্যতীত অন্য কোনো সম্পত্তির ভাড়ার প্রকৃতি, কারবার, বাণিজ্য বা ব্যবসা নির্বিশেষে যে ধরনেরই হউক না কেন, উক্ত সম্পত্তি হইতে অর্জিত আয় “ভাড়া হইতে আয়” খাতের অধীন পরিগণনা করিতে হইবে।]

 

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top