Tax VAT Point

আয়কর আইন ২০২৩

ধারা ২৫৪ - পরিশোধিত কর পুনরূদ্ধারে [প্রতিনিধি বা এজেন্টের] অধিকার

(১) কোনো প্রতিনিধি [বা এজেন্ট] যে, ধারা ২৫২ [বা ধারা ২৫৩] এর অধীন তাহার দায়ের বিপরীতে, কোনো অঙ্ক পরিশোধ করে, সে যাহার পক্ষে উক্ত অঙ্ক পরিশোধ করিয়াছে তাহার নিকট হইতে পরিশোধিত উক্ত অঙ্ক পুনরূদ্ধারের অধিকারী হইবে, অথবা তাহার দখলে রহিয়াছে বা দখলে আসার সম্ভাবনা রহিয়াছে বা প্রতিনিধি [বা এজেন্ট] হইবার কারণে তাহার পাইবার সম্ভাবনা রহিয়াছে এইরূপ অর্থ হইতে পরিশোধিত অঙ্কের সমপরিমাণ অর্থ উদ্ধার করিতে পারিবে।

(২) কোনো প্রতিনিধি [বা এজেন্ট], বা অন্য কোনো ব্যক্তি যাহাকে প্রতিনিধি [বা এজেন্ট] হিসাবে গণ্য করিয়া কর নির্ধারণ করা হইতে পারে, সেই যে ব্যক্তির (অতঃপর “সুবিধাভোগী” হিসাবে উল্লিখিত) পক্ষে ধারা ২৫২ [বা ধারা ২৫৩] এর অধীন কর পরিশোধের জন্য দায়ী, সেই সুবিধাভোগীকে প্রদেয় কোনো অর্থ হইতে তাহার আনুমানিক করদায়ের অধিক নহে এইরূপ পরিমাণ অর্থ উদ্ধার করিতে পারিবে।

(৩) সুবিধাভোগী এবং [প্রতিনিধি বা এজেন্টের] মধ্যে কোনোরূপ মতানৈক্যের ঘটনা বা প্রতিনিধি [বা এজেন্ট] হিসাবে গণ্য করিয়া কর নির্ধারণ করা হইতে পারে এইরূপ আশঙ্কাগ্রস্থ কোনো [এজেন্ট], যাহা প্রযোজ্য, উপ-ধারা (২) এর অধীন, যেই পরিমাণ অঙ্ক ধরিয়া রাখিবার কথা, উক্ত প্রতিনিধি [বা এজেন্ট] বা [এজেন্ট] উপকর কমিশনারের নিকট হইতে উক্ত অঙ্ক উল্লেখপূর্বক এই মর্মে সার্টিফিকেট গ্রহণ করিয়া নিশ্চয়তা দিতে পারিবে যে করদায় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত অঙ্ক ধরিয়া রাখা বা মুলতবি থাকিবে এবং এইরূপে গৃহীত সার্টিফিকেট উক্ত অঙ্ক ধরিয়া রাখিবার জন্য হুকুমনামা (warrant) হিসাবে গণ্য হইবে।

  অর্থ আইন, ২০২৬ এর ১৩৪(ক) ধারাবলে উপান্তটিকায় উল্লিখিত “প্রতিনিধির” শব্দের পরিবর্তে “প্রতিনিধি বা এজেন্টের” শব্দগুলি প্রতিস্থাপিত।

  অর্থ আইন, ২০২৬ এর ১৩৪(খ) ধারাবলে উপ-ধারা (১) এ দুইবার উল্লিখিত “প্রতিনিধি” শব্দের পর “বা এজেন্ট” শব্দগুলি এবং “২৫২” সংখ্যার পর “বা ধারা ২৫৩” শব্দগুলি ও সংখ্যা সন্নিবেশিত।

  অর্থ আইন, ২০২৬ এর ১৩৪(গ) ধারাবলে উপ-ধারা (২) এ উল্লিখিত “প্রতিনিধি” শব্দের পর “বা এজেন্ট” শব্দগুলি এবং “২৫২” সংখ্যার পর “বা ধারা ২৫৩” শব্দগুলি ও সংখ্যা সন্নিবেশিত।

  অর্থ আইন, ২০২৬ এর ১৩৪(ঘ)(অ) ধারাবলে উপ-ধারা (৩) এ উল্লিখিত “প্রতিনিধির” শব্দের পরিবর্তে “প্রতিনিধি বা এজেন্টের শব্দগুলি প্রতিস্থাপিত।

  অর্থ আইন, ২০২৬ এর ১৩৪(ঘ)(আ) ধারাবলে উপ-ধারা (৩) এ উল্লিখিত “প্রতিনিধি” শব্দের পর “বা এজেন্টে” শব্দগুলি সন্নিবেশিত।

  অর্থ আইন, ২০২৬ এর ১৩৪(ঘ)(ই) ধারাবলে উপ-ধারা (৩) এ উল্লিখিত “ব্যক্তি” শব্দের পরিবর্তে “এজেন্ট” শব্দ প্রতিস্থাপিত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top