Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬

বিধি ৩০ - ব্যক্তিগত উদ্দেশ্যে ( private purposes) ব্যবহৃত সম্পদের ক্ষেত্রে সমন্বয়

(১) কোনো নিবন্ধিত ব্যক্তি ১ (এক) টি বৃদ্ধিকারী সমন্বয় সাধন করিবেন, যদি তিনি—

(ক) কোনো সম্পদ অর্জন বা আমদানির উপর উদ্ভূত বা পরিশোধিত উপকরণ করের সমুদয় বা আংশিক পরিমাণের জন্য উপকরণ কর রেয়াত গ্রহণ করেন বা করিয়া থাকেন; এবং

(খ) উক্ত সম্পদ ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করেন।

(২) উপ-বিধি (১) এর বৃদ্ধিকারী সমন্বয়ের পরিমাণ হইবে নিবন্ধিত ব্যক্তি কর্তৃক সম্পদ অর্জন অথবা আমদানির জন্য গৃহীত উপকরণ কর রেয়াতের সমপরিমাণ অর্থ।

(৩) কোনো নিবন্ধিত ব্যক্তি উৎপাদিত সম্পদের জন্য ১ (এক) টি বৃদ্ধিকারী সমন্বয় করিবেন, যদি—

(ক) উক্ত ব্যক্তি ব্যক্তিগত উদ্দেশ্যে উক্ত সম্পদ ব্যবহার করেন; এবং

(খ) উক্ত ব্যক্তি সম্পদটি সরবরাহ করেন এবং উহা করযোগ্য সরবরাহ হয়।

(৪) উপ-বিধি (৩) এর বৃদ্ধিকারী সমন্বয়ের পরিমাণ হইবে সম্পদের ন্যায্য বাজার মূল্যের কর ভগ্নাংশ।

(৫) যে কর মেয়াদে সম্পদটি প্রথমে ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত হয় বা হইবে সেই কর মেয়াদে বৃদ্ধিকারী সমন্বয় সাধন করিতে হইবে।

(৬) এই বিধি প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তি কোনো সম্পদ ব্যক্তিগত ব্যবহারে প্রয়োগ করেন মর্মে গণ্য হইবে যদি উক্ত ব্যক্তি আর্থিক কার্যক্রমের উদ্দেশ্য ব্যতিরেকে অন্য কোনো উদ্দেশ্যে বর্ণিত সম্পদ ব্যবহার বা ভোগ করেন।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top