Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬

বিধি ১২ - পরিবর্তিত তথ্য অবহিতকরণ

[(১) আইনের ধারা ১৪ এর বিধান অনুযায়ী প্রত্যেক নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম সংশ্লিষ্ট উক্ত ধারার দফা (ক) হইতে (চ) তে বিধৃত তথ্যসহ নিম্নবর্ণিত তথ্যের কোনোরূপ পরিবর্তন হইলে উহা পরিবর্তিত হইবার ১৫ (পনেরো) দিনের মধ্যে বিভাগীয় কর্মকর্তাকে অবহিত করিবেন, যথা:-

(ক) নিবন্ধন বা তালিকাভুক্তির সময় সরবরাহকৃত তথ্যের যে কোনোটিতে পরিবর্তন;

(খ) নূতন ধরনের কোনো ব্যবসায় সংযোজন বা বিদ্যমান ব্যবসায়ের কোনোরূপ বিয়োজন;

(গ) ব্যাংক হিসাব পরিবর্তন, সংযোজন বা বিয়োজন;

(ঘ) নূতন শাখা ইউনিট চালু বা পুরাতন কোনো শাখা ইউনিট বন্ধকরণ;

(ঙ) বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোনো পরিবর্তন।

(২) উপ-বিধি (১) এ উল্লিখিত পরিবর্তনের তথ্য অনলাইনে দাখিলের ক্ষেত্রে নিবন্ধিত বা তালিকাভুক্ত আবাসিক ব্যক্তি ফরম “মূসক-২.১” এ, নিবন্ধিত অনাবাসিক ব্যক্তি ফরম “মূসক-২.২” এ এবং কাগজে আবেদনের ক্ষেত্রে ফরম “মূসক-২.৫” এ তথ্য পরিবর্তিত হইবার ১৫ (পনেরো) দিনের মধ্যে বিভাগীয় কর্মকর্তাকে eVAT সিস্টেমের মাধ্যমে অবহিত করিবেন।

(৩) উপ-বিধি (২) এর অধীন eVAT সিস্টেমে পরিবর্তিত তথ্য দাখিলের পর eVAT সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাকে বিজ্ঞপ্তি প্রদান করিবে, বিজ্ঞপ্তি প্রাপ্তির পর সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা পরিবর্তিত তথ্য যাচাই করিবেন এবং যাচাই সম্পন্নের পর প্রযোজ্য ক্ষেত্রে, নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির অনুকূলে নতুন তথ্য সংবলিত একটি মূল্য সংযোজন কর নিবন্ধন সনদপত্র বা টার্নওভার কর তালিকাভুক্তি সনদ eVAT সিস্টেমের মাধ্যমে জারি করিবেন এবং করদাতাকে ইমেইলে প্রেরণ করিবেন।

(৪) উপ-বিধি (২) এর পরিবর্তিত তথ্যের কারণে ফরম “মূসক-২.৩” এ কোনো পরিবর্তন হইলে বিভাগীয় কর্মকর্তা নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির অনুকূলে নূতন তথ্য সংবলিত একটি মূল্য সংযোজন কর নিবন্ধন সনদপত্র বা টার্নওভার কর তালিকাভুক্তি সনদপত্র জারি করিবেন। ]

  এস.আর.ও. নং-১২৫-আইন/২০২৬/৩৩০-মূসক, তারিখঃ ০৭ জুন, ২০২৬ দ্বারা নিম্নরূপ বিধি ১২ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ বিধি ১২ – পরিবর্তিত তথ্য অবহিতকরণ

(১) ধারা ১৪ এর দফা (ছ) এর বিধান অনুয়ায়ী প্রত্যেক নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম সংশ্লিষ্ট উক্ত ধারার দফা (ক) হইতে (চ) তে বিধৃত তথ্যসহ নিম্নবর্ণিত তথ্যের কোনোরূপ পরিবর্তন হইলে উহা উক্তরূপ পরিবর্তিত হইবার ১৫ (পনের) দিনের মধ্যে বিভাগীয় কর্মকর্তাকে অবহিত করিবেন, যথা:-

(ক) নিবন্ধন বা তালিকাভুক্তির সময় সরবরাহকৃত তথ্যের যেকোনোটিতে পরিবর্তন;

(খ) নূতন ধরনের কোনো ব্যবসায় সংযোজন বা বিদ্যমান ব্যবসায়ের কোনোরূপ বিয়োজন

(গ) ব্যাংক হিসাব পরিবর্তন, সংযোজন বা বিয়োজন;

(ঘ) নূতন শাখা ইউনিট চালু বা পুরাতন কোনো শাখা ইউনিট বন্ধকরণ;

(ঙ) বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোনো পরিবর্তন।

(২) উপ-বিধি (১) এ উল্লিখিত পরিবর্তনের তথ্য অনলাইনে দাখিলের ক্ষেত্রে নিবন্ধিত বা তালিকাভুক্ত আবাসিক ব্যক্তি ফরম “মূসক-২.১”এ, নিবন্ধিত অনাবাসিক ব্যক্তি ফরম “মূসক-২.২” এ এবং কাগুজে আবেদনের ক্ষেত্রে ফরম “মূসক-২.৫” এ তথ্য পরিবর্তিত হইবার ১৫ (পনের) দিনের মধ্যে বিভাগীয় কর্মকর্তাকে অবহিত করিবেন।

(৩) উপ-বিধি (২) এর পরিবর্তিত তথ্যের কারণে ফরম “মূসক-২.৩” এ কোনো পরিবর্তন হইলে বিভাগীয় কর্মকর্তা নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির অনুকূলে নূতন তথ্য সংবলিত একটি মূল্য সংযোজন কর নিবন্ধন সনদপত্র বা টার্নওভার কর তালিকাভুক্তিপত্র জারি করিবেন। ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top