মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬
১[ বিধি ১০৯ - মূসক পরামর্শক লাইসেন্স প্রদান পদ্ধতি
(১) ২[মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি] বিধি ১১০ এ বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিগণের নিকট হইতে ফরম “মূসক-১৮.১”এ মূসক পরামর্শক লাইসেন্সের আবেদন গ্রহণ করিবার লক্ষ্যে প্রতি বৎসর জুলাই মাসে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক পত্রিকা এবং নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করিবে।
(২) যোগ্য প্রার্থীগণ প্রতি বৎসর জুলাই-ডিসেম্বর মেয়াদে বিধি ১১১ এ বর্ণিত দলিলাদিসহ ৩[১ (এক) হাজার] টাকা ফিসহ মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি বরাবর আবেদন করিতে পারিবেন।
(৩) উপ-বিধি (২) এ উল্লিখিত আবেদনপত্র প্রাথমিক বাছাইয়ের পর পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি চূড়ান্ত করিবেন এবং উহা ওয়েবসাইটে প্রকাশ করিবেন।
(৪) মহাপরিচালক প্রাপ্ত আবেদনের ভিত্তিতে ৪[আবেদন দাখিলের সময় শেষ হওয়ার ১২০ (একশত বিশ) দিনের মধ্যে] এতদ্সংশ্লিষ্ট বিধিমালায় বর্ণিত সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা গ্রহণ করিবেন এবং মৌখিক পরীক্ষার সময় দাখিলকৃত দলিলাদির সত্যতা নিশ্চিত করিবেন।
(৫) মহাপরিচালক পরীক্ষা গ্রহণের ১৫ (পনেরো) দিনের মধ্যে ফলাফল প্রকাশ করিবেন এবং উত্তীর্ণ প্রার্থীদেরকে মূসক নিবন্ধন গ্রহণ করিতে হইবে।
(৬) মহাপরিচালক ৫[ফলাফল প্রকাশের ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে] মূসক নিবন্ধিত উত্তীর্ণ প্রার্থীগণকে যথাযথ নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ফরম “মূসক-১৮.১ক” এ মূসক পরামর্শক লাইসেন্স প্রদান করিবেন।
৬[(৭) ***]
(৮) মূল্য সংযোজন কর বিভাগে জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেডের নিম্নে নহেন এমন পদে ন্যূনতম ৫ (পাঁচ) বৎসর কাজ করিবার অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণকে উপ-বিধি (৪) এর অধীন পরীক্ষায় অংশগ্রহণ করিতে হইবে না।
(৯) এই আইন ও বিধিতে যাহা কিছুই থাকুক না কেন, মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর অধীন প্রদত্ত মূসক পরামর্শক লাইসেন্সসমূহ এই আইনের আওতায় প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে। ]
১ এস.আর.ও. নং-১৪২-আইন/২০২০/১০৩-মূসক, তারিখঃ ১১ জুন, ২০২০ দ্বারা নিম্নরূপ উপ-বিধি (১) এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ ১০৯। মূসক পরামর্শক লাইসেন্স প্রদান পদ্ধতি।—
(১) বোর্ড বিধি ১১০ এ বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিগণের নিকট হইতে অনলাইনে ফরম “মূসক-১৮.১” এ মূসক পরামর্শক লাইসেন্সের আবেদন গ্রহণ করিবে।
(২) যোগ্য প্রার্থীগণ বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে অনলাইনে যেকোনো সময় বিধি ১১১ এ বর্ণিত দলিলাদিসহ আবেদন করিতে পারিবেন ।
(৩) অর্ধবার্ষিক ভিত্তিতে আবেদনপত্র প্রাথমিক বাছাইয়ের পর পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা বোর্ড, মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি বরাবর প্রেরণ করিবে এবং উহা ওয়েবসাইটে প্রকাশ করা হইবে।
(৪) মহাপরিচালক প্রতি বৎসর জানুয়ারি-জুন মেয়াদে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে আগস্ট বা সেপ্টেম্বর মাসে এবং জুলাই-ডিসেম্বর মেয়াদে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে ফেব্রুয়ারি বা মার্চ মাসে আবেদনকারী প্রতি ১০ (দশ) হাজার টাকা পরীক্ষার ফি আদায়পূর্বক বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত সিলেবাস অনুযায়ী পরীক্ষা গ্রহণ করিবেন এবং মৌখিক পরীক্ষার সময় দাখিলকৃত দলিলাদির সত্যতা নিশ্চিত করিবেন।
(৫) মহাপরিচালক পরীক্ষা গ্রহণের ১৫ (পনের) দিনের মধ্যে ফলাফল প্রকাশ করিবেন এবং যোগ্য প্রার্থীদের একটি তালিকা বোর্ডে প্রেরণ করিবেন।
(৬) বোর্ড মহাপরিচালকের নিকট হইতে প্রাপ্ত তালিকা অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীগণকে বিধি ১১২ এ বর্ণিত মেয়াদের জন্য যথাযথ নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত কার্ডে ১.১[ ফরম “মূসক-১৮.১ক” এ] মূসক পরামর্শক লাইসেন্স প্রদান করিবেন, যাহাতে নিম্নবর্ণিত তথ্যাদিও উল্লেখ থাকিবে, যথা:—
(ক) লাইসেন্সধারীর নাম, ছবি, জন্ম তারিখ, রক্তের গ্রুপ, জাতীয় পরিচয়পত্র নম্বর ও নমুনা স্বাক্ষর;
(খ) লাইসেন্স ইস্যুর ও মেয়াদ উত্তীর্ণের তারিখ; ও
(গ) লাইসেন্স প্রদানকারী কর্মকর্তার স্বাক্ষর, নাম ও পদবি 1
(৭) মূসক পরামর্শক নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের ব্যয় উপ-বিধি (৪) এর অধীন আদায়কৃত ফি হইতে পরিশোধ করা হইবে ।
(৮) মূল্য সংযোজন কর বিভাগে জাতীয় বেতন স্কেলের ১.২[৯ম ] গ্রেডের নিম্নে নহেন এমন পদে ন্যূনতম ৫ (পাঁচ) বৎসর কাজ করিবার অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণকে উপ-বিধি (৪) এর অধীন পরীক্ষায় অংশগ্রহণ করিতে হইবে না ।
(৯) এই আইন ও বিধিতে যাহা কিছুই থাকুক না কেন, মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর অধীন প্রদত্ত মূসক পরামর্শক লাইসেন্সসমূহ আইনের আওতায় প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে। ]
১.১ এস.আর.ও. নং-১৫৯-আইন/২০১৭/০২-মূসক, তারিখঃ ০১ জুন, ২০১৭ দ্বারা সন্নিবেশিত।
১.২ এস.আর.ও. নং-২২৬-আইন/২০১৯/৬২-মূসক, তারিখঃ ৩০ জুন, ২০১৯ দ্বারা “৮ম” এর পরিবর্তে প্রতিস্থাপিত।
২ এস.আর.ও নং-১৫৮-আইন/২০২৫/২৮৬-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ দ্বারা উপ-বিধি (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি” শব্দগুলি ও চিহ্নগুলি প্রতিস্থাপিত।
৩ এস.আর.ও নং-১৫৮-আইন/২০২৫/২৮৬-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ দ্বারা উপ-বিধি (২) এ উল্লিখিত “৫ (পাঁচ) হাজার” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “১ (এক) হাজার” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত।
৪ এস.আর.ও নং-১৫৮-আইন/২০২৫/২৮৬-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ দ্বারা উপ-বিধি (৪) এ উল্লিখিত “সুবিধাজনক সময়ে” শব্দগুলির পরিবর্তে “আবেদন দাখিলের সময় শেষ হওয়ার ১২০ (একশত বিশ) দিনের মধ্যে” শব্দগুলি, সংখ্যা ও বন্ধনী প্রতিস্থাপিত।
৫ এস.আর.ও নং-১৫৮-আইন/২০২৫/২৮৬-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ দ্বারা উপ-বিধি (৬) এ উল্লিখিত “মহাপরিচালক” শব্দের পর “ফলাফল প্রকাশের ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে” শব্দগুলি, সংখ্যা ও বন্ধনী সন্নিবেশিত।
৬ এস.আর.ও. নং-১৭৯-আইন/২০২০/১১৯-মূসক, তারিখঃ ৩০ জুন, ২০২০ দ্বারা নিম্নরূপ উপ-বিধি (৭) বিলুপ্ত।
[ (৭) মূসক পরামর্শক নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের ব্যয় উপ বিধি (২) এর অধীন আদায়কৃত ফি হইতে পরিশোধ করা হইবে। ]
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।