Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২

ধারা ৯০ - করদাতার অর্থনৈতিক কার্যক্রম নিরীক্ষা এবং অনুসন্ধান

(১) কর ফাঁকি রোধকল্পে কমিশনার বা মহাপরিচালক এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার অধীন যেকোন ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের যাবতীয় বিষয় নিরীক্ষা এবং অনুসন্ধান করিতে পারিবেন।

(২) বোর্ড, উক্ত নিরীক্ষা এবং অনুসন্ধান কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিধি প্রণয়ন এবং অডিট ম্যানুয়্যাল প্রণয়ন ও প্রকাশ করিবে।

(৩) কমিশনার বা মহাপরিচালক কর্তৃক ক্ষমতা প্রদত্ত মূসক কর্মকর্তা [***] নিরীক্ষা এবং অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করিয়া কমিশনার বা মহাপরিচালক বরাবরে নিরীক্ষা প্রতিবেদন দাখিল করিবেন।

(৪) উপ-ধারা (৩) এ উল্লিখিত নিরীক্ষা প্রতিবেদনে, নিরীক্ষিত কর মেয়াদে করদাতার প্রদেয় করের দায়-দায়িত্ব উদঘাটিত হইলে, কমিশনার বা মহাপরিচালক উক্ত করদায় নির্ধারণ করিবেন, এবং অপরিশোধিত করের উপর প্রযোজ্য সুদ উল্লেখ করিয়া উহা আদায়ের জন্য পরবর্তী কার্যধারা গ্রহণের নিমিত্ত উহা সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট প্রেরণ করিবেন।

[(৫) ধারা ৭৩ এ যাহা কিছুই উল্লেখ থাকুক না কেন, শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে কমিশনার কর মেয়াদ সমাপ্তির ৩ (তিন) বৎসরের অধিককাল পূর্বের কোন কর মেয়াদের জন্য কোন বকেয়া কর দাবি করিতে পারিবেন না। ]

[(৬) কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিরীক্ষার জন্য নির্বাচিত হইলে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ কর্তৃক নোটিশ প্রদানের ২ (দুই) মাসের মধ্যে তিনি যাবতীয় দলিলাদি মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের নিকট দাখিল করিবেন এবং তদ্‌পরবর্তী ১ (এক) বৎসরের মধ্যে সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করিবেন:

     তবে শর্ত থাকে যে, যুক্তিসঙ্গত কারণে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে দলিলাদি দাখিলে ব্যর্থ হইলে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে ১ (এক) মাস সময় বৃদ্ধি করিতে পারিবে এবং উক্ত সময়েও দলিলাদি দাখিল করিতে ব্যর্থ হইলে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ সর্বোত্তম বিবেচনার ভিত্তিতে (Best Judgment Assessment) লিখিত কারণ উল্লেখপূর্বক নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করিতে পারিবেন। ]

   অর্থ আইন, ২০২১ এর ৫২ ধারাবলে “উক্ত অডিট ম্যানুয়াল অনুযায়ী” শব্দগুলি বিলুপ্ত।

   অর্থ আইন, ২০১৯ এর ৯২ ধারাবলে নূতন উপ-ধারা (৫) সংযোজিত।

  অর্থ আইন, ২০২৬ এর (১৩) ধারাবলে উপ-ধারা (৫) এর পর নূতন উপ-ধারা (৬) সংযোজিত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top