মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২
১[ ধারা ১২৬ - অব্যাহতি
২[ (১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন বা বিশেষ আদেশ দ্বারা, প্রজ্ঞাপনে বা বিশেষ আদেশে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে, যে কোনো পণ্য বা পণ্য শ্রেণির আমদানি বা সরবরাহ বা প্রদত্ত যে কোনো সেবাকে এই আইনের অধীন আরোপযোগ্য মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক বা আগাম কর হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে। ]
(২) বোর্ড, বিশেষ আদেশ দ্বারা, আদেশে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে কোন আন্তর্জাতিক চুক্তি বা দ্বিপক্ষীয় চুক্তি পারস্পরিক ভিত্তিতে (reciprocal basis) বাস্তবায়নের জন্য, যে কোন পণ্যের আমদানি, সরবরাহ গ্রহণ বা সেবা গ্রহণকে এই আইনের অধীনে আরোপযোগ্য মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক ৩[বা আগাম কর ] হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।
৪[***] ]
১ অর্থ আইন, ২০১৯ এর ১০১ ধারাবলে নিম্নরূপ ধারা ১২৬ এর পরিবর্তে প্রতিস্থাপিত ।
[ ধারা ১২৬ – সরকার কর্তৃক কর অব্যাহতি
(১) জাতীয় গুরুত্বপূর্ণ পরিস্থিতি মোকাবিলার নিমিত্ত তাৎক্ষণিক কার্যক্রম গ্রহণের প্রয়োজন হইলে সরকার পরবর্তী অর্থ আইন কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত নির্দিষ্ট মেয়াদের জন্য, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের অধীন আরোপযোগ্য করের আংশিক বা সমুদয় অব্যাহতি প্রদান করিতে পারিবে, তবে এই উপ-ধারার অধীন প্রদত্ত অব্যাহতি পরবর্তী অর্থ আইনে অন্তর্ভুক্ত করা না হইলে উহা স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হইবে।
(২) আন্তর্জাতিক সহায়তা ও ঋণ চুক্তিতে, উক্ত চুক্তির অধীন কোন আমদানি বা সরবরাহের উপর প্রযোজ্য করের আংশিক বা সমুদয় অব্যাহতি প্রদান করিবার বিধান অন্তর্ভুক্ত থাকিলে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের অধীন আরোপযোগ্য করের আংশিক বা সমুদয় অব্যাহতি প্রদান করিতে পারিবে, এবং
(ক) আমদানির ক্ষেত্রে: আমদানিকে অব্যাহতি প্রদান করিয়া অব্যাহতি কার্যকর করা হইবে; এবং
(খ) সরবরাহের ক্ষেত্রে: উক্ত সরবরাহটিকে বা অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিকে প্রদত্ত সরবরাহ অব্যাহতি প্রদান না করিয়া ধারা ৭১ এর অধীন ফেরৎ প্রদানের মাধ্যমে অব্যাহতি কার্যকর করা হইবে। ]
২ অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর ২ ধারাবলে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত।
[ (১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রজ্ঞাপনে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে, যে কোন পণ্য বা পণ্য শ্রেণির আমদানি বা সরবরাহ বা প্রদত্ত যে কোন সেবাকে এই আইনের অধীন আরোপযোগ্য মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক **[বা আগাম কর ] হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে। ]
** অর্থ আইন, ২০২০ এর ৭৭(ক) ধারাবলে “বা আগাম কর” শব্দগুলি “সম্পূরক শুল্ক” শব্দগুলির পর সন্নিবেশিত।
৩ অর্থ আইন, ২০২০ এর ৭৭(খ) ধারাবলে “বা আগাম কর” শব্দগুলি “সম্পূরক শুল্ক” শব্দগুলির পর সন্নিবেশিত।
৪ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৪ ধারাবলে নিম্নরূপ উপ-ধারা (৩) বিলুপ্ত।
[ (৩) বোর্ড, বিশেষ আদেশবলে প্রত্যেক ক্ষেত্রে কারণ উল্লেখপূর্বক, করযোগ্য যে কোন পণ্যের আমদানি বা সরবরাহ বা প্রদত্ত সেবাকে এই আইনের অধীনে আরোপযোগ্য মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক **[বা আগাম কর ] হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে। ]
** অর্থ আইন, ২০২০ এর ৭৭(গ) ধারাবলে “বা আগাম কর” শব্দগুলি “সম্পূরক শুল্ক” শব্দগুলির পর সন্নিবেশিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।