বিধি ৪ - সেবার ক্ষেত্রে পরিশোধ হইতে কর্তন
(১) কোনো সেবার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক কোনো নিবাসীকে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হইলে অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অর্থ পরিশোধের সময়, নিম্নোক্ত সারণী মোতাবেক উৎসে কর কর্তন করিবেন: –
সারণী
| ক্রমিক নং | সেবার বিবরণ এবং পরিশোধের পরিমাণ | হার |
|---|---|---|
| ১। | উপদেষ্টা বা পরামর্শ | ১০% |
| ২। | পেশাদার সেবা (Professional service), প্রযুক্তিগত সেবা ফি (technical services fee), বা প্রযুক্তিগত সহায়তা ফি (technical know-how or technical assistance fee) | ১০% |
| ৩। | (ক) ক্যাটারিং; (খ) ক্লিনিং; (গ) সংগ্রহ এবং পুনরুদ্ধার এজেন্সি; (ঘ) ১[ বেসরকারি নিরাপত্তা সেবা ]; (ঙ) জনবল সরবরাহ; (চ) ক্রিয়েটিভ মিডিয়া; (ছ) জনসংযোগ; (জ) ইভেন্ট পরিচালনা; (ঝ) প্রশিক্ষণ, কর্মশালা ইত্যাদি পরিচালনা; (ঞ) কুরিয়ার সার্ভিস; (ট) প্যাকিং এবং শিফটিং; (থ) একই প্রকৃতির অন্যান্য সেবা (১) কমিশন বা ফি এর উপরে (২) মোট বিল এর উপরে | ১০% ২% |
| ৪। | মিডিয়া ক্রয়ের এজেন্সি সেবা (১) কমিশন বা ফি এর উপরে (২) মোট বিল এর উপরে | ১০% ০.৬৫% |
| ৫। | ইন্ডেন্টিং কমিশন | ৮% |
| ৬। | মিটিং ফি, ট্রেনিং ফি বা সম্মানী | ১০% |
| ৭। | মোবাইল নেটওয়ার্ক অপারেটর, প্রযুক্তিগত সহায়তা সেবা প্রদানকারী ২ [***] | ১২% |
| ৮। | ক্রেডিট রেটিং এজেন্সি | ১০% |
| ৯। | মোটর গ্যারেজ বা ওয়ার্কশপ | ৮% |
| ১০। | ব্যক্তিগত কন্টেইনার পোর্ট বা ডকইয়ার্ড | ৮% |
| ১১। | শিপিং এজেন্সি কমিশন | ৮% |
| ১২। | স্টিভডোরিং/বার্থ অপারেশন কমিশন ৩[/ টার্মিনাল অপারেটর/ শিপ হ্যান্ডলিং অপারেটর] (১) কমিশন বা ফি এর উপরে (২) মোট বিল এর উপরে | ১০% ৫% |
| ১৩। | (১) পরিবহনসেবা, গাড়ি ভাড়া ৪[,ক্যারিয়িং সেবা এবং মেরামত ও রক্ষণাবেক্ষণ সেবা] (২) রাইড শেয়ারিং সেবা, ওয়ার্কিং স্পেস সরবরাহ সেবা, আবাসন সরবরাহ সেবাসহ যেকোনো প্রকার শেয়ারিং ইকনোমিক প্লাটফর্ম | ৫% |
| ১৪। | বিদ্যুত সঞ্চালনায় নিয়োজিত হুইলিং চার্জ | ৩% |
| ১৫। | ইন্টারনেট | ১০% |
| ১৬। | ৫ [মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের এজেন্ট, ডিন্ট্রিবিউটর, এজেন্সি বা চ্যানেল পার্টনার, যে নামেই অভিহিত হউক না কেন ] | ১০% |
| ১৭। | উপরে উল্লিখিত নয় এবং কোনো ব্যাংক, ইন্স্যুরেন্স, মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা অথবা আর্থিক প্রতিষ্ঠানের সেবা প্রদান নয় এমন কোনো সেবা | ১০% |
তবে শর্ত থাকে যে,যদি সারণীর ক্রমিক নং ৩ ও ৪ এ বর্ণিত উভয় ক্ষেত্রেই কমিশন বা ফি এবং মোট বিল প্রদর্শিত হয়, সেইক্ষেত্রে “ক” ও “খ” এর মধ্যে যাহা অধিক তাহা কর হিসাবে পরিশোধ করিতে হইবে, যখন:
“ক” অর্থ কমিশন বা ফি এর উপর সারণীতে প্রদত্ত সংশ্লিষ্ট কর প্রয়োগ করিয়া পরিগণিত কর; এবং
“খ” অর্থ ঙ × চ × ছ,
এইক্ষেত্রে
ঙ = গ্রস বিলের পরিমাণ
চ = ক্রম ৩ এর ১০% এবং ক্রম ৪ এর ২.৫%, এবং
ছ = কমিশন বা ফি এর ক্ষেত্রে প্রযোজ্য করের হার।
(২) যেইক্ষেত্রে কোনো আয়বর্ষে এই বিধির অধীন উৎসে কর কর্তনযোগ্য প্রাপক বা প্রাপকের আয় করমুক্ত বা হ্রাসকৃত হারে করারোপযোগ্য, সেইক্ষেত্রে উক্ত প্রাপকের আবেদনের ভিত্তিতে বোর্ড যাচাই সাপেক্ষে, ক্ষেত্রমত, এই মর্মে সনদ প্রদান করিবে যে উক্ত ব্যক্তিকে প্রদেয় কোনো অর্থ যাহা হইতে এই বিধির অধীন কর কর্তন করিতে হইবে উহা কোনো কর কর্তন ব্যতিরেকে বা হ্রাসকৃত হারে কর্তনযোগ্য।
১ এস.আর.ও. নং-২৮৩-আইন/আয়কর-১৪/২০২৩, তারিখ: ০৩ অক্টোবর, ২০২৩ দ্বারা “ব্যক্তিগত নিরাপত্তা” শব্দগুলির পরিবর্তে “বেসরকারি নিরাপত্তা সেবা” শব্দগুলি প্রতিস্থাপিত।
২ এস.আর.ও. নং-২২৪-আইন/আয়কর-৬/২০২৩, তারিখ: ১৩ জুলাই ২০২৩ দ্বারা “বা মোবাইল ব্যাংকিং কার্যক্রমে নিযুক্ত সরবরাহকারী এজেন্ট ” শব্দগুলি বিলুপ্ত , যাহা ০১ জুলাই ২০২৩ হইতে কার্যকর।
৩ এস.আর.ও. নং-২২৪-আইন/আয়কর-৬/২০২৩, তারিখ: ১৩ জুলাই ২০২৩ দ্বারা “/ টার্মিনাল অপারেটর/ শিপ হ্যান্ডলিং অপারেটর ” শব্দগুলি সন্নিবেশিত, যাহা ০১ জুলাই ২০২৩ হইতে কার্যকর।
৪ এস.আর.ও. নং-২২৪-আইন/আয়কর-৬/২০২৩, তারিখ: ১৩ জুলাই ২০২৩ দ্বারা “,ক্যারিয়িং সেবা এবং মেরামত ও রক্ষণাবেক্ষণ সেবা ” শব্দগুলি সন্নিবেশিত, যাহা ০১ জুলাই ২০২৩ হইতে কার্যকর।
৫ এস.আর.ও. নং-২২৪-আইন/আয়কর-৬/২০২৩, তারিখ: ১৩ জুলাই ২০২৩ দ্বারা “মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা অথবা তাদের চ্যানেল পার্টনারদের সার্ভিস ডেলিভারি এজেন্ট ” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত, যাহা ০১ জুলাই ২০২৩ হইতে কার্যকর।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।