Tax VAT Point

আয়কর আইন ২০২৩

তৃতীয় তফসিল - অবচয় ভাতা, নিঃশেষ ভাতা ও অ্যামর্টাইজেসন [ধারা ৪২, ৪৯ এবং ৫০ দ্রষ্টব্য]

অংশ ২ - অ্যামর্টাইজেশন পরিগণনা

১। পরিগণনা। –

এই অংশের অধীন অ্যামর্টাইজেশন ভাতা সরল রৈখিক পদ্ধতিতে পরিগণনা করিতে হইবে।

২। লাইসেন্স ফি-এর অ্যামর্টাইজেশন।-

[***] কেবল সরকার অনুমোদিত কোনো কর্তৃপক্ষের নিকট হইতে দুই বা ততোধিক বৎসর ব্যবসা পরিচালনার জন্য অনুমতি প্রাপ্তির উদ্দেশ্যে কোনো নিবাসী কোম্পানি করদাতা, লাইসেন্স ফি হিসাবে কোনো অর্থ পরিশোধ করিলে, উহা করদাতার উক্ত ব্যবসার আয় হইতে লাইসেন্সের মেয়াদের শেষ বৎসর পর্যন্ত আনুপাতিক হারে খরচ অনুমোদিত হইবে।

[]। প্রাক-প্রারম্ভিক ব্যয়ের অ্যামর্টাইজেশন।-

প্রাক- প্রারম্ভিক ব্যয়ের অ্যামর্টাইজেশনের হার ২০% (বিশ শতাংশ) হইবে।

[]। গবেষণা ও উন্নয়ন ব্যয়ের অ্যামর্টাইজেশন।-

গবেষণা ও উন্নয়ন ব্যয়ের অ্যামর্টাইজেশনের হার ১০% (দশ শতাংশ) হইবে।

[ ]। কম্পিউটার সফটওয়ার ও অ্যাপ্লিকেশনের অ্যামর্টাইজেশন।-

ব্যবহার উপযোগী কম্পিউটার সফটওয়ার ও অ্যাপ্লিকেশনের অ্যামর্টাইজেশন হার নিম্ন্নবর্ণিতভাবে অনুমোদিত হইবে, যথা:

(ক) বাংলাদেশে তৈয়ারকৃত কোনো সফটওয়ার ও অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ২০% (বিশ শতাংশ);

(খ) বাংলাদেশের বাহিরে কোনো সফটওয়ার ও অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ১০% (দশ শতাংশ)।

[  ] । অননুমোদিত ব্যয়ের অ্যামর্টাইজেশন।-

এই আইনের অধীন কর নির্ধারণকালে করদাতা কর্তৃক দাবিকৃত কোনো ব্যয় মূলধনি প্রকৃতির বলিয়া অননুমোদিত হইলে করদাতার উক্ত ব্যয় পরবর্তী করবর্ষগুলোতে ১০% (দশ শতাংশ) হারে অ্যামর্টাইজেশন ভাতা হিসাবে অনুমোদিত হইবে।

[  ] । ব্যাখ্যা। –

(১) এই অংশের উদ্দেশ্যপূরণকল্পে-

(ক) “প্রাক-প্রারম্ভিক” ব্যয় অর্থ বাণিজ্যিক কার্যক্রম শুরুর বৎসরের পূর্ববর্তী বৎসরসমূহে সম্পূর্ণ ও একান্তভাবে ব্যবসায়ের জন্য নির্বাহকৃত কিন্তু তৃতীয় তফসিলের অন্যান্য বিধানাবলির আওতায় অনুমোদিত নহে এইরূপ সকল ব্যয়কে বুঝাইবে এবং ব্যবসায়ের সম্ভাব্যতা যাচাই, মডেল বা প্রটোটাইপ নির্মাণ ও পরীক্ষামূলক উৎপাদনের ব্যয়সমূহ ইহার অন্তর্ভুক্ত হইবে, তবে কোনোভাবেই প্রকৃত ব্যয় অপেক্ষা অধিক হইবে না এবং পূর্বে কোনোভাবে অনুমোদিত হইলে পুনঃঅনুমোদিত হইবে না;

(খ) “গবেষণা ও উন্নয়ন ব্যয়” অর্থ ধারা ২ এর দফা ৩৩ এ সংজ্ঞায়িত গবেষণা ও উন্নয়ন ব্যয়; এবং

(গ) “লাইসেন্স ফি” অর্থ কোনো সেলুলার মোবাইল ফোন অপারেটর কর্তৃক পরিশোধিত স্পেক্ট্রাম এসাইনমেন্ট ফি অথবা বিশেষায়িত সেবা সরবরাহে নিয়োজিত কোনো কোম্পানির কর্মকান্ডের অবিচ্ছেদ্য অংশ হিসাবে পরিশোধিত অন্য যেকোনো লাইসেন্স ফি।

   অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১৩২(খ)(অ) ধারাবলে অনুচ্ছেদ ২ এ উল্লিখিত “(১)” সংখ্যা ও বন্ধনী বিলুপ্ত।

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১৩২(খ)(আ) ধারাবলে ‘অনুচ্ছেদ ২’ ‘অনুচ্ছেদ ৩’ হিসাবে এবং তদপরবর্তী অনুচ্ছেদসমূহ ক্রমানুসারে পুনঃসংখ্যায়িত

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top