আয়কর আইন ২০২৩
দ্বিতীয় তফসিল - অনুমোদিত তহবিলসমূহ [ধারা ২ দ্রষ্টাব্য]
অংশ ২ - অনুমোদিত আনুতোষিক তহবিল
১। অনুমোদনের শর্তাবলি।-
(১) নিম্নবর্ণিত শর্তাবলি এবং বোর্ড কর্তৃক নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে, আনুতোষিক তহবিল অনুমোদন পাইবে এবং উক্ত অনুমোদন বহাল থাকিবে –
(ক) বাংলাদেশে পরিচালিত কোনো ব্যবসা বা শিল্প স্থাপনার সূত্রে, সংশ্লিষ্ট তহবিলটি অপ্রত্যাহারযোগ্য ট্রাস্টের আওতায় প্রতিষ্ঠিত তহবিল হইবে এবং উক্ত ব্যবসা বা শিল্প স্থাপনার অন্যূন ৯০% (নব্বই শতাংশ) কর্মচারী বাংলাদেশে নিয়োগপ্রাপ্ত হইতে হইবে;
(খ) ব্যবসা বা শিল্প স্থাপনাটিতে নিয়োজিত কর্মচারীদের মধ্যে কেহ নির্ধারিত বয়সে বা তৎপরবর্তীতে অবসর গ্রহণ করিলে অথবা এইরূপ অবসর গ্রহণের পূর্বেই কাজ করিতে অক্ষম হইলে উক্ত কর্মচারীকে অথবা এইরুপ কর্মচারীর মৃত্যুর পর যদি তাহার বিধবা স্ত্রী, সন্তান অথবা পোষ্যগণ থাকে তাহাদের কল্যাণার্থে, বার্ষিক আর্থিক সহায়তা প্রদানের বিধান বর্ণিত তহবিলের একমাত্র উদ্দেশ্য হইতে হইবে;
(গ) ব্যবসা বা শিল্প স্থাপনার নিয়োগকর্তাকে তহবিলটির চাঁদা প্রদানকারী হইতে হইবে; এবং
(ঘ) তহবিল হইতে মঞ্জুরকৃত সকল সুবিধা কেবল বাংলাদেশে পরিশোধযোগ্য হইবে।
(২) ১[কর কমিশনার] যেই তারিখে লিখিতভাবে তহবিলের ট্রাস্টিকে কোনো অনুমোদন প্রদান বা উহা প্রত্যাহারের আদেশ অবহিত করিবে, সেই তারিখ হইতে উক্ত আদেশ বলবৎ হইবে।
২। অনুমোদনের পদ্ধতি।-
(১) আনুতোষিক তহবিল অনুমোদনের লক্ষ্যে সংশ্লিষ্ট তহবিলের কোনো একজন ট্রাস্টি কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে যে কমিশনারের অধীন করদাতার কর নির্ধারণ হয় সেই কমিশনার বরাবর আবেদন করিতে হইবে।
(২) অনুমোদনের জন্য দাখিলকৃত আবেদনের তারিখের পর তহবিলের বিধি, সংবিধান, উদ্দেশ্য বা শর্তসমূহে কোনো পরিবর্তন করা হইলে, আবেদনকারী তাৎক্ষণিকভাবে কমিশনারকে উক্ত সংশোধনের বিষয়ে অবহিত করিবে।
(৩) কমিশনার আবেদনপত্র, সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও তাহার নিকট থাকা দলিলাদি বিবেচনা করিবেন এবং তিনি লিখিতভাবে ট্রাস্টির নিকট অন্যান্য দলিলপত্র চাহিতে পারিবে।
(৪) আবেদনপত্র বিবেচনাকালে কমিশনার, প্রয়োজনে, আবেদনকারীকে তাহার নিকট হাজির হইবার নির্দেশ প্রদান করিতে পারিবেন।
(৫) কমিশনার আবেদনপত্র প্রাপ্তির তারিখ হইতে ১৮০ (একশত আশি) দিনের মধ্যে, লিখিত আদেশ দ্বারা, আবেদনপত্রের বিষয়ে তাহার সিদ্ধান্ত প্রদান করিবেন এবং তাহার ব্যর্থতায়, এইরূপ তহবিলের অনুমোদন প্রদান করা হইয়াছে বলিয়া বিবেচিত হইবে।
(৬) অনুমোদন মঞ্জুর হইলে, আদেশে নিম্নবর্ণিত বিষয় অন্তর্ভুক্ত হইবে –
(ক) অনুমোদনের শর্তাবলি ও যোগ্যতা;
(খ) অনুমোদন কার্যকর হইবার তারিখ;
(গ) অনুমোদন মঞ্জুরের মেয়াদ ২[যাহা ১০ (দশ) বছরের নিম্নে হইবে না ] ।
(৭) যেইক্ষেত্রে অনুমোদন কার্যকর হইবার তারিখ উল্লেখ করা না হয়, সেইক্ষেত্রে যেই তারিখে অনুমোদনের আদেশ প্রদান করা হইবে সেই তারিখ হইতে উহা কার্যকর হইবে।
(৮) কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য অনুমোদন প্রদান করা হইলে, উক্ত মেয়াদ উত্তীর্ণের পূর্বে ট্রাস্টি কর্তৃক উক্ত মেয়াদ বৃদ্ধির আবেদন করিতে হইবে।
৩। অনুমোদন প্রত্যাহার।-
(১) যদি কমিশনার বিবেচনা করেন যে, সংশ্লিষ্ট আনুতোষিক তহবিল কর্তৃক অনুচ্ছেদ ২ ও ৩ এ বর্ণিত শর্তাদি লঙ্ঘিত হইয়াছে অথবা পূরণ করা হয় নাই, তাহা হইলে কমিশনার উক্ত অনুমোদন যেকোনো সময় প্রত্যাহার করিতে পারিবেন।
(২) যেইক্ষেত্রে প্রত্যাহার কার্যকর হইবার তারিখ উল্লেখ করা না হয়, সেইক্ষেত্রে যেই তারিখে অনুমোদন প্রত্যাহারের আদেশ প্রদান করা হইবে সেই তারিখ হইতে উহা কার্যকর হইবে।
(৩) কমিশনার আবেদনকারীকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান না করিয়া অনুমোদন প্রত্যাহার করিতে পারিবেন না।
(৪) যেইক্ষেত্রে উপ-অনুচ্ছেদ (১) এর অধীন অনুমোদন প্রত্যাহার করা হয়, সেইক্ষেত্রে কমিশনার কর্তৃক নিম্নবর্ণিত বিষয় উল্লেখ করিয়া তহবিলের কোনো ট্রাস্টিকে লিখিতভাবে উহা অবহিত করিতে হইবে –
(ক) এইরুপ প্রত্যাহারের কারণ; এবং
(খ) প্রত্যাহার কার্যকর হইবার তারিখ।
(৫) যেইক্ষেত্রে কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য অনুমোদন প্রদান করা হয়, সেইক্ষেত্রে উক্ত মেয়াদ উত্তীর্ণের পর স্বয়ংক্রিয়ভাবে তাহার সমাপ্তি ঘটিবে, এবং পুনরায় অনুমোদন চাওয়া হইলে, ট্রাস্টি কর্তৃক অনুচ্ছেদ ২ এর অধীন নৃতনভাবে আবেদন করিতে হইবে ।
৪। তহবিলের আয় এবং চাঁদা সম্পর্কিত ব্যবস্থা।-
নিয়োগকর্তা কর্তৃক কোনো অনুমোদিত আনুতোষিক তহবিলে প্রদত্ত চাঁদার অর্থ, এই আইনে বর্ণিত সীমা সাপেক্ষে, তাহার কর নির্ধারণীর মাধ্যমে গণনাকৃত আয়, লাভ ও মুনাফা হইতে বাদ যাইবে।
৫। পুনঃপরিশোধিত চাঁদার ব্যবস্থাপনা।-
যেইক্ষেত্রে কোনো নিয়োগকর্তার পরিশোধিত চাঁদা (চাঁদার সুদ, যদি থাকে, অন্তর্ভুক্ত হইবে) উক্ত নিয়োগকর্তাকে পুনরায় পরিশোধ করা হয়, সেইক্ষেত্রে যে করবর্ষে নিয়োগকর্তা উক্তরূপ ফেরত প্রাপ্ত হইয়াছেন, সেই বৎসরে উক্ত ফেরত প্রাপ্ত অর্থ তাহার কর নির্ধারণীতে তাহার আয় হিসাবে পরিগণনা করা হইবে।
৬। আনুতোষিক তহবিলের জন্য যে সকল তথ্য দাখিল করিতে হইবে।-
উপকর কমিশনার নোটিশের মাধ্যমে কোনো অনুমোদিত আনুতোষিক তহবিলের ট্রাস্টি এবং কোনো অনুমোদিত আনুতোষিক তহবিলের চাঁদা প্রদান করিয়াছেন এইরূপ নিয়োগকর্তাকে নোটিশের মাধ্যমে কোনো রিটার্ন, বিবরণী, বিবৃতি অথবা তথ্যসমূহ দাখিল করিবার নির্দেশ প্রদান করিলে, উক্ত ট্রাস্টি বা নিয়োগকর্তা নোটিশে বর্ণিত সময়সীমার মধ্যে উহা উপকর কমিশনারের নিকট দাখিল করিবে।
৭। এই অংশের বিধানাবলি তহবিলের প্রবিধানের উপর প্রাধান্য পাইবে।-
যেইক্ষেত্রে আনুতোষিক তহবিলের কোনো প্রবিধানের সহিত এবং এই অংশের কোনো বিধানাবলির সহিত অসামঞ্জস্যতা দেখা দেয়, সেইক্ষেত্রে আনুতোষিক তহবিলের প্রবিধানের অসামঞ্জস্যপুর্ণ অংশটুকু অকার্যকর বলিয়া বিবেচিত হইবে এবং বোর্ড যেকোনো সময় আনুতোষিক তহবিলের প্রবিধানের অসামঞ্জস্যপুর্ণ অংশটুকু দূরীভূত করিবার নির্দেশ প্রদান করিতে পারিবেন।
৮। ব্যাখ্যা।-
এই অংশের উদ্দেশ্যপুরণকল্পে, “চাঁদা”, “কর্মচারী”, “নিয়োগকারী”, “তহবিলের প্রবিধান” এবং “বেতন” অভিব্যক্তিসমূহের অর্থ ভবিষ্য তহবিলের ক্ষেত্রে যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই একই অর্থ বুঝাইবে;
১ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১৩১(খ)(অ) ধারাবলে অনুচ্ছেদ (১) এর উপ-অনুচ্ছেদ (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “কর কমিশনার” শব্দগুলি প্রতিস্থাপিত।
২ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১৩১(খ)(আ) ধারাবলে অনুচ্ছেদ (২) এর উপ-অনুচ্ছেদ (৬) এর দফা (গ) এ উল্লিখিত “মেয়াদ” শব্দের পর “যাহা ১০ (দশ) বছরের নিম্নে হইবে না” শব্দগুলি সন্নিবেশিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।