Tax VAT Point

আয়কর আইন ২০২৩

প্রথম তফসিল - বিনিয়োগে বিশেষ করহার [ধারা ২৪ দ্রষ্টাব্য]

অংশ ১ - বিশেষ কর প্রদানের মাধ্যমে বিনিয়োগ প্রদর্শন

১। বিশেষ কর প্রদানের মাধ্যমে বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিনিয়োগ প্রদর্শন।-

(১) কোনো স্বাভাবিক ব্যক্তি বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নির্মাণ বা ক্রয়ে কোনো অর্থ বিনিয়োগ করিলে উক্ত বিনিয়োগকৃত অর্থের উৎস সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা হইয়াছে বলিয়া গণ্য হইবে, যদি উক্ত বিনিয়োগ সম্পন্ন হওয়া সংশ্লিষ্ট করবর্ষের কর নির্ধারণীর পূর্বে করদাতা নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে কর পরিশোধ করেন, যথা:- 

সারণী

ক্রমিক নংসম্পত্তির বর্ণনাকরহার
(১)(২)(৩)
ঢাকার গুলশান মডেল টাউন, বনানী, বারিধারা, মতিঝিল বাণিজ্যিক এলাকা ও দিলকুশা বাণিজ্যিক এলাকায় অবস্থিত অনধিক ২০০ (দুইশত) বর্গমিটার প্লিন্থ আয়তন (plinth area) বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্টপ্রতি বর্গ মিটারে ৪ (চার) হাজার টাকা
ঢাকার গুলশান মডেল টাউন, বনানী, বারিধারা, মতিঝিল বাণিজ্যিক এলাকা ও দিলকুশা বাণিজ্যিক এলাকায় অবস্থিত ২০০ (দুইশত) বর্গমিটারের অধিক প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্টপ্রতি বর্গ মিটারে ৬ (ছয়) হাজার টাকা
ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকা, ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি (ডিওএইচএস), মহাখালি, লালমাটিয়া হাউজিং সোসাইটি, উত্তরা মডেল টাউন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, সিদ্ধেশ্বরী, কারওয়ান বাজার, বনশ্রী, বিজয় নগর, ওয়ারী, সেগুনবাগিচা ও নিকুঞ্জ এবং চট্টগ্রামের পাঁচলাইশ, খুলশী, আগ্রাবাদ ও নাসিরাবাদ এলাকায় অবস্থিত অনধিক ২০০ (দুইশত) বর্গমিটার প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্টপ্রতি বর্গ মিটারে ৩ (তিন) হাজার টাকা
ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকা, ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি (ডিওএইচএস), মহাখালি, লালমাটিয়া হাউজিং সোসাইটি, উত্তরা মডেল টাউন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, সিদ্ধেশ্বরী, কারওয়ান বাজার, বনশ্রী, বিজয় নগর, ওয়ারী, সেগুনবাগিচা ও নিকুঞ্জ এবং চট্টগ্রামের পাঁচলাইশ, খুলশী, আগ্রাবাদ ও নাসিরাবাদ এলাকায় অবস্থিত ২০০ (দুইশত) বর্গমিটারের অধিক প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্টপ্রতি বর্গ মিটারে ৩ (তিন) হাজার ৫০০ (পাঁচশত) টাকা
ক্রমিক নং ১, ২, ৩ ও ৪ এ উল্লিখিত এলাকা ব্যতীত সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত অনধিক ১২০ (একশত বিশ) বর্গমিটার প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্টপ্রতি বর্গ মিটারে ৮০০ (আটশত) টাকা
ক্রমিক নং ১, ২, ৩ ও ৪ এ উল্লিখিত এলাকা ব্যতীত সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত ১২০ (একশত বিশ) বর্গমিটারের অধিক তবে অনধিক দুইশত বর্গমিটার প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্টপ্রতি বর্গ মিটারে ১ (এক) হাজার টাকা
ক্রমিক নং ১, ৩ ও ৪ এ উল্লিখিত এলাকা ব্যতীত সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত ২০০ (দুইশত) বর্গমিটারের অধিক প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্টপ্রতি বর্গ মিটারে ১ (এক) হাজার ৫০০ (পাঁচশত) টাকা
কোনো জেলা সদরের পৌরসভা এলাকায় অবস্থিত অনধিক ১২০ (একশত বিশ) বর্গমিটার প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্টপ্রতি বর্গ মিটারে ৩০০ (তিনশত) টাকা
কোনো জেলা সদরের পৌরসভা এলাকায় অবস্থিত ১২০ (একশত বিশ) বর্গমিটারের অধিক তবে অনধিক ২০০ (দুইশত) বর্গমিটার প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্টপ্রতি বর্গ মিটারে ৫০০ (পাঁচশত) টাকা
১০কোনো জেলা সদরের পৌরসভা এলাকায় অবস্থিত ২০০ (দুইশত) বর্গমিটারের অধিক প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্টপ্রতি বর্গ মিটারে ৮০০ (আটশত) টাকা
১১ক্রমিক নং ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০ এ উল্লিখিত এলাকা ব্যতীত অন্য কোনো এলাকায় অবস্থিত অনধিক ১২০ (একশত বিশ) বর্গমিটার প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্টপ্রতি বর্গ মিটারে ২০০ (দুইশত) টাকা
১২ক্রমিক নং ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০ এ উল্লিখিত এলাকা ব্যতীত অন্য কোনো এলাকায় অবস্থিত ১২০ (একশত বিশ) বর্গমিটারের অধিক তবে অনধিক ২০০ (দুইশত) বর্গমিটার প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্টপ্রতি বর্গ মিটারে ৩০০ (তিনশত) টাকা
১৩ক্রমিক নং ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০ এ উল্লিখিত এলাকা ব্যতীত অন্য কোনো এলাকায় অবস্থিত ২০০ (দুইশত) বর্গমিটারের অনধিক প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্টপ্রতি বর্গ মিটারে ৫০০ (পাঁচশত) টাকা

(২) এইরূপ বিনিয়োগ সম্পন্নের পূর্বে করদাতা কোনো সিটি কর্পোরেশন এলাকায় ইতোমধ্যে কোনো বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট এর মালিক হইয়া থাকিলে অথবা করদাতা দুই বা ততোধিক বিল্ডিং বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করিলে, উপ-অনুচ্ছেদ (১) এ উল্লিখিত কর হার ২০% (বিশ শতাংশ) অধিক হইবে।

[ (২ক) যেইক্ষেত্রে স্থাপনা, বাড়ি অথবা ফ্লোর স্পেস বাণিজ্যিক উদ্দেশ্যে নির্মিত হইয়াছে, সেইক্ষেত্রে উপ-অনুচ্ছেদ (১) এ উল্লিখিত করহার ১০০% (একশত শতাংশ) অধিক হইবে। ]

(৩) উপ-অনুচ্ছেদ (১) এ উল্লিখিত কর হার [ ১৫০% (একশত পঞ্চাশ শতাংশ) ] অধিক হইবে যেইক্ষেত্রে-

(ক) এইরুপ আয়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা ২১২ এর অধীন কোনো আয়, পরিসম্পদ বা ব্যয় গোপন করিবার বা কোনো আয় বা তাহার অংশবিশেষের উপর কর ফাঁকি দেওয়ার কারণে কোনো নোটিশ জারি করা হয়;

(খ) এইরুপ আয়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা [ ১৭২] এর অধীন কোনো নোটিশ জারি করা হয়; বা

(গ) এইরূপ আয়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা ৩১১ ৩১৩ এর অধীন কোনো কার্যক্রম গ্রহণ করা হয় [; ]

(ঘ) এই আইনের ধারা ২০০ এর অধীন কোনো কার্যক্রম গ্রহণ করা হইয়াছে এবং উহা চলমান রহিয়াছে; বা

(ঙ) এই আইনের অধীন করফাঁকি সংক্রান্ত কোনো কার্যক্রম চলমান রহিয়াছে। ]

(৪) এই অংশের বিধানাবলি প্রযোজ্য হইবে না যেইক্ষেত্রে এইরূপ ইমারত বা বিল্ডিং ক্রয় বা নির্মাণের জন্য বিনিয়োগকৃত অর্থ-

(ক) আপাতত বলবৎ অন্য কোনো আইনের অধীন কোনো অপরাধমূলক কার্যক্রম হইতে উদ্ভূত হয়; বা

(খ) কোনো বৈধ উৎস হইতে উদ্ভূত না হয়।

২। [***]

  অর্থ আইন, ২০২৪ এর ৮২(ক)(অ) ধারাবলে অনুচ্ছেদ (১) এর উপ-অনুচ্ছেদ (২) এর পর নিম্নরূপ নূতন উপ-অনুচ্ছেদ (২ক) সন্নিবেশিত

  অর্থ আইন, ২০২৪ এর ৮২(ক)(আ)(১) ধারাবলে উপ-অনুচ্ছেদ (৩) এ উল্লিখিত “১০০% (একশত শতাংশ)” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “১৫০% (একশত পঞ্চাশ শতাংশ)” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত

  অর্থ আইন, ২০২৪ এর ৮২(ক)(আ)(২) ধারাবলে উপ-অনুচ্ছেদ (৩) এর দফা (খ) তে উল্লিখিত “১৭১” সংখ্যাটির পরিবর্তে “১৭২” সংখ্যাটি প্রতিস্থাপিত

  অর্থ আইন, ২০২৪ এর ৮২(ক)(আ)(৩) ধারাবলে উপ-অনুচ্ছেদ (৩) এর দফা (গ) এর প্রান্তঃস্থিত “।” দাঁড়ির পরিবর্তে “;” সেমিকোলন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নূতন দফা (ঘ) ও (ঙ) সংযোজিত

  অর্থ আইন, ২০২৪ এর ৮২(খ) ধারাবলে নিম্নরূপ অনুচ্ছেদ ২ বিলুপ্ত

[ ২। অর্থনৈতিক অঞ্চল বা হাইটেক পার্কে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ কর ব্যবস্থাপনা।-

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ (২০১০ সনের ৪২ নং আইন) এর ধারা ৫ এর অধীন ঘোষিত যেকোনো অর্থনৈতিক অঞ্চলে অথবা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আইন, ২০১০ (২০১০ সনের ৮ নং আইন) এর ধারা ২২ এর অধীন ঘোষিত হাইটেক পার্কে কোনো কোম্পানি কর্তৃক ১ জুলাই, ২০১৯ তারিখ হইতে ৩০ জুন, ২০২৪ তারিখের মধ্যে (উভয় দিন অন্তর্ভূক্ত) কোনো পণ্য বা সেবা উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প স্থাপনা নির্মাণে কোনো অর্থ বিনিয়োগ করা হইলে, উক্তরুপ বিনিয়োগকৃত অর্থের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা হইবে না, যদি সংশ্লিষ্ট আয়বর্ষের জন্য রিটার্ন দাখিল করিবার পূর্বে বিনিয়োগকৃত অর্থের উপর ১০% (দশ শতাংশ) হারে কর পরিশোধ করা হয়। ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top