আয়কর আইন ২০২৩
ধারা ১৩০ক - খুচরা বিক্রেতার নিকট হইতে অগ্রিম কর সংগ্রহ
১[(১) কোনো উৎপাদনকারী, আমদানিকারক, সরবরাহকারী বা পরিবেশক বা আড়তদার তাহার উৎপাদিত বা আমদানিকৃত বা ক্রয়কৃত বা বিক্রয়ের জন্য সংগ্রহকৃত বা প্রাপ্ত পণ্য, খুচরা বিক্রেতার নিকট সরাসরি বিক্রয় বা সরবরাহের বিপরীতে উক্ত খুচরা বিক্রেতার নিকট হইতে ০.২% (শূন্য দশমিক দুই শতাংশ) হারে উৎসে অগ্রিম আয়কর সংগ্রহ করিবেন।
(২) এই ধারার অধীন সংগৃহীত কর, করদাতা হিসাবে নিবন্ধিত খুচরা বিক্রেতার জন্য অগ্রিম আয়কর হিসাবে বিবেচিত হইবে।
(৩) ‘ব্যক্তি’ সংজ্ঞার আওতাধীন সকল উৎপাদনকারী, আমদানিকারক, সরবরাহকারী বা পরিবেশক বা আড়তদার, যিনিই খুচরা বিক্রেতার নিকট পণ্য বিক্রয় করিবেন তিনিই উৎসে কর সংগ্রহে দায়বদ্ধ থাকিবেন।
(৪) উপ ধারা (১) এর পরিপালন ব্যতীত খুচরা বিক্রেতার নিকট বিক্রয় বা সরবরাহ করিবার ক্ষেত্রে অনাদায়ী করের সমপরিমাণ অর্থ উপ-ধারা (৩) এ উল্লিখিত ‘ব্যক্তি’ সংজ্ঞার আওতাধীন সকল উৎপাদনকারী, আমদানিকারক, সরবরাহকারী বা পরিবেশক বা আড়তদার নিজে পরিশোধ করিবেন এবং এই পরিশোধিত অর্থ উক্ত ব্যক্তির ব্যবসা বা পেশা হইতে আয় নিরূপণকালে অনুমোদনযোগ্য বিয়োজন হিসাবে গণ্য হইবে।
ব্যাখ্যা।— এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, “আড়তদার” অর্থ এইরূপ ব্যক্তি যিনি অন্যের পণ্য নিজের আড়ত বা গুদামে রাখিয়া বিক্রয়ের ব্যবস্থা করেন এবং ইহার বিনিময়ে কমিশন বা মুনাফা প্রাপ্ত হন। ]
১ অর্থ আইন, ২০২৬ এর ৭৮ ধারাবলে নূতন ধারা ১৩০ক সন্নিবেশিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।