মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২
১[ ধারা ৩৩ - করযোগ্য সরবরাহের উপর মূসক প্রদানকাল
(১) কোন করযোগ্য সরবরাহের উপর আরোপিত মূসক নিম্নবর্ণিত কার্যাবলির মধ্যে যাহা সর্বাগ্রে ঘটে, উহা সংঘটিত হইবার সময় প্রদেয় হইবে, যথা:-
(ক) যখন সরবরাহ প্রদান করা হয়;
(খ) যখন সরবরাহ সংক্রান্ত চালানপত্র ইস্যু করা হয়;
(গ) যখন পণের আংশিক বা সমুদয় গ্রহণ করা হয়; এবং
(ঘ) যখন কোন সরবরাহ ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয় বা অন্যের ব্যবহারের জন্য প্রদান করা হয়।
(২) কোন সরবরাহ আনুক্রমিক (Progressive) বা পর্যাবৃত্ত (Periodic) সরবরাহ হিসাবে বিবেচিত হইলে উহার উপর আরোপিত মূসক নিম্নবর্ণিত কার্যাবলির মধ্যে যাহা সর্বাগ্রে ঘটে, উহা সংঘটিত হইবার সময় প্রদেয় হইবে, যথা:-
(ক) যখন উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে পৃথক চালানপত্র ইস্যু করা হয়;
(খ) যখন উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে প্রাপ্য পণের আংশিক বা সমুদয় গ্রহণ করা হয়; এবং
(গ) যখন ২[আনুক্রমিক ] সরবরাহের বিপরীতে মূল্য প্রদেয় হয়।
(৩) উপ-ধারা (২) এর বিধান সত্ত্বেও বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে পানি, গ্যাস, জ্বালানী তৈল বা বিদ্যুৎ এর আনুক্রমিক বা পর্যাবৃত্তিক সরবরাহ করা হইলে, যে তারিখে উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে চালানপত্র ইস্যু করা হয়, উক্ত তারিখ হইতে ৩[৯০ (নব্বই)] দিনের মধ্যে প্রদেয় মূসক পরিশোধ করিতে হইবে। ]
১ অর্থ আইন, ২০১৯ এর ৭২ ধারাবলে নিম্নরূপ ধারা ৩৩ এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ধারা ৩৩- করযোগ্য সরবরাহের উপর মূসক প্রদানকাল।-
(১) কোন করযোগ্য সরবরাহের উপর আরোপিত মূসক নিম্নবর্ণিত কার্যাবলীর মধ্যে যাহা সর্বাগ্রে ঘটে, উহা সংঘটিত হওয়ার সময় প্রদেয় হইবে, যথা:-
(ক) যখন সরবরাহ প্রদান করা হয়;
(খ) যখন সরবরাহ সংক্রান্ত চালানপত্র ইস্যু করা হয়; বা
(গ) যখন পণের আংশিক বা সমুদয় গ্রহণ করা হয় ।
(২) পৃথক সরবরাহের অনুক্রম হিসাবে বিবেচিত আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহের উপর আরোপিত মূসক নিম্নবর্ণিত কার্যাবলীর মধ্যে যাহা সর্বাগ্রে ঘটে, উহা সংঘটিত হওয়ার সময় প্রদেয় হইবে, যথা:-
(ক) যখন উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে পৃথক চালানপত্র ইস্যু করা হয়;
(খ) যখন উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে প্রাপ্য পণের আংশিক বা সমুদয় গ্রহণ করা হয়;
(গ) যখন অনুক্রম সরবরাহের বিপরীতে মূল্য প্রদেয় হয়; বা
(ঘ) যে কর মেয়াদের সহিত প্রদেয় পণ সংশ্লিষ্ট সেই কর মেয়াদের প্রথম দিন, যদি উক্ত সময়ে প্রদেয় পরিমাণ নিশ্চিত হওয়া যায় ।
(৩) উপ-ধারা (২) এর বিধান সত্ত্বেও বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে কোন পণ্য (যেমনঃ পানি, গ্যাস, তৈল বা বিদ্যুৎ) বা সেবার আনুক্রমিক বা পর্যাবৃত্তিক সরবরাহ করা হইলে, যে তারিখে উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে চালানপত্র ইস্যু করা হয়, উক্ত তারিখ হইতে ৯০ (নব্বই) দিনের মধ্যে আরোপিত মূসক পরিশোধ করিতে হইবে । ]
২ অর্থ আইন, ২০২৪ এর ৫ ধারাবলে “অনুক্রম” শব্দের পরিবর্তে “আনুক্রমিক” শব্দ প্রতিস্থাপিত।
৩ অর্থ আইন, ২০২০ এর ৬০ ধারাবলে “৬০(ষাট)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে “৯০(নব্বই)” সংখ্যা, বন্ধনী ও শব্দ প্রতিস্থাপিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।