Tax VAT Point

বিধি ৮ – বিবিধ

(ক) যেকোনো পণ্য বা সেবা সরবরাহকারী আমদানিকৃত পণ্য সরবরাহ করিলে আমদানি পর্যায়ে আগাম কর পরিশোধ করিবেন এবং দাখিলপত্র প্রদানকালে ফরম মূসক ৯.১ এর অংশ-৬: হ্রাসকারী সমন্বয় (মূল্য সংযোজন কর) এ প্রদর্শন করে সমন্বয় গ্রহণ করিতে পারিবে।

(খ) কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানসমূহের শাখা/ বিক্রয়কেন্দ্র তাহাদের কেন্দ্রীয় দপ্তরের মাধ্যমে উৎসে কর্তিত মূসক জমা প্রদান করিবে।

(গ) “যোগানদার” অর্থ কোটেশন বা দরপত্র বা অন্যবিধভাবে কোনো মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর, আধা-সরকারি বা স্বায়ত্বশাসিত কোনো সংস্থা, রাষ্ট্রীয় মালিকানাধীন কোন প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ, পরিষদ বা অনুরূপ কোন সংস্থা, এনজিও বিষয়ক ব্যুরো বা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত কোন বেসরকারি প্রতিষ্ঠান, কোন ব্যাংক, বীমা কোম্পানি বা অনুরূপ আর্থিক প্রতিষ্ঠান, কোন মাধ্যমিক বা তদূর্ধ্ব পর্যায়ের [ শিক্ষা প্রতিষ্ঠান এবং কোনো লিমিটেড কোম্পানির ] এর নিকট পণের বিনিময়ে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ ব্যতীত যে কোন পণ্য বা সেবা বা উভয়ই সরবরাহ করেন এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা। সুতরাং, উৎপাদক, সেবাপ্রদানকারী ও ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য সকল ব্যক্তি যাহারা অন্য কোনো আমদানিকারক, উৎপাদক,ব্যবসায়ী বা সেবাপ্রদানকারীর নিকট হইতে প্রথম তফসিল দ্বারা অব্যাহতিপ্রাপ্ত নহে এমন কোনো পণ্য বা সেবা ক্রয় বা সংগ্রহ করিয়া উৎসে কর্তনকারী সত্তার নিকট সরবরাহ করে, কেবলমাত্র তাহারাই যোগানদার হিসাবে বিবেচিত হইবে। উল্লেখ্য, যেইসকল সেবার সুনির্দিষ্ট সংজ্ঞা রহিয়াছে সেই সকল সেবা যোগানদার হিসাবে গণ্য হইবে না।

(গ) একটি সরবরাহের মধ্যে একাধিক উপাদান থাকিলে উৎসে মূসক কর্তন নিয়ে জটিলতার সৃষ্টি হয়। এইরূপ ক্ষেত্রে টেন্ডার, কোটেশন বা বিলে সরবরাহের উপাদানসমূহ ও প্রতিটি উপাদানের বিপরীতে মূল্য আলাদা আলাদাভাবে উল্লেখ করিতে হইবে এবং প্রতিটি উপাদানের উপর প্রযোজ্য হারে সমুদয় মূসক উৎসে কর্তন করিতে হইবে।

(ঘ) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ কার্যকর হইবার পূর্বে চুক্তিবদ্ধ কিন্তু মূল্য পরিশোধিত হয় নাই এমন সরবরাহের ক্ষেত্রে পরিশোধকালীন সময়ে প্রযোজ্য বিধান প্রযোজ্য হইবে ।

  এস.আর.ও. নং-২৩৫-আইন/২০১৯/৭১-মূসক, তারিখ: ৩০ জুন, ২০১৯ দ্বারা বিধি-৮ এর দফা (গ) এ উল্লিখিত “শিক্ষা প্রতিষ্ঠান, কোনো লিমিটেড কোম্পানি এবং ১ (এক) কোটি টাকার অধিক টার্নওভারযুক্ত প্রতিষ্ঠান এর” শব্দসমূহ, সংখ্যা ও চিহ্নের পরিবর্তে “শিক্ষা প্রতিষ্ঠান এবং কোনো লিমিটেড কোম্পানির” শব্দসমূহ প্রতিস্থাপিত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top