Tax VAT Point

বিধি ৩ – যে সব ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে

[ (১) সকল নিবন্ধিত সরবরাহকারী কর্তৃক টেন্ডার, চুক্তি, কার্যাদেশ বা অন্যবিধভাবে অব্যাহতি প্রাপ্ত বা শূন্যহার বিশিষ্ট নহে এইরূপ পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে উৎসে কর্তনকারী সত্তা উক্ত সরবরাহকারীর নিকট পরিশোধযোগ্য পণ হইতে নিম্নরূপে মূসক উৎসে কর্তন করিবে, যথা:-

(ক) সরবরাহকারী ১৫ (পনেরো) শতাংশ হারে মূসক আরোপিত রহিয়াছে এইরূপ কোনো পণ্য বা সেবা, উক্ত হার উল্লেখপূর্বক ফরম মূসক-৬.৩ (কর চালানপত্র) এর মাধ্যমে সরবরাহ করিলে, সেইক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না;

(খ) সরবরাহকারী হ্রাসকৃত হারে মূসক বা সুনির্দিষ্ট কর আরোপিত রহিয়াছে এইরূপ পণ্য বা সেবা, ফরম মূসক- ৬.৩ (কর চালানপত্র) এর মাধ্যমে সরবরাহ করিলে, উৎসে কর্তনকারী সত্তা পরিশোধযোগ্য পণ হইতে সমুদয় মূসক বা সুনির্দিষ্ট কর উৎসে কর্তন করিবে। ]

(২) বাংলাদেশের ভৌগোলিক সীমানার বাহির হইতে বাংলাদেশে কোনো সেবা গ্রহণের ক্ষেত্রে ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান (যাহারা বিল পরিশোধের সাথে সম্পৃক্ত থাকিবে, এমন প্রতিষ্ঠান) প্রযোজ্য হারে সমুদয় মূসক উৎসে কর্তন করিবে।

(৩) উৎসে মূসক কর্তনযোগ্য কোনো সেবা ক্রয়ের বিপরীতে যদি ক্রেতার ব্যাংক অভ্যন্তরীণ ঋণপত্র বা অন্য কোনো মাধ্যমে ক্রেতার পক্ষে মূল্য পরিশোধ করে, তাহা হইলে উক্ত ব্যাংক ক্রেতার পক্ষে প্রযোজ্য সমুদয় মূসক উৎসে কর্তন এবং সরকারী কোষাগারে জমা প্রদান করিবে।

(৪) সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় কর্তৃপক্ষ লাইসেন্স প্রদান বা নবায়নকালে উক্তরূপ সুবিধা গ্রহণকারী ব্যক্তির নিকট হইতে প্রাপ্ত সমুদয় অর্থের উপর ১৫ (পনেরো) শতাংশ হারে উৎসে মূসক কর্তন করিতে হইবে। তাছাড়া, প্রদত্ত লাইসেন্স, রেজিস্ট্রেশন,পারমিটে উল্লিখিত শর্তের আওতায় রাজস্ব বন্টন (Revenue sharing), রয়্যালটি, কমিশন, চার্জ, ফি বা অন্যকোনভাবে প্রাপ্ত সমুদয় অর্থের উপর ১৫ (পনেরো) শতাংশ হারে উৎসে মূসক কর্তন করিতে হইবে।

(৫) “স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী” সেবার ক্ষেত্রে ভাড়া গ্রহণকারী কর্তৃক ভাড়ার উপর ১৫ (পনেরো) শতাংশ হারে সমূদয় মূসক কর্তন করিবে।

  এস.আর.ও. নং-২৩৫-আইন/২০১৯/৭১-মূসক, তারিখ: ৩০ জুন, ২০১৯ দ্বারা নিম্নরূপ উপ-বিধি (১) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ (১) উৎসে কর্তনকারী সত্তা ব্যতীত সকল নিবন্ধিত সরবরাহকারী কর্তৃক টেন্ডার, চুক্তি বা কার্যাদেশের অধীন ১০ (দশ) হাজার টাকার উর্ধ্বে অব্যাহতি প্রাপ্ত বা শূন্যহার বিশিষ্ট নহে এইরূপ পণ্য বা সেবা সরবরাহ করিলে উৎসে কর্তনকারী সত্তা উক্ত সরবরাহকারীর নিকট পরিশোধযোগ্য পণ হইতে নিম্নরূপে মূসক উৎসে কর্তন করিবে,যথা:-

(ক) সরবরাহকারী ১৫ (পনেরো) শতাংশ হারে মূসক আরোপিত রহিয়াছে এমন কোনো পণ্য বা সেবা ফরম মূসক-৬.৩ কর চালানপত্রের মাধ্যমে সরবরাহ করিলে উৎসে কর্তনকারী সত্তা পরিশোধযোগ্য পণ হইতে ১৫ (পনের) শতাংশ মূসকের এক তৃতীয়াংশ উৎসে কর্তন করিবে;

(খ) সরবরাহকারী হ্রাসকৃতহারে মূসক বা সুনির্দিষ্ট কর আরোপিত রহিয়াছে এমন পণ্য বা সেবা ফরম মূসক-৬.৩ কর চালানপত্রের মাধ্যমে সরবরাহ করিলে উৎসে কর্তনকারী সত্তা পরিশোধযোগ্য পণ হইতে সমুদয় মূসক বা সুনির্দিষ্ট কর উৎসে কর্তন করিবে। ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top